বাংলা একাডেমির বিরুদ্ধে মামলা করবে শ্রাবণ প্রকাশনী
নিজস্ব প্রতিবেদক : মিথ্যা প্রচারণার মাধ্যমে ‘ধর্মভীরু’ মানুষকে উসকানি দেয়া এবং মানহানির অভিযোগ এনে বাংলা একাডেমির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান।
সোমবার রাতে রবিন আহসান বলেন, “আমি কোনো অন্যায় করে থাকলে আমাকে আইনের আওতায় আনতে পারে মহামান্য আদালত। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো ভিত্তিই নেই; অথচ আমার প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে এর বিচার চাইব।” তিনি জানান, দেশের খ্যাতনামা আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলে মামলার প্রস্তুতি চলছে, মামলা হবেই।
রবিন আহসান ফেইসবুকেও পোস্ট দিয়ে লিখেছেন, “মামলা হবে বাংলা একাডেমির বিরুদ্ধে।
মামলা করবো আমি। দেশের খ্যাতিমান আইনজীবীরা থাকবেন আমার সাথে। বাংলা একডেমির সামনে কোন প্রকাশক শহীদ হবে এ বছর! চালাও গুলি…।”
এদিকে দেশের শীর্ষ বই প্রকাশক সংস্থা ‘শ্রাবণ প্রকাশনী’কে বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ করার প্রতিবাদে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন লেখক, বুদ্ধিজীবী, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় তারা বাংলা একাডেমির সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
ধর্ম নিয়ে আপত্তিকর বই প্রকাশের প্রস্তুতির অভিযোগ এনে বাংলা একাডেমি শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য বইমেলায় নিষিদ্ধ করেছে। তবে শ্রাবণ প্রকাশনীর মালিক রবিন আহসান দাবি করেন, এই অভিযোগ ডাহা মিথ্যা। ধর্ম নিয়ে আপত্তিকর বই বের করার মতো এত বড় ‘অপদার্থ’ নন তিনি।
রবিন বলেন, ‘এই অন্যায়ের প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটায় বাংলা একাডেমীর সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘গত বছর এই প্রকাশনীটি মহানবী (সা.)কে নিয়ে একটি আপত্তিকর বই প্রকাশ করেছিল। আমরা তাদের এই বইটি মেলায় আনতে নিষেধ করেছিলাম। কিন্তু তারা কথা শোনেনি। এবারও তারা একই ধরনের একটি বই নিয়ে আসতে চাইছিল। এ কারণেই তাদের আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
বাংলা একাডেমির মহাপরিচালক ধর্ম নিয়ে আপত্তিকর বই প্রকাশের জন্য শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধের কথা বললেও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রবিন আহসান বলেন, এটা ডাহা মিথ্যা। তিনি বলেন, ‘গত ২০ বছরে আমাদের কোনো বই নিষিদ্ধ হয়নি। ধর্ম নিয়ে আজেবাজে বই প্রকাশের মতো অপদার্থ আমি নই। একবার শুধু একটি ‘ড. ইউনুসের দারিদ্র্যবাণিজ্য’ নামে একটি বই নিয়ে কিছুটা সমালোচনা হয়েছিল। এর বাইরে আমাদের বইয়ের কোনো সমালোচনা হয়নি।’
রবিন আহসান বলেন, “ বাংলা একাডেমির মহাপরিচালক আমার ওপর ক্ষেপেছেন। কারণ একজন প্রকাশকের গ্রেপ্তারের বিরুদ্ধে আমি এক টেলিভিশন টকশোতে প্রতিবাদ জানিয়েছিলাম।”
সোমবার বিকেলে রবিন আহসান তার ফেইসবুকে একটি পোস্ট দিয়ে লেখেন- “হায় গণতন্ত্র! একজন প্রবীণ প্রকাশক-লেখককে গ্রেপ্তার করায় আমি টকশোতে এই ঘটনার নিন্দা জানাই এবং আমাদের বন্ধুরা শাহবাগে সমাবেশ করে সেই সমাবেশে বক্তব্য রাখায় গণতন্ত্রের পতাকাবাহী বাংলা একাডেমির ইতিহাসে সর্বোচ্চ সময়ের মহাপরিচালক শামসুজ্জামান খান শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে! আমি হয়তো না খেয়ে মরবো না, তবে এই গণতান্ত্রিক দেশে আর বেশি দিন থাকছি না এ সত্য। আমার মুখ বন্ধ করার ক্ষমতা যদি হয় শ্রাবণ বন্ধ, তবে এও সত্য- পাল্টা বইমেলা হবে। এই জামান আমার স্টল ২০০৯ সালে একবার বন্ধ করতে চেয়েছিল, তখন আমার পক্ষে দাঁড়িয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বান্ধবী খ্যাতিমান লেখক বেবি মওদুদ! সেবার বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে বদরুদ্দীন উমর-এর লেখা ড. ইউনূসের দারিদ্র্য বাণিজ্য বইটির ঘোষণা নিষিদ্ধ করেছিল! এই বুদ্ধিপ্রতিবন্ধী সমাজে আমার লড়াই-সংগ্রাম চলবে…” ঢাকাটাইমস











