বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোগ্রামিংয়ের শিশু রাজা

 

মোহাম্মদ রাজার বয়স ১১ বছর। স্বাভাবিকভাবেই এ সময় তার স্কুলে থাকার কথা। কিন্তু তার বন্ধুরা যখন স্কুলে যাচ্ছে, ক্রিকেট খেলছে, রাজা তখন বসে আছে কম্পিউটারের সামনে। সে এমন একটি সফটওয়্যার তৈরি করছে, যা মোস্ট ওয়ানটেড অপরাধীদের ধরতে সহায়ক হবে। এছাড়া সে কিছু ল্যাংগুয়েজ প্রেডিক্টরও বানিয়েছে, যা আর কেউ পারেনি।

image-12581

হ্যাঁ, মোহাম্মদ রাজা নামের এই পাকিস্তানী শিশুটি ‘স্কুলে’ যায়, তবে ইংরেজি, গণিত ও ভূগোলের পরিবর্তে সে লাহোরের তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স লেভেলের বিভিন্ন কোর্সে পড়াশোনা করে। সেখানে তার ফলাফলও তার সহপাঠিদের চাইতে বিস্ময়কর রকমের ভালো।

রাজাকে প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন তার বাবার এক বন্ধু। তিনি রাজার কম্পিউটারে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জিডাব্লিউ বেসিক ডাউনলোড করে দেন। এরপর রাজা ইউটিউবের সাহায্যে নিজে নিজে অনেক কিছু শিখে ফেলে। প্রোগ্রামিংয়ের প্রতি রাজার আকর্ষণ এবং এতে তার সহজাত দক্ষতা দেখে বাবার ওই বন্ধুই আবার তার কম্পিউটারে কোডিং ল্যাংগুয়েজ সি ইন্সটল করে দেন।

রাজার বয়স যখন ৯ বছর, তখন ব্যবসার উদ্দেশ্যে তার পরিবার লাহোর ছেড়ে করাচি চলে যায়। কিন্তু তার বাবা ব্যবসাটিতে ভালো করতে পারেননি। এতে তাদের পরিবারে অর্থনৈতিক দুর্যোগ নেমে আসে। রাজার লেখাপড়াই বন্ধের উপক্রম হয়।

এ সময় রাজার বাবা পত্রিকায় লাহোরের তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্যসমাপ্ত রোবোটিকস এক্সিবিশনের খবর দেখতে পান। এরপর এক বন্ধুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বর তালহা রেহমানির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে ছেলের প্রোগ্রামিংপ্রতিভা সম্বন্ধে বোঝানোর চেষ্টা করেন।

কিন্তু তাঁর কথায় ভোলেন না তালহা রেহমানি। তবুও রাজার বাবার পীড়াপীড়িতে তিনি তাঁর দু’জন গবেষণাসহকারীকে পাঠান ছেলেটির প্রোগ্রামিংদক্ষতা পরীক্ষা করে দেখতে।

এক ঘণ্টা পরও গবেষণাসহকারী দু’জন ফিরে না আসায় কী ব্যাপার দেখতে রেহমানি নিজেই চলে যান ওখানে। গিয়েই তাঁর আক্কেল গুড়ুম! তিনি দেখেন, তাঁর দু’ গবেষণাসহকারী চুপচাপ বসে আছে আর ছোট বাচ্চাটি তাদেরকে কোডিং সম্বন্ধে বলছে। তিনি তখনই বুঝে যান, এই শিশুটির ভেতরে অসাধারণ কিছু আছে।

সেই থেকে আজ দেড় বছর পর্যন্ত রেহমানির গবেষণাসহকারী হিসেবে কাজ করছে রাজা। রেহমানি বলেন, আমার সঙ্গে আসার আগে থেকেই রাজা জানতো কীভাবে কোড তৈরি করতে হয়। একটা অসুবিধা হতো, মাঝে মাঝে স্পেসিফিক কোডিঙয়ের গণিতটা তার জানা থাকতো না। কিন্তু আমি একবার বুঝিয়ে দিলেই অ্যালগারিদমটা সে দ্রুত বুঝে ফেলতো।

ছেলেটির মেধাকে আরো শাণিত করার জন্য সিদ্ধান্ত হলো, তাকে আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স লেভেলের কম্পিউটার ক্লাশে বসানো হবে। তাকে কোনো বিশেষ সুবিধাও দেয়া হবে না। এতে সে অন্যদের সঙ্গে সমান সুযোগ নিয়ে প্রতিযোগিতা করতে পারবে।

তা-ই হলো। সবাইকে অবাক করে দিয়ে ক্লাসে রাজার গড় স্কোর হলো ৮০ অথবা ৯০, যেখানে অন্যদের মাত্র ৩০।
বিশ্ববিদ্যালয়ে তার এক শিক্ষক ড. আগা আলী রেজা বলেন, ছেলেটির সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছি, ও অসম্ভব প্রতিভাবান। কিন্তু আমার দুশ্চিন্তা হচ্ছে, সে তো নিয়মিত স্কুলে যাচ্ছে না, তার সমবয়সীদের সঙ্গে মিশতে বা খেলতে পারছে না।

রাজাকে স্কুলে পাঠিয়েও দেখা হয়। দেখা গেছে, সে তার সহপাঠিদের চাইতে শিক্ষকদের সঙ্গেই বেশি স্বচ্ছন্দ।
যাহোক, এই সেমিস্টারে রাজা পাঁচটি বিষয়ে পড়াশোনা করছে – কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেমস, অ্যাডভান্সড অ্যাল্গারিদম ও কম্পিউটেশনাল লিংগুইস্টিকস। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আসার পর সে বার্ষিক রোবোটিক এক্সিবিশনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। গত বছর উদ্ভাবন করেছে একটি ভিশনবেইজড সিস্টেম (ভিবিএস), যা চেহারা দেখেই কাউকে সনাক্ত করতে পারবে।

এ বছর সে প্রদর্শন করেছে একটি উর্দু ওয়ার্ড প্রেডিকেটর। এটি স্মার্টফোনে ইংলিশ ওয়ার্ড প্রেডিকেটরের মতোই কাজ করবে। কেউ কোনো একটি শব্দের খোঁজে এক বা দু’টি বর্ণ টাইপ করতেই সম্ভাব্য শব্দের একটি তালিকা চলে আসবে।
রাজার শিক্ষক রেহমানী বলেন, উর্দু ওয়ার্ড প্রেডিকেটর তৈরির কাজটা খুবই কঠিন। কেননা, এখানে লিঙ্গ ও কাল লুকিয়ে থাকে শব্দ ও বাক্যের মাঝখানে। এ কারণেই বাজারে এখন উর্দুর ভালো কোনো ওয়ার্ড প্রেডিকেটর নেই। রাজার প্রোগ্রামটি মির্জা গালিবের কবিতা ব্যবহার করে পরীক্ষা করে দেখা হয়েছে। দেখা গেছে, ভালোই কাজ করছে।

তিনি আরো বলেন, ওটি শুধু ওয়ার্ড প্রেডিকেটর হিসেবেই কাজ করবে না, অনুবাদকের কাজও করবে।

রাজা শুধু গবেষণার জন্য গবেষণা করতে চায় না। সে চায় এমন কিছু উদ্ভাবন করতে, যা সমগ্র বিশ্বে স্বীকৃতি পাবে এবং গোটা মানবজাতি উপকৃত হবে।

তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. উমর সাইফ বলেন, ছেলেটির প্রতিভার পূর্ণ সদ্ব্যবহারের জন্য যা কিছু করা দরকার, আমাদের বিশ্ববিদ্যালয় সবকিছু করবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ