মন্ত্রী-এমপিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত গোয়েন্দারা
নিউজ ডেস্ক : গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। শনিবার রাতে লিটনের মৃত্যুর খবর পাওয়ার পর এ নির্দেশ দেন তিনি। কারা তাকে হত্যা করল, কেন মারল তার কারণ খুঁজতেও বলেছেন। এদিকে লিটন হত্যাকাণ্ডের পর মন্ত্রী-এমপিদের নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বলেছেন, লিটন হত্যার ঘটনা নতুন অধ্যায় মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. কামালউদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেছেন, লিটন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। পুরো পরিস্থিতির ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক দৃষ্টি রাখছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, লিটন হত্যার ঘটনা খুবই গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা। কী কারণে কারা তাকে হত্যা করল সে বিষয়ে নানা বিশ্লেষণ করছে র্যাব-পুলিশ। এটা জঙ্গিবাদের ঘটনা, নাকি স্থানীয় অভ্যন্তরীণ রাজনীতির কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে র্যাব-পুলিশ ও গোয়েন্দারা। লিটনের নিরাপত্তায় কোনো ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর আর কোনো এমপি কিংবা মন্ত্রী যেন সন্ত্রাসীদের টার্গেটে পরিণত না হয় সেদিকটা গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ হেডকোয়ার্টার্স।
সূত্র জানায়, প্রতিটি জেলার এমপিদের নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে ৬৪ জেলার পুলিশ সুপারকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক এমপির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। কোনো মন্ত্রী-এমপি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে একাধিক গোয়েন্দা সংস্থা। ইতিপূর্বে যেসব মন্ত্রী-এমপিকে হত্যার টার্গেট করে জঙ্গিদের পক্ষ থেকে উড়োচিঠি দেওয়া হয়েছিল, তাদের নিরাপত্তায় নজরদারি বাড়াতে গোয়েন্দাদের পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে।
তামিম চৌধুরীর নেতৃত্বাধীন নব্য ধারার জঙ্গি সংগঠন গুলশান হামলার আগে একজন মন্ত্রীকে হত্যার টার্গেট করেছিল। এ খবর পাওয়ার পর ওই মন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এরপর আর ওই মন্ত্রীর ওপর আক্রমণ করতে পারেনি নব্য ধারার জেএমবি।
লিটন হত্যার পর গতকাল অধিকাংশ জেলার পুলিশ সুপার তাদের জেলার বিভিন্ন সংসদীয় আসনের সাংসদদের সঙ্গে কথা বলে নিরাপত্তায় কোনো ঘাটতি রয়েছে কিনা তা জেনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। দৈ.আ.স











