বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথর-কয়লায় মাখামাখি জীবন

news-image

অনলাইন ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড় ধরে হাঁটলে চোখে পড়বে, কিছু মানুষ হাঁটুসমান পানিতে নেমে ছোট গামছা, চাদর, মশারির নেট দিয়ে কিছু তুলছে। দূর থেকে দেখে মনে হবে, এরা মাছ ধরছে। কাছে গেলেই দেখা যাবে ভিন্ন চিত্র। পানির ভেতর থেকে যখন কাপড়টি ওপরে তুলে ধরে, তখন মাছ নয়, ছোট ছোট কয়লা-বালু উঠতে দেখা যায়। এ মানুষগুলোর প্রায় সবারই প্রধান পেশা কয়লা উত্তোলন।

সোমেশ্বরী নদীর স্রোতে ভেসে আসা কয়লা তুলেই জীবিকা নির্বাহ করে এ অঞ্চলের বহু মানুষ। এরা দিনরাত শুধু কয়লা উত্তোলনের কাজই করে থাকে। এ কয়লাই তাঁদের জীবন নির্বাহের উপকরণ হয়ে দাঁড়িয়েছে। কারো কারো কয়লাকে ঘিরেই চলে দিনরাত্রির হিসাব-নিকাশ! কয়লায় জলে মাখামাখি জীবনে বাকি কথা ভাবার আর অবকাশ খুব একটা হয় না।

কয়লা সংগ্রহ করে যাঁদের জীবন কাটে, এদেরই একজন কুলসুম বেগম। বয়স ৩০-এর কোঠায়। কিন্তু যাপিত জীবনের যাতনায় অনেক আগেই যেন বুড়িয়ে যেতে হয়েছে তাঁকে। শৈশবের আঙিনা পার হওয়ার আগেই কুলসুমকে নেমে পড়তে হয়েছে জীবিকা নির্বাহের সন্ধানে। জীবন তাঁকে বয়ে এনে ফেলেছে সোমেশ্বরীর তীরে। এখানেই কাটিয়ে দিয়েছেন তাঁর কর্মজীবনের পুরোটা সময়। ১০ বছর বয়স থেকে সোমেশ্বরীর পাড়ে কয়লা উত্তোলন করেন তিনি। এই কয়লা বিক্রি করেই আয় করা অর্থ দিয়ে চলে তাঁর সংসার।

সোমেশ্বরীর পাড়ে কথা হয় কয়লা আহরণকারী কুলসুমের সঙ্গে। কাদা-জলে মাখামাখি হয়ে কয়লা তুলছিলেন তিনি। তাঁর পাশেই জড়ো করে রাখা আছে কিছু কয়লা।

‘ছোডত্তোন কয়লা তুলি। এটা কইরাই খাই। অন্য কোনো কাজ করি নাই,’ বলেন কুলসুম। কয়লার দাম বাজারে কেন বাড়ে-কমে, তা জানেন না কুলসুম। বাজারে এটা কত দামে বিক্রি হয়, সে হিসাবও করেননি কখনো। জানালেন এখন আগের চেয়ে দাম কম, ‘আগে এক বস্তা কয়লার দাম আছিল আষ্টোশ (আটশ), এক হাজার, বারোশ টাকা। এখন ১২০ থেকে ১৫০ টাকা।’

দাম কমে যাওয়ায় আগের চেয়ে বেশি শ্রম দিতে হচ্ছে তাঁকে। যেখানে আগে এক বস্তা বিক্রি করত প্রতিদিন, সেখানে এখন বিক্রি করতে হচ্ছে দুই-থেকে তিন বস্তা। সব সময় দুই থেকে তিন বস্তা কয়লা পানও না। তাই তাঁকে শ্রমের সময় বাড়াতে হচ্ছে।

পরিবারের সদস্য বলতে স্বামী আর দুই সন্তান। ছেলেরা ছোট ছোট। এক ছেলের বয়স ১২ বছর আর ছোট ছেলের বয়স ১০ বছর। স্বামীও পাথর তোলার কাজই করেন। তাঁদের পুরো পরিবারই পাথর-কয়লায় মাখামাখি এক সংসার!

কুলসুমের মতো আশপাশে আরো অনেককেই দেখা গেল কাজ করতে। কেউ কেউ সারা দিনের সংগ্রহ করা কয়লা রোদে শুকাতে দিয়েছে। পানি-কাদা কিছুটা শুকালে বস্তায় ভরে নিয়ে যাবে বিক্রি করতে। তাঁদের সঙ্গে আলাপ করে জানা গেল, নদীর পাড়েই ট্রাক নিয়ে আসে পাইকারি ক্রেতারা। ট্রাক ভরে কয়লা কিনে নিয়ে যায়।

পাহাড়ি ঢাল বেয়ে সোমেশ্বরী নদীতে ভেসে আসা কয়লা কুড়িয়েই বেঁচে আছেন তাঁরা। কেউ নদীতে নেমে, কেউ আবার বালু খুঁড়ে ছোট ছোট গর্তের পানি থেকে ছেঁকে ছেঁকে তুলে আনেন কয়লা। কেউ বা দারিদ্র্যের লজ্জায় ক্যামেরা দেখে কাজ বন্ধ করে অনুরোধ করলেন, এই দুর্দশার ছবি তিনি দেখাতে চান না। তাঁর ছবি না তুলেই সোমেশ্বরীর পাড়ে হেঁটে বেড়াই। প্রকৃতির আলোকোজ্জ্বল এই লীলাভূমিতে এই চোখগুলো শুধু খুঁজে বেড়াচ্ছে কালো কয়লা!

ফিরে আসার পথে আবারও কুলসুমের সঙ্গে দেখা। তিনি এক মনেই তাঁর কাজ করে যাচ্ছেন। ছোট ছোট গর্ত থেকে পানি সেচে যাচ্ছেন সেই তরুণী, যিনি তাঁর বয়সের চেয়ে আগেই বুড়িয়ে গেছেন সারাটা জীবন কয়লা-পাথরের সঙ্গে কাটিয়ে!

একসময় সোমেশ্বরী রূপ বদলায়। স্রোত বাড়ে। জোয়ার-ভাটার খেলা হয়। কিন্তু কুলসুমদের জীবনের রূপ বদলায় না। থেকে যায় একই রকম।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু