‘জোটগত নির্বাচন করে আর ক্ষতিগ্রস্ত হতে চাই না’
নিজস্ব প্রতিবেদক : জোটগত নির্বাচন করে আর ক্ষতিগ্রস্ত হতে চাই না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা একক নির্বাচনে ভালো ফলাফল করেছিলাম। জোটগত নির্বাচন করে আমাদের আসন কমেছে, আজকের লাখো জনতার মহাসমাবেশ প্রমাণ করে যে, জাতীয় পার্টি এককভাবেই ক্ষমতা যাওয়ার শক্তি অর্জন করেছে।
রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সারাদেশ থেকে বিপুলসংখ্যাক কর্মী সমাগম হয়েছে। বাদ্যযন্ত্র, ব্যানার ফেস্টুন, লাঙ্গল এমনকি ঘোড়ার গাড়ি ও দশটি হাতি নিয়ে সমাবেশ প্রাঙ্গনে এক রকম উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বর্ণিলসাজে সাজানো হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যানসহ হাইকোর্ট, মৎসভবন, শাহবাগ এলাকা।জাপার এই শোডাউনকে কেন্দ্র করে পুরো রাজধানীতে সৃষ্টি হয়ে অসহনীয় যানজট।
আগামী ২০১৯ সালের নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন হিসেবে মন্তব্য করে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মহাসমাবেশে এরশাদ বলেন, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কতদিন আর বাঁচব…। আমাকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে। আমাকে নতুন জীবন দিন।
প্রায় দুই বছর পর প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশ করল জাতীয় পার্টি। সকাল সোয়া ১০টায় শুরু হয় সমাবেশ। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ সকালে সমাবেশস্থলে এসে জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেন।
জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের জন্য কী কী করবে-নিজ বক্তব্যে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেন এরশাদ।
তিনি বলেন, ক্ষমতায় গেলে আমরা প্রাদেশিক সরকার করবো। এই সরকার দিয়ে আমরা উপকৃত হইনি, বরং নিষ্পেষিত হয়েছি। এভাবে দেশ চলতে পারে না। তাই প্রাদেশিক সরকার চাই।
এরশাদ বলেন, পূর্নাঙ্গ উপজেলা ব্যাবস্থা করবো। প্রত্যেক উপজেলায় গুচ্ছগ্রাম করে দেবো। এখন যা আছে তাতে উপজেলা শাসন করেন ইউএনও। আমরা উপজেলা পরিষদকে শক্তিশালী করবো। কারণ আমরা চাই জনগণের নেতা জনগণকে শাসন করবে।
তিনি বলেন, আমরা ষোল কোটি মানুষ এক এবং অভিন্ন। জাতীয় পার্টি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংসদ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরির ক্ষেত্রে কোটা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার শেষ জীবনের চাওয়া, জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চাই। দুয়ার উন্মোচিত হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য শক্তি প্রয়োজন, নির্ভর করছে আপনাদের ওপর। দলকে শক্তিশালী করুন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, সাহিদুর রহমান টেপা, এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, এটিইউ তাজ রহমান, মেজর(অব) খালেদ আখতার, সোমনাথ দে, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু, অন্যন্যা হোসাইন মৌসুমী, সৈয়দ ইফতেখার আহসান, মিজানুর রহমান মিরু, একেএম আসরাফুজ্জামান খান প্রমুখ।











