বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দাপট

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্লেষকদের কলাম অথবা পাঁড় ভক্তের ফেসবুক বা টুইটার। গোটা বছর জুড়েই তর্কটা চলল—কে সেরা? বিরাট কোহলি, স্টিভেন স্মিথ নাকি জো রুট। বছর শেষ হয়ে গেছে। কিন্তু তর্কটার সুরাহা হয়নি এখনো। আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাকি দুজনকে পেছনে ফেলে স্মিথ শীর্ষে। কিন্তু পরিসংখ্যানের ভিত্তিতে এই শ্রেষ্ঠত্ব কোহলি-ভক্তরা মানবেন কেন!

তাদের চোখে সময়ের সেরা ব্যাটসম্যানের মুকুট ভারতের টেস্ট অধিনায়কেরই প্রাপ্য। তাদের দাবি শুধুই যে অন্ধ ভালোবাসা থেকে তাও অবশ্য বলা যাবে না। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ একটি টেস্ট সিরিজ শেষ করেছেন। ক্রিকেটের তিন সংস্করণ মিলে গত বছরে সর্বোচ্চ রানও তাঁর।

২০১৬ সালে ৩৭ ম্যাচে ২৫৯৫ রান করেছেন কোহলি। ৭টি সেঞ্চুরি আর ১৩টি ফিফটি আছে তাঁর। এক বর্ষপঞ্জিতে ২৫০০ কিংবা তারও বেশি আন্তর্জাতিক রানের কীর্তি আছে মাত্র দশজনের। কোহলি তাঁদেরই একজন হয়ে গেছেন এ বছর। দুজন এই কীর্তি দুবার করে করেছেন বলে মোট ১২ বার হয়েছে। তবে এঁদের মধ্যে কোহলি খেলেছেন সবচেয়ে কম ইনিংস। ২০০৫ সালে ২৮৩৩ রান করেছিলেন রিকি পন্টিং, কিন্তু খেলেছিলেন ৫৮ ইনিংস। পন্টিংয়েরটাই এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড।

রানে কোহলির পরেই আছেন জো রুট। তবে রুটের ২৫৭০ রান ৫৫ ইনিংসে। ৫১ ইনিংসে ২৪০৬ রান স্টিভ স্মিথের। ৫২ ইনিংসে ২৩৭৪ রান করেছেন ডেভিড ওয়ার্নার। ৪৬ ইনিংসে ১৮৩৬ রান করা কেন উইলিয়ামসনকে দিয়ে পূর্ণ হয়েছে গত বছর সবচেয়ে বেশি রান করা পাঁচজনের তালিকা। সেঞ্চুরিতে ওয়ার্নারই অবশ্য এগিয়ে (৯টি)। এর সাতটি সেঞ্চুরিই ওয়ানডেতে।

গত বছর টেস্টে সর্বোচ্চ রান রুটের। সময়ের অন্যতম নিখুঁত ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান করেছেন ১ হাজার ৪৭৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৪৭০ রানও ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের রান ছিল ১ হাজার ২৭০। টেস্টে ইংল্যান্ডের এত আধিপত্যের অন্যতম কারণ এ বছর ১৭টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। টেস্টে রান সংগ্রহের দিক থেকে চার নম্বরে আছেন কোহলি। ১২ ম্যাচে ৪টি সেঞ্চুরি আর দুটি ফিফটিসহ ৭৫.৯৩ গড়ে ১ হাজার ২১৫ রান তাঁর।

যতটা সীমিত ওভারের ক্রিকেটের ব্যাটসম্যান, ততটা টেস্টের নন—এই অপবাদ অনেক দিন ধরেই বয়ে বেড়াতে হয়েছে কোহলিকে। তবে এ বছর এটা মুছে ফেলেছেন টেস্টে তিন-তিনটি ডাবল সেঞ্চুরি করে। ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছেন, প্রতিপক্ষ বোলারদের তিনি যে শুধু পিটিয়ে ছাতুই বানাতে পারেন তা নয়। দলের প্রয়োজনে ধৈর্যশীল ইনিংসও খেলতে পারেন। ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৮ ইনিংসে ১০৯.১৬ গড়ে করেছেন ৬৫৫ রান।

কোহলির ব্যাটে রানের ফোয়ারা ছিল সীমিত ওভারের ক্রিকেটেও। তবে ভারত এ বছর ওয়ানডে খেলেছেই কম। ওয়ানডেতে গত বছরটা আসলে স্বপ্নের মতো কেটেছে ওয়ার্নারের।

অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ওপেনার সাতটি সেঞ্চুরি ও চারটি ফিফটিসহ করেছেন ১ হাজার ৩৮৮ রান। ১ হাজার ১৫৪ রান নিয়ে তাঁর পরেই আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। ১৭ ম্যাচে ৮৫৭ রান করে তিনে আছেন দক্ষিণ আফ্রিকার ডি কক। এরপর ছিলেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি (৮০৮)। রুট ১৫ ওয়ানডেতে করেছেন ৭৯৬ রান। সেরা পাঁচে নয়; ৭৩৯ রান করে কোহলি আছেন সাত নম্বরে।

তবে গত বছর কোহলি ওয়ানডে খেলেছেন ১০টি। সেখানে ওয়ার্নার খেলেছেন ২৩টি। ভারতের মনোযোগ ছিল টেস্টে। টি-টোয়েন্টিতে আবার সর্বোচ্চ রান কোহলিরই। ১৫ ম্যাচে ১০৬.৮৩ গড়ে ৬৪১ রান করেছেন।

রবিচন্দ্রন অশ্বিন: একটুর জন্য উইকেট পাওয়ার সেঞ্চুরি করতে পারেননি ভারতের অফ স্পিনারআফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ ১৫ ম্যাচে করেছেন ৫২০ রান। ১৮ টি-টোয়েন্টিতে রোহিত শর্মার রান ৪৯৭। এর পরেই ৪৬৩ রান নিয়ে চারে আছেন বাংলাদেশের সাব্বির রহমান। ১১ টি-টোয়েন্টি খেলে ৪৩৫ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। গত বছর টি-টোয়েন্টিতে ৮টি সেঞ্চুরি হয়েছে। একটি করেছেন তামিম ইকবাল।

বোলিং শ্রেষ্ঠত্বের বিষয়টি অবশ্য ব্যাটিংয়ের মতো নয়। এখানে মুকুটটা যাঁর মাথায় থাকার কথা সেই রবিচন্দ্রন অশ্বিনের মাথাতেই আছে। তিন সংস্করণ মিলে ৯৭টি উইকেট এই অফ স্পিনারের। ৩২ ম্যাচে ৮১ উইকেট নিয়ে দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার রাবাদা। মিচেল স্টার্ক ৮০ উইকেট নিয়েছেন ২৩ ম্যাচে।

টেস্টেও সবচেয়ে বেশি উইকেট অশ্বিনের। ১২ টেস্টে ২৩.৯০ গড়ে নিয়েছেন ৭২ উইকেট। অশ্বিনের প্রতিদ্বন্দ্বীই আসলে নেই। সবচেয়ে কাছে ৫৭ উইকেট নিয়ে দুইয়ে রঙ্গনা হেরাথ। গত বছর টেস্টে ৫০ উইকেট পূর্ণ করতে পেরেছেন আর কেবল স্টার্ক।

১৯ ওয়ানডেতে ৩০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন অ্যাডাম জামপা। অভিষেকের বছরেই সবার ওপরে গেছেন এই অস্ট্রেলীয় লেগ স্পিনার। টি-টোয়েন্টিতে আবার সবচেয়ে বেশি উইকেট আরেক অভিষিক্ত জসপ্রীত বুমরার। ২১ টি-টোয়েন্টিতে গত বছর নিয়েছিলেন ২৮ উইকেট।

কোহলি, অশ্বিন, বুমরা—গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দাপট ছিল বললে ভুল বলা হয় না। দল হিসেবেও তারা সর্বোচ্চ ৯টি টেস্ট জিতেছে। সর্বোচ্চ ১৫টি টি-টোয়েন্টিও।

এ জাতীয় আরও খবর