বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ জানুয়ারি ঘিরে উত্তেজনা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আসছে ৫ জানুয়ারি ঘিরে বৃহৎ দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। নতুন বছরের শুরুতে এই দিনটিতে গত দুই বছরের মতো কর্মসূচি ঘোষণা করেছে দুই দলই। ক্ষমতাসীন দল ইতোমধ্যে বিএনপিকে মাঠে নামতে না দেয়ার ঘোষণা দিয়েছে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে সারা দেশে কালো পতাকা মিছিল ও রাজধানীতে সমাবেশ সফলের। বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে কি না তা নিয়ে যথেষ্ট শঙ্কা সৃষ্টি হয়েছে।

 
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়ায় ২০১৪ সালের এই দিনটিতে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল। এর পর থেকে প্রতি বছরই বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা দিয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসে। এবারো সারা দেশে কালো পতাকা মিছিল ও ৭ জানুয়ারি ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তারা। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ঘোষণা দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে। ওই দিন তারা বিএনপিকে মাঠে না নামার ঘোষণা দিয়ে দু’টি সমাবেশ ডেকেছে। পুরো ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিতে শুরু করেছে মহানগর আওয়ামী লীগ। পাল্টাপাল্টি এই কর্মসূচি ঘোষণার ফলে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে।

৫ জানুয়ারি নিয়ে আর বিতর্ক চায় না আওয়ামী লীগ : ৫ জানুয়ারির নির্বাচন একতরফা হলেও এত দিন পর সেই নির্বাচন নিয়ে আরো বিতর্ক হোক তা চায় না আওয়ামী লীগ। দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, এ দিনকে ঘিরে বিএনপি যদি কোনো কর্মসূচি পালন করতে না পারে তাহলে সাধারণ জনগণ এমনিতেই ধীরে ধীরে তা ভুলে যাবে। কিন্তু বিএনপিকে মাঠে নামতে দিলে তা আর সম্ভব হবে না। বরং ওই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আবারো নেতিবাচক চিত্র ফুটে উঠবে। বিশেষ করে জাতীয় নির্বাচন আর খুব বেশি দূরে নয়। এ অবস্থায় ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের চিত্র জনমনে ফুটে উঠলে নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ ছাড়া ৫ জানুয়ারির নির্বাচনকে বিতর্কিত এবং বর্তমান সরকারকে অবৈধ বললেও এ সরকারের আমলে সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি জোট। কোনো কোনো নির্বাচনে তাদের প্রার্থীর বিপুল বিজয়ও হয়েছে। এর মাধ্যমে এক রদিকে ৫ জানুয়ারির নির্বাচনকে অস্বীকার ও সরকারকে অবৈধ বলা এবং অন্য দিকে সরকারের অধীনে নির্বাচন করা এটা দ্বিমুখী আচরণ। কারণ সরকারকে অস্বীকার করলে তারা এসব নির্বাচনও বর্জন করত। আর এসব নির্বাচনে যেহেতু এসেছে সেহেতু সরকারকেও মেনে নিয়েছে বলে ধরা যায়। তাহলে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে এখনো প্রশ্ন থাকার কথা নয়। সে জন্য এ দিনকে ঘিরে বিএনপিকে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দিতে রাজি নন ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকেরা। ইতোমধ্যেই ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস আখ্যা দিয়ে ওই দিন রাজধানীসহ সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মাধ্যমে ৫ জানুয়ারি রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে চায় তারা। শুধু তাই নয়, এ দিনকে কেন্দ্র করে ৫ জানুয়ারির আগে বা পরে বিএনপি কোনো ধরনের কর্মসূচি দিলে তা প্রতিহত করার হুমকিও দিচ্ছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গতকাল এক সভা থেকে ৫ জানুয়ারি বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন বানচালের নামে যারা মানুষ হত্যা করে, তাদের কোনো কর্মসূচি পালনের অধিকার নেই। ৫ জানুয়ারি আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করি। বিএনপি এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে। যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য ৪৭ জন মানুষকে হত্যা করেছে, সেই ভোটাধিকার হরণকারী, হত্যাকারীদের ৫ জানুয়ারি কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না।

দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী নয়া দিগন্তকে বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকত না। কোনো অসাংবিধানিক শক্তি ক্ষমতায় ভর করত। আর বিএনপি হয়তো তাই চেয়েছিল। কিন্তু ওই দিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিএনপির সেই আশা আর পূরণ হয়নি। সে জন্য তারা এখনো ৫ জানুয়ারি নির্বাচন ভুলতে পারেনি। তবে তারা যদি সেই নির্বাচন ভুলতে না-ই পারে তবে আবার এ সরকারের অধীনে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছে কেন? এটা তাদের দ্বিমুখীনীতি। সে জন্য ৫ জানুয়ারিকে ঘিরে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না।
নিরপেক্ষ ইসি গঠনের চাপ হিসেবে শোডাউনের প্রস্তুতি বিএনপির : বিএনপির নেতারা মনে করেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন একটি বিতর্কিত নির্বাচন। ক্ষমতায় টিকে থাকতেই সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে একটি একতরফা নির্বাচন করেছে আওয়ামী লীগ। সরকারি দল যতই এ দিনটিতে বিজয় উৎসব করুক না কেন, দেশে-বিদেশে কেউই ওই নির্বাচন মেনে নেয়নি। ওই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশেগুলোর নেতিবাচক দৃষ্টিভঙ্গিও পাল্টায়নি।

দশম সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে দলটি।
বিএনপির সিনিয়র এক নেতা জানান, জাতিকে একতরফা নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিতেই বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির ঘোষিত কর্মসূচি পালিত হবে শান্তিপূর্ণভাবে। সরকারি দল যদি এতে বাদসাধে পরিস্থিতির দায় তাদেরই নিতে হবে।
৫ জানুয়ারি ঢাকার বাইরে সব জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল আর রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ওই সমাবেশ হবে। ইতোমধ্যে সমাবেশের জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে বড় ধরনের জমায়েত করার পরিকল্পনা করছে বিএনপি। ঢাকার বাইরেও ঘোষিত কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। বিএনপি সূত্র মতে, এবার নির্বাচন কমিশন পুনর্গঠনকে টার্গেট করেই মাঠে নামতে চায় বিএনপি। কারণ আগামী ফেব্রুয়ারিতে নতুন কমিশন গঠন করা হবে। এর আগে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে। ৫ জানুয়ারি এর ‘প্রাথমিক রিহার্সেল’ বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা।

বিএনপি আহূত হরতাল অবরোধ কর্মসূচির মধ্যেই ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন সম্পন্ন হয়। এরপর প্রায় মাসজুড়ে বিএনপি কঠোর কর্মসূচি পালন করে। এর এক বছর পর ২০১৫ সালের এই দিনকে ঘিরে সমাবেশ করতে বাধা পেয়ে বিএনপি লাগাতার অবরোধের ডাক দিয়েছিল। টানা তিন মাস অবরোধ-হরতাল চলে। ওই আন্দোলনের পর থেকে বিএনপি কঠোর কর্মসূচি থেকে সরে। গত বছর অবশ্য এই দিনে অনুমতি নিয়ে ঢাকায় একটি শন্তিপূর্ণ সমাবেশ করেছিল বিএনপি।

এবার ৫ জানুয়ারির দিনটিতে জেলা-উপজেলায় কর্মসূচি থাকলেও ঢাকায় কোনো কর্মসূচি দিতে পারেনি বিএনপি। জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ওই দিনই বেগম খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য তারিখ ধার্য করেছেন আদালত। খালেদা জিয়াসহ মামলার অপর আসামিরা সে দিন সশরীরে আদালতে হাজির না হলে তাদের জামিন বাতিল করা হবে বলেও জানিয়েছেন বিচারক। এ কারণেই ঢাকার কর্মসূচি দুই দিন পিছিয়ে ৭ জানুয়ারি ঠিক করা হয়েছে। ওই দিন রাজধানীতে বড় ধরনের শোডাউন দিতে চায় বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের পক্ষ থেকে ৫ জানুয়ারি সারা দেশে মহানগর- জেলায় কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা হবেই। জেলা নেতৃবৃন্দ সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। সব নেতাকর্মীর সমন্বয়ের একটি সফল কর্মসূচি হবে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ জানুয়ারি সমাবেশও হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বক্তব্যের জবাবে রিজভী বলেন, রাজপথে নামতে দেয়া হবে নাÑ এটাই তো গণতন্ত্র হত্যার একটা দৃষ্টান্ত। নামতে দেবেন না কেন? ওইটা যদি গণতান্ত্রিক ভোট হয়ে থাকে। গণতন্ত্র মানেই তো সমাবেশ, গণতন্ত্র মানেই তো মিছিল।
রিজভী বলেন, যারা অগণতান্ত্রিক শক্তি, যারা ভীত-সন্ত্রস্ত্র, তারা লোক দেখলে, তারা ভিড় দেখলে, জনগণের মিছিল দেখলে ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়ে, ভয় পেয়ে ওঠে। তখন তাদের পেটুয়া বাহিনী, তাদের যে বাহিনী তারা তৈরি করে, সেই বাহিনী দিয়ে চড়াও হয়। তার এই বক্তব্যের মধ্য দিয়ে তারা (ক্ষমতাসীন দল) প্রমাণ করে দিলেন, তারা গণতন্ত্র হন্তারক, গণতন্ত্র হত্যাকারী এবং তারা নিষ্ঠুরভাবে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ