এমপি লিটন হত্যা: সুন্দরগঞ্জে হরতাল চলছে
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সুন্দরগঞ্জ পৌর এলাকায় হরতাল চলছে।
রোববার (০১ জানুয়ারি) সকাল থেকে এ হরতাল পালন শুরু করে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর মেয়র আবদুল্লাহ আল মামুনের ডাকে সুন্দরগঞ্জ পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালে পৌর এলাকার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পৌর মেয়র আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সংসদ সদস্যকে গুলি করে হত্যা করা অত্যন্ত দুঃখজনক। আমরা এর প্রতিবাদে হজরতাল পালন করছি। একই সঙ্গে দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
এদিকে, বামনডাঙ্গা এলাকার সর্বস্তরের জনসাধারণ হরতালের সঙ্গে একাত্ত্বতা ঘোষণা করে তারাও হরতাল পালন করছে। সকাল ৮টায় বামনডাঙ্গা রেল স্টেশনে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন আসলে বিক্ষুদ্ধ জনতা ট্রেনটি আটকে রাখে। সকাল সোয়া ১০টা পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি। ফলে যাত্রী সাধারণ পড়েছেন চরম দুর্ভোগে।
অপরদিকে, সকাল থেকে হরতাল চলাকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকায় বিক্ষোভ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের জনসাধারণ। সকাল থেকে পৃথকভাবে এসব বিক্ষোভ মিছিল থেকে এমপি লিটনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।











