মালয়েশিয়ায়ও সংকটে রোহিঙ্গারা
আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা সমস্যা সমাধানে বরাবরই সরব আসিয়ান জোটের গুরুত্বপূর্ণ রাষ্ট্র মালয়েশিয়া। এ নিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক ফোরামে

রীতিমত দেনদরবার করছে দেশটির নেতৃত্ব। অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও কুয়ালামপুরের রাজনৈতিক দলগুলো রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতার প্রশ্নে অভিন্ন অবস্থান নিয়েছে। মিয়ানমারের রাখাইনে বর্বর নির্যাতনের শিকার প্রায় সোয়া লাখ রোহিঙ্গা মুসলমান দেশটির আশ্রয়ে রয়েছেন। যার মধ্যে প্রায় অর্ধলক্ষ শারণার্র্থীর মর্যাদা পেয়েছে। কিন্তু এত কিছুর পরও মালয়েশিয়ার নেতৃত্বের সমালোচনা পিছু ছাড়ছে না। জাতিসংঘ মনে করে, নিজ দেশ এবং ভিটামাটি থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের জন্য মানবাধিকার সংবেদনশীল রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ার আরো অনেক কিছু করার আছে। প্রাণে বাঁচার তাগিদে দেশটিতে আশ্রয় নেয়ার রোহিঙ্গারা কী অবস্থায় রয়েছেন তা নিয়েও বিচার-বিশ্লেষণ করছে জাতিসংঘ। তাদের বিবেচনায়, মালয়েশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গারা হয়তো জীবন ঝুঁকিতে নেই, যেমনটা তারা মিয়ানমারে ছিলেন। কিন্তু সেখানেও তারা খুব ভালো অবস্থায় নেই। নানামুখী সংকটের মধ্য দিয়ে দিনযাপন করছেন রাখাইন থেকে বাস্তুচ্যত ওই নারী, পুরুষ ও শিশুরা। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া এবং জাতিসংঘের অবস্থানের বিষয়ে একটি পর্যালোচনামূলক রিপোর্ট করেছে কুয়ালালামপুর থেকে প্রকাশিত দ্য স্টার অনলাইন।
রোহিঙ্গাদের প্রতি সাড়া (রেসপন্ডিং টু রোহিঙ্গাস) শিরোনামে ২৫শে ডিসেম্বর প্রকাশিত ওই রিপোর্টের সূচনায় বলা হয়, শুধু রোহিঙ্গা ইস্যুতে নেতৃত্ব দেয়ার পর্যায়েই নয়, এ অঞ্চলের পুরো শরণার্থী সমস্যার সমাধানেও মালয়েশিয়া নেতৃত্ব দিতে পারে। রিপোর্টে উল্লেখ করা হয়, গত সোমবার মিয়ানমারের ইয়াংগুনে দেশটির স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সূচির আমন্ত্রণে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠক হয়েছে তাতে রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুলমানদের ওপর সহিংসতা বৃদ্ধিতে মালয়েশিয়ার তরফে নিন্দা পুনর্ব্যক্ত করা হয়। মিনিস্টার্স রিট্রিটে অংশ নেয়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান মিয়ানমারসহ অন্য প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘রাখাইনে যেভাবে নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে লোকজনকে ভিটামাটি ছাড়তে (বাস্তুচ্যুত) হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে রাখাইনের বিরোধপূর্ণ এলাকায় জরুর ত্রাণসহায়তা প্রেরণের বিষয়ে মিয়ানমার রাজি হয়। সেখানে দেশটির সেনাদের অগ্নিসংযোগ, হত্যা-ধর্ষণের অভিযোগের মধ্যে জাতিসংঘ, বিশ্ব খাদ্য সংস্থাসহ বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রবেশাধিকার কয়েক সপ্তাহ ধরে নিষিদ্ধ রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দেশটির অভ্যন্তরে যারা বাস্তুচ্যুত (ডিসপ্লেইসড)সহ আক্রান্ত রোহিঙ্গা এলাকায় জরুরি মানবিক সহায়তা প্রদানে যে আন্তর্জাতিক আহ্বান ছিল তাতে যুক্ত ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা। কিন্তু মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে দেশটির অবস্থান ‘অস্পষ্ট’ ও ‘নিঃশব্দ’ ছিল বলে রিপোর্টে সমালোচনা করা হয়। রিপোর্টে বলা হয়, মজার ব্যাপার হলো, ক্রমেই মালয়েশিয়ার মানুষজন দেশটিতে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও অন্যান্য জাতির শরণার্থীদের কাছে সহায়তা পৌঁছাতে উদ্যোগী হয়ে উঠছে। কারণ, এ মাসের শুরুর দিকে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ ইস্যুতে একটি সাহসিকতাপূর্ণ অবস্থান নিয়েছে।
দ্য স্টার অনলাইনের রিপোর্টে মালয়েশিয়ায় নিযুক্ত জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি রিচার্ড টাওয়েলকে উদ্ধৃত করা হয়। সেখানে জাতিসংঘ দূত বলেন, মালয়েশিয়ায় উদ্বাস্তুদের বিষয়ে মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের ইতিবাচক বক্তব্য এবং নেতৃত্ব।
রিচার্ড টাওয়েল বলেন, এখানে উদ্বাস্তুদের সহায়তা করার বিষয়ে এখনো ভীতি কাজ করে। সাধারণ যে কেউ উদ্বাস্তুদের সাহায্য করতে গেলে আইন ভঙ্গ হচ্ছে বলে ভাবে। কিন্তু এটি সত্য নয়। যে কেউ তাদের খাদ্য এবং সহায়তা দিতে পারে। কিন্তু যদি উদ্বাস্তুদের নিয়ে এখানে আরো ইতিবাচক আলোচনা হতো, তাহলে সাধারণ মালয়েশিয়ানরা আরো বেশি সাহায্য করতেন। যদি দেশটির নেতৃত্ব বলতেন যে, আপনারা প্রতিবেশী উদ্বাস্তুদের সাহায্য করুন তাহলে আরো অধিক সংখ্যক মালয়েশিয়ান তাদের সাহায্যে এগিয়ে আসতে উৎসাহিত হতেন। রিপোর্টে রোহিঙ্গাদের ইতিহাস সম্পর্কেও খানিক উল্লেখ ছিল।
সেখানে বলা হয়, রোহিঙ্গারা রাখাইনের মুসলিম জনগোষ্ঠী। সেখানে তাদের ওপর রাষ্ট্রীয় মদদে চালানো অত্যাচার-নির্যাতন এবং দরিদ্রতার কারণে কয়েক দশক আগে তারা ওই এলাকা ছেড়ে আসতে বাধ্য হন। রিপোর্টে বলা হয়, ধারণা করা হয় মালয়েশিয়ায় ১ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা ‘শরণার্থী’ বসবাস করেন। তাদের মধ্যে ইউএনএইচসিআর বা জাতিসংঘ নিবন্ধিত ৫৪ হাজার ৮৫৬ জন (গত ৩১শে অক্টোবর পর্যন্ত)। রিপোর্টে জাতিসংঘের রিফিউজি কনভেনশন ১৯৫১ এবং এ সংক্রান্ত প্রোটোকল ১৯৬৭-এ মালয়েশিয়ার সই না করার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এ কারণে দেশটিতে রোহিঙ্গা শরণার্থীদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হয়। সেখানে তাদের জীবন ধারণের সুযোগ একেবারেই সামান্য বা নেই বললেই চলে। তাদের অবাধ চলার স্বাধীনতাও সীমিত। কিন্তু তৃতীয় কোনো দেশে স্থানান্তরিত হওয়ার সুবিধা সীমিত হওয়ায় অনেক রোহিঙ্গাই মালয়েশিয়ায় স্থায়ীভাবে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ দূত টাওয়েল বলেন, একটি সম্প্রদায় হিসেবে রোহিঙ্গারা হয়তো মিয়ানমারের চেয়ে মালয়েশিয়ায় নিরাপদ রয়েছেন। কিন্তু এখানেও তারা দুর্ভোগ এবং দুরবস্থার মধ্যে জীবন চালাচ্ছেন। এখানেও তারা দৈনন্দিন জীবন পরিচালনায় অনেক ঝুঁকি এবং চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। এখানে তাদের গ্রেপ্তার এবং আটকে রাখার ঝুঁকি রয়েছে। বৈষম্য এবং প্রতারণার ঝুঁকিও আছে। তাদের কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নেই। কিন্তু এটা সবাই জানেন যে, তাদের উন্নয়নে আরো অনেক কিছু করা জরুরি। নাগরিক সমাজ মালয়েশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছে দেশটির নেতৃত্ব যেন জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সনদে সই করে। তবে জাতিসংঘ দূত জানান, মালয়েশিয়া সরকারের সঙ্গে একযোগে ইউএনএইচসিআর কিছু ইতিবাচক কাজ করছে। সন্দেহ করা হচ্ছে, অনথিবদ্ধ রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে অনেকে (পঞ্চাশ হাজারেরও বেশি) কালোবাজারের সঙ্গে জড়িয়ে গেছে। তাদের নিবন্ধিত করাটা এখন জাতিসংঘের এ সংস্থার অন্যতম অগ্রাধিকার।











