খাদ্যাভ্যাসের পরিবর্তনে বাড়ছে ক্যানসার
খাদ্যাভ্যাসের পরিবর্তনে বাড়ছে ক্যানসারএশিয়ায় আমাদের এই অঞ্চলের মানুষ বেশি ঝাল ও মশলা জাতীয় খাবার খায়। এই খাবার স্বাস্থ্যের জন্য ভালো। তবে ইদানীং এ অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনের কারণে ক্যানসার রোগের প্রাদুর্ভাব বাড়ছে বলে মনে করছেন ব্যাঙ্ককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের বিশেষজ্ঞ ডা. পিয়াসেস পিসেসপংসা। তিনি ঢাকা সফরে এসে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি কী?
ডা. পিয়াসেস পিসেসপংসা : গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি হল মানুষের পাকস্থলী সংক্রান্ত বিষয়, যাকে আমরা গলা থেকে পুরো পেটের ভেতরের অংশকে বুঝাই। যেখানে খাবার হজম হয় এবং তা পরে মল হয়ে বের হয়ে যওয়া পর্যন্ত লিভার, পেনক্রিয়াসসহ গোটা পেট মূলত গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজির অংশ। আর পৃথক করে হেপাটোলজিকে বলতে গেলে তা মূলত লিভার সংক্রান্ত বিষয়।
বাংলাদেশে প্রথমবার এসে আপনি কী কী কাজ করছেন?
ডা. পিয়াসেস পিসেসপংসা : বাংলাদেশি মানুষের জন্য অতিরিক্ত কিছু স্বাস্থ্যসেবা দিয়ে আসছে বামরুনগ্রাদ হাসপাতাল। সেই বিষয়গুলো নিয়ে এখানে আমি কাজ করতে এসেছি। সেমিনারের মাধ্যমে গ্যাস্ট্রো সংক্রান্ত জটিল সমস্যগুলো মানুষকে বুঝানোর চেষ্টা করছি। একই সঙ্গে কী ধরনের উন্নত চিকিত্সা দেওয়া যায়, সে বিষয়েও পরামর্শ দেওয়া হচ্ছে। বামরুনগ্রাদ হাসপাতাল এ বিষয়ে খুবই ভালো সেবা দিয়ে থাকে, সেটাও তুলে ধরা হচ্ছে।
বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসাপাতালের একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আপনি এবং সহকর্মীরা পাকস্থলী ও লিভার সংক্রান্ত কী ধরনের সেবা দিচ্ছেন?
ডা. পিয়াসেস পিসেসপংসা : এসব রোগের ক্ষেত্রে আমরা যেটা বেশি দেখতে পাই তা হল পেটের ব্যথা, যেটা প্রাথমিকভাবে বুঝা যায়। পাকস্থলী ও লিভার সংক্রান্ত সব ধরনের রোগেরই আমরা চিকিত্সাসেবা দিয়ে থাকি। বামরুনগ্রাদ হাসপাতাল এসব রোগের উন্নত সেবা দিয়ে থাকে। দিন দিন মানুষের মধ্যে গ্যাস্ট্রো সংক্রান্ত রোগের সংখ্যা বাড়ছে।
সকালের খবর : গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি রোগ কি বংশগত কারণে হয়, নাকি আমাদের খাবারসহ জীবন-যাপানের জন্য হয়? আর আপনি কি মনে করেন এই দুটি কারণেই রোগটির প্রার্দুভাব বেশি?
ডা. পিয়াসেস পিসেসপংসা : বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বংশগত, পরিবেশ, খাওয়া দাওয়া, জীবন যাপনসহ বেশ কিছু কারণে এই রোগগুলো হয়ে থাকে। তবে একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে। অনেকের ক্ষেত্রে বংশগত কারণ প্রাধান্য পায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক কারণ থাকে।
বাংলাদেশিরা সাধারণত বেশি মশলাযুক্ত খাবার খায়, যাতে বেশি তেল, শুকনা মরিচ, কাঁচামরিচ এবং গরম মশলা থাকে। আপনি কি মনে করেন এটা ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস?
ডা. পিয়াসেস পিসেসপংসা : এটা ভালো খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসের কারণে এই অঞ্চলের মানুষের ক্যানসার সংক্রান্ত রোগ কম হয়। তবে আমরা ইদানীং দেখছি এই অঞ্চলের মানুষের খাবারের মধ্যে পরিবর্তন এসেছে। খাবারের পরিবেশগত পার্থক্যের কারণে এখন কিছু ক্যানসার সংক্রান্ত রোগের প্রার্দুভাব বেশি দেখা যাচ্ছে। স্বল্প পরিমাণে তেল খাওয়াটা কোনো সমস্যা নয়, তবে বেশি পরিমাণে তেল খাওয়াটা সমস্যা।
সকালের খবর : মলাশয়ের ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে। মলাশয়ের ক্যানসারের লক্ষণগুলো কী কী?
ডা. পিয়াসেস পিসেসপংসা : কলোনস্কপি, বায়োফসি এবং সিটিস্ক্যান কলোনস্কপি পরীক্ষার মাধ্যমে মলাশয়ের ক্যানসার শনাক্ত করা যায়। ৩০-৪০ ভাগ রোগীর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিছু লক্ষণ দেখা যায়, তবে বেশির ভাগ ক্ষেত্রে কোনো ধরনের লক্ষণ বুঝা যায় না। যাদের ক্যানসার মধ্য পর্যায়ে চলে যায় তাদের ৮০ ভাগের লক্ষণ দেখা যায়। খাদ্য হজমে সমস্যা, ডায়রিয়া, বেশি বেশি পায়খানা যাওয়া, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, ওজন কমে যাওয়া, পায়খানা করার সময় ব্যাথ্যা অনুভূত হওয়ার মতো লক্ষণগুলো মধ্যে অন্যতম।
অনেক মানুষ না জেনেই কলোনস্কপি ও গ্যাস্ট্রোস্কপি করে থাকেন। তারা জানেন না তাদের এই পরীক্ষা করা প্রয়োজন কিনা? এ ধরনের পরীক্ষায় মূলত কী ধরনের উপকার পাওয়া যায় বলে আপনি মনে করেন এবং কোন বয়সের মানুষের এ ধরনের পরীক্ষা করা উচিত?
ডা. পিয়াসেস পিসেসপংসা : যাদের এই রোগের প্রাথমিক লক্ষণগুলো আছে, তাদেরই কেবল পরীক্ষা করানো উচিত। এ ছাড়া যাদের পেটে দীর্ঘদিনের আলসার (ঘা) আছে, তাদেরও পরীক্ষা করা দরকার। ৫০ বছর ঊর্ধ্বে বয়স্ক মানুষের এই পরীক্ষা নিয়মিতই করা উচিত। আমরা দেখি অনেকের পারিবারিকভাবে এই রোগের ইতিহাস আছে, তাদের কোনো ধরনের লক্ষণ দেখা দিলেই এই পরীক্ষা করাটা ভালো।
গ্যাস্ট্রোফাগিয়েল রিফ্ল্যাক্স (Gastroesophageal Reflux Disease) রোগের লক্ষণ, শনাক্ত এবং চিকিত্সা কী? একটু বলবেন?
ডা. পিয়াসেস পিসেসপংসা : এই রোগের ক্ষেত্রে প্রাথমিকভাবে দেখা যায় বুক জ্বলে, যা অনেক সময় গলা পর্যন্ত অনুভূত হয় এবং মুখের স্বাদ কমে যায়। বুকে ব্যাথা, শুকনা কফ, গলা ব্যথা, পেট থেকে টক ঢেকুর ওঠার মতো লক্ষণগুলো দেখা যায়। এই রোগ শনাক্ত করার জন্য সাধারণত কিছু পরীক্ষা দেওয়া হয়। তারপর রোগের ধরন অনুযায়ী চিকিত্সা দেওয়া যায়। প্রাথমিকভাবে এই রোগের চিকিত্সা করানো ভালো।











