‘ত্যাগী ছাত্রলীগ কর্মীদের মূল্যায়ন করুন’
নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগে অনুপ্রবেশকারী ও বিতর্কিত নেতাদের বাদ দিয়ে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধা দিয়ে ছাত্রলীগকে বিশ্বজয় করতে হবে। অনুপ্রবেশকারী, পরগাছামুক্ত ছাত্রলীগ চাই। নেত্রীকে বিতর্কিত করবেন না। ছাত্রলীগে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করুন। ছাত্রলীগে ভাগাভাগির নিয়ম বাদ দেয়ার অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, নতুন বছরে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। আমাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে দুর্নিবার গতিতে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। সাম্প্রদায়িক উগ্রবাদ শক্ত হাতে দমন করার ঘোষণা দেন তিনি।
স্বাধীনতার ৪৫ বছর পরও বঙ্গবন্ধু বাংলার কালজয়ী কল্লোল- একথা উল্লেখ করে তিনি বলেন, আজকে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের স্বতঃস্ফুর্ত উপস্থিতি প্রমাণ করে আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়েও বলব আমরা ছাত্রলীগ।
স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সততার মডেল, রাজনৈতিক মডেল উল্লেখ করে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।
এদিকে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি জনবিচ্ছিন্ন।
ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আ. সোবাহান গোলাপ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ওবায়দুল কাদের। পরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে আনন্দ র্যালি বের হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে ছাত্রলীগ প্রস্তুত। ছাত্রলীগ অতীতের মতো ভবিষ্যতে দেশের জন্য লড়াই করতে প্রস্তুত। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রস্তুত। ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়নে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত ছাত্রলীগ। ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। বিশ্বের বুকে ছাত্রলীগ যুগ যুগ ধরে বেঁচে থাকবে ঐতিহ্যের সাথে- এমনটিই আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করতে ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে ছাত্রলীগের মেধাবী নেতাকর্মীরা সদা প্রস্তুত। শেখ হাসিনার নেতৃত্বে চলতি বছরই বাংলাদেশকে নিরক্ষরমুক্ত ঘোষণা করা হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটি প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলার স্বাধীনতা ও বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে।











