মেট্রোরেলের বরাদ্দ অন্য প্রকল্পে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় সাত জাপানি পরামর্শক নিহত হওয়ার ঘটনায় জাইকার অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ থাকায় মেট্রোরেলের কাজও আটকে গেছে। এ অবস্থায় চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এ প্রকল্পের অনুকূলে বরাদ্দের ২৫০ কোটি টাকা কর্তন করে অন্য প্রকল্পে ব্যবহার করতে চাচ্ছে সড়ক বিভাগ। যদিও সম্প্রতি জাপানের সঙ্গে দফায় দফায় বৈঠকে আবারও বাংলাদেশে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) অর্থায়নের চলমান প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। তবে মেট্রোরেল প্রকল্পের মতোই চলতি অর্থবছরে সড়ক বিভাগের বাস্তবায়ন ধীরগতির ১৩টি প্রকল্পের বরাদ্দে কাটছাঁট করা হচ্ছে। এর ফলে এসব প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অর্থবছরের শুরুতে মেট্রোরেল প্রকল্পে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ২২৬ কোটি ৮২ লাখ টাকা। সংশোধিত এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ থাকছে ১ হাজার ৯৭৬ কোটি ৩০ লাখ টাকা। ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয় ধরে নেওয়া এ প্রকল্পে ১৬ হাজার ৫৯৪ কোটি টাকার সহায়তা দিচ্ছে জাইকা। গত অর্থবছরে প্রকল্পটির আওতায় ৩৪০ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ ছিল। অর্থবছর শেষে বাস্তবায়ন হার ছিল ১ শতাংশেরও কম।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরে সমাপ্তির জন্য সড়ক ও জনপথ অধিদফতরের ৪৬টি প্রকল্প থাকলেও নির্ধারিত এ লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ১২টি প্রকল্পের অনুকূলে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। আবার মেয়াদকাল ইতোমধ্যেই শেষ হয়েছে বা চলতি অর্থবছরের মধ্যেই শেষ হবে এমন প্রকল্প থেকেও অর্থ কাটা হচ্ছে। এর ফলে বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে চলমান ১৩ প্রকল্পের।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সম্প্রতি সড়ক ও জনপথ অধিদফতর থেকে ৩০৬ কোটি ৬৮ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে পরিকল্পনা কমিশনে একটি চিঠি পাঠানো হয়। এ চিঠি আমলে নিয়ে একই বিভাগের অন্য ১৩ প্রকল্প থেকে একই পরিমাণের অর্থ কেটে নেওয়া হয়। সম্প্রতি পরিকল্পনা কমিশন থেকে চিঠি দিয়ে সড়ক ও জনপথ অধিদফতরকে বিষয়টি জানানো হয়। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, নকলা নলিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন (সংশোধিত) প্রকল্প শুরু হয় ২০১১ সালে। সর্বশেষ সংশোধনী অনুযায়ী ২৩৯ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। মার্চ পর্যন্ত এতে ব্যয় হয়েছে ১০৯ কোটি ৬৫ লাখ টাকা। এতে চলতি অর্থবছর ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সাড়ে চার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩০ কোটি ৫০ লাখ টাকা।
মির্জাপুর ওয়ার্সি বালিয়া সড়ক নির্মাণ (সংশোধিত) প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ৬৭ লাখ টাকা। ২০১১ সালের শুরুতে নেওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ৩০ জুন। মার্চ পর্যন্ত এতে ব্যয় হয়েছে ৬৫ কোটি ২৫ লাখ টাকা। এতে চলতি অর্থবছর ১৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৪ কোটি ৩২ লাখ টাকা কমিয়ে সংশোধিত এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হচ্ছে ১৪ কোটি ১০ লাখ টাকা।
২০১২ সালে নেওয়া বিরিশিরি বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণ প্রকল্পের মেয়াদও শেষ হয়েছে জুন মাসে। ৮০ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে ইতোমধ্যে ছাড় হয়েছে ২৮ কোটি ২৫ লাখ টাকা। এবারের এডিপিতে এ প্রকল্পে ১৬ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত এডিপিতে এ প্রকল্পে ১১ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এ হিসেবে প্রকল্পটির অনুকূলে বরাদ্দ কমছে ৩ কোটি ১১ লাখ টাকা।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল রেলক্রসিংয়ে রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে বরাদ্দ কমছে ১১ কোটি ১৬ লাখ টাকা। অর্থবছরের শুরুতে এ প্রকল্পে ৩১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ ছিল। সংশোধিত এডিপিতে এ খাতে বরাদ্দ থাকছে ২০ কোটি ২ লাখ টাকা। ২০১৩ সাল থেকে চলমান এ প্রকল্পটিরও মেয়াদ শেষ হয়েছে জুন মাসে। ৭৯ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় ধরে প্রকল্পটি অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মার্চ পর্যন্ত এ প্রকল্পে ব্যয় হয়েছে ২৯ কোটি ৫৫ লাখ টাকা।
নামমাত্র বরাদ্দ দিয়ে বৃহত্তর ময়মনসিংহ জেলার দুটি সড়ক উন্নয়ন প্রকল্প বাঁচিয়ে রাখা হচ্ছে। কাটছাঁটের পর এ প্রকল্পে বরাদ্দ থাকছে ৫ কোটি ৪৬ লাখ টাকা। অর্থবছরের শুরুতে এ প্রকল্পে বরাদ্দ ছিল ৭ কোটি টাকা। এ হিসেবে প্রকল্পটির ১ কোটি ৫৪ লাখ টাকা কেটে নেওয়া হচ্ছে। ২০১৩ সাল থেকে চলমান এ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ৩০ জুন। ৯৫ কোটি ৬ লাখ টাকার প্রকল্পে এ পর্যন্ত ব্যয় হয়েছে ৩৬ কোটি টাকা।
রাজাপুর কাঁঠালিয়া আমুয়া বামনা পাথরঘাটা সড়কে সেতু নির্মাণ প্রকল্পে বরাদ্দ কমানো হচ্ছে। প্রকল্পটিতে অর্থবছরের শুরুতে ১৭ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এ প্রকল্পের বরাদ্দ ১০ কোটি ৭৮ লাখ টাকায় নামিয়ে আনা হচ্ছে। স্থবির এ প্রকল্প থেকে কেটে নেওয়া হচ্ছে ৬ কোটি ৮৯ লাখ টাকা। তবে গৌরীপুর হোমনা আঞ্চলিক সড়ক সিলেট হাইওয়ে পর্যন্ত সম্প্রসারণ (সংশোধিত) প্রকল্পে নতুন করে আরও ২০ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ করা হচ্ছে। অর্থবছরের শুরুতে প্রকল্পটির অনুকূলে বরাদ্দ ছিল ২০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ থাকছে ৪০ কোটি ৮০ লাখ টাকা। ৭৭ কোটি ৮৯ লাখ ব্যয় ধরে চলমান এ প্রকল্পটি শেষ হচ্ছে আগামী বছরের অক্টোবরে।











