বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নে ভূমিকা রাখছেন প্রবাসী নারীকর্মীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ফজিলা খাতুন আগে ঢাকায় এক বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এতে তার আয় ছিল যৎসামান্যই। আর এখন জর্ডানের একটি গার্মেন্টেসে চাকরি করে তিনি প্রতি মাসে আয় করেন প্রায় ৪০ হাজার টাকা। তার এ আয় দিয়ে বাংলাদেশে ফজিলার পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে।

 

শুধু ফজিলা নয়, তার মত আরো শত শত নারী শ্রমিক জর্ডানের পোশাখ কারখানায় কাজ করেন বলে তিনি জানান। এভাবে বিশ্বের বিভিন্ন দেশে ফজিলার মত লাখ লাখ নারী কর্মরত রয়েছেন এবং তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞরা মত দেন।

দু’সন্তানের জননী ফজিলা খাতুন এক বছর আগে ঢাকায় যে বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন সেই গৃহকত্রী পারভীনের সাথে প্রায় মোবাইলে তার কথা হয়। তিনি তার বর্তমান-অতীতের সুখ-দুঃখের নানা কথা বিভিন্ন সময় গৃহকত্রী পারভিনকে বলেছেন। বিদেশে ফজিলা খুব ভাল আছে, সুখে আছে তার পরিবারের সদস্যরাও। যে বেতন-ভাতা পায় তা দিয়ে খুব ভালভাবে পরিবার-পরিজনদের আশা পুরণ করতে পারেন ফজিলা।

তার মত বাংলাদেশের আরো শত শত নারী জর্ডানে কর্মরত রয়েছেন। নতুন বছরে ফোন করে বেশ আনন্দের সাথে ফজিলা জানান, বর্তমান সরকারের দক্ষতা ও প্রবাসী কর্মসংস্থান নীতিমালার সফলতার কারণে তারা বিদেশে এখনও নানা সুফল ভোগ করছেন।

গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে এক লাখ নয় হাজারের বেশি নারী কর্মী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে গেছেন। স্বাধীনতার পর এই সংখ্যা সর্বোচ্চ। পুরুষের পাশাপাশি নারীরাও এখন গড়ছেন দেশের অর্থনৈতিক ভিত্তি। নারীর ক্ষমতায়নেও এটি এক বিশাল অগ্রযাত্রা বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

প্রবাসে বাংলাদেশী নারী শ্রমিকের সংখ্যা ক্রমেই বাড়ছে। সৌদি আরব, জর্ডান, লবাননে যাচ্ছেন বাংলাদেশের নারীরা। কাতারও নারী কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাছাড়া এখন নারীদের বিদেশে যেতে কোনো খরচ হচ্ছে না। নিয়োগকর্তারাই টাকা দিয়ে দিচ্ছেন। কাজেই দালালদের কথা না শুনে যারা বিদেশে যেতে চান, তারা সরাসরি রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেই যেতে পারেন। আর নারী কর্মীদের এখন যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হয়। ফলে তারা অনেক দক্ষ হয়ে উঠছেন।

চলতি বছর সবচেয়ে বেশি সংখ্যক ৬২ হাজার ৯১৬ নারী কর্মী গেছেন সৌদি আরবে। এ ছাড়া ২০ হাজার ৭৬৩ জন জর্ডানে, ওমানে ১১ হাজার ৮৭৫, কাতারে পাঁচ হাজার ৭৩, সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার ৭৪৫ এবং লেবাননে হাজার ৩১৬জন নারী কর্মী গেছেন।

অভিবাসন বিশেষজ্ঞরা নারীদের বিদেশে কর্মসংস্থানকে ইতিবাচক উল্লেখ করে বলেছেন, নারীরা যদি বিদেশে যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ নেন এবং একটু সতর্ক ও সচেতন থাকেন, তবেই সব ধরণের ঝুঁকি এড়ানো সম্ভব। এ ক্ষেত্রে দূতাবাস ও সরকারের নজরদারির কথাও বলছেন তারা। গৃহকর্মীর পাশাপাশি নার্সসহ বিভিন্ন খাতে নারী কর্মী পাঠানোর সময় এসেছে বলেও মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৯১ সালে বিদেশে নারীদের কর্মসংস্থান শুরু হয়। ওই বছর মাত্র দুই হাজার ১৮৯ জন নারী বিদেশে গিয়েছিলেন। ২০১৩ সালে এ সংখ্যা প্রথমবারের মতো বছরে ৫০ হাজার ছাড়িয়ে যায়। আর ২০১৫ সালে এক লাখ তিন হাজার ৭১৮জন নারীকর্মী বিদেশ গেছেন।

বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সব মিলিয়ে পাঁচ লাখ ৬৪ হাজার ৭৫৬জন নারী বিদেশে চাকরি নিয়ে গেছেন। মূলত সৌদি আরব, আরব আমিরাত, লেবানন ও জর্ডানেই গেছেন তারা।

বাংলাদেশ মহিলা অভিবাসী শ্রমিক অ্যাসোসিয়েশনের (বমসা) পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, নারীকর্মীদের বিদেশে যাওয়া খুবই ইতিবাচক। প্রবাসে কর্মরত পুরুষ কর্মীরা অনেক সময় কিছু টাকা বিদেশে খরচ করে কিছু টাকা দেশে পাঠান। কিন্তু একজন নারীকর্মী প্রবাসে তাঁর আয়ের পুরোটাই দেশে পাঠায়।

এদিকে, নারীকর্মীদের বিদেশে চাকরিসংক্রান্ত যাবতীয় বিষয়ে তথ্য দেয়ার জন্য বিএমইটি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে বিএমইটি ভবনে ‘নারী অভিবাসী তথ্যকেন্দ্র’ স্থাপন করা হয়েছে। সেখানে গিয়েও রিক্রুটিং এজেন্সির খোঁজ, ভিসা পরীক্ষা এবং অন্য যেকোনো তথ্যের জন্য নারীরা যোগাযোগ করতে পারেন বলে বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা জানান।

সাবেহা খাতুন ১৫ বছর ধরে কুয়েতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। সম্প্রতি এক মাসের ছুটিতে তিনি দেশে এসেছেন। গত মাসে ঢাকায় একটি জাতীয় অনুষ্ঠানে তিনি তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমার মালিক ভালো, তাই খুব একটা অসুবিধা হয়নি কাজ করতে গিয়ে।’

বিশেষজ্ঞরা জানান, দেশ স্বাধীনের পর বিভিন্ন সময়ে নারীর অবস্থানগত উন্নতির জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সূচকে এর পরিবর্তন এসেছে। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। এই বিপুল জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই যে সম্ভব নয়, এ কথা আমরা সবাই বিশ্বাস করি। তাই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে নারীপুরুষের যে সমতার কথা বলা হয়, কর্মক্ষেত্রেও সেই সমতা বিধানের বিকল্প নেই।

বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে ২০১০-এর তথ্যমতে, দেশে মোট পাঁচ কোটি ৪১ লাখ শ্রমিক বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এর মধ্যে নারীর সংখ্যা এক কোটি ৬২ লাখ। এছাড়া সরকারিভাবে দেশের মোট জাতীয় উৎপাদনে (জিডিপি) নারীর অবদান ২০ শতাংশ। নারীরা যে গৃহস্থালি কর্মকাণ্ড করেন, তার অর্থমূল্য আনুমানিক আড়াই লাখ কোটি টাকা। সে হিসাবে জিডিপিতে নারীর অবদান দাঁড়ায় ৪৮ শতাংশ। ফলে অর্থনীতিতে নারীদের গুরুত্ব বেশ তাৎপর্যপূর্ণ।

বিদেশে বাংলাদেশেও নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রটি প্রসারিত হচ্ছে। তাই অর্থনৈতিক, সামাজিক অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারীদের বিদেশে চাকরি সহজ করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ১৬০ দেশে প্রায় ৯০ লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিকও রয়েছেন। মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৯ থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরে ২৪ লাখ ৫১ হাজার ৯৩জন কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে এক লাখ ৭৪ হাজার ২১৩জন নারী কর্মী।

জনশক্তি ব্যুরোর মতে, ২০১৩ সালে যেখানে ৫৬ হাজার ৪০০ নারী কাজের উদ্দেশে বিদেশে গেছেন, সেখানে ২০১৪ সালে গেছেন ৭৬ হাজার ৭ জন। গত ছয় বছরে নারীদের বিদেশ গমনের হার প্রায় ছয় গুণ বেড়েছে। সম্প্রতি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের চাকরির বাজার উন্মুক্ত হওয়ায় এ সংখ্যা আরো দ্রুত বাড়বে এমনটিই আশা করা হচ্ছে। এটা সত্যিই বাংলাদেশের জন্য সুখবর।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পাঁচ লাখের কিছু কম নারী বিদেশে শ্রমিক হিসেবে গেছেন। তাদের বেশির ভাগ ওমান, লেবানন, সিঙ্গাপুর, জর্ডান, সৌদি আরব, মরিশাস ও হংকংয়ে কাজ করছেন। তবে বর্তমানে লেবাননে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশী নারী শ্রমিক রয়েছেন।

এ জাতীয় আরও খবর