বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

 

আন্তর্জাতিক ডেস্ক :অধিকৃত ফিলিস্তিতি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের পক্ষেই রায় দিলো জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে বাধাহীনভাবে পাস হলো এ সংক্রান্ত প্রস্তাব। ৮ বছরের অচল অবস্থা ভেঙে গেল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেওয়া থেকে বিরত থাকার কারণে। এর আগে বসতি স্থাপন বন্ধে এক প্রস্তাব হাজির করেছিল মিসর। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের চাপে তারা সেই প্রস্তাব প্রত্যাহার করায় জাতিসংঘে এ সংক্রান্ত ভোটাভুটি স্থগিত হয়ে গিয়েছিল।

1c99125e6d355a5ea61fcc1becab5c93-585db5dbd9181
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবর অনুযায়ী, শুক্রবার ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে এ সংক্রান্ত প্রস্তাবটি তুলে ধরা হয়। ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধের ওই প্রস্তাবে বলা হয়, ‘১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে বসতি স্থাপন করে যাচ্ছে, তার কোনও আইনি ভিত্তি নাই।’ ভোট দান থেকে বিরত থাকা যুক্তরাষ্ট্র বাদে বাকি ১৪ টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে তা পাস হয়। প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের বিজয় এবং ইসরায়েলি চরমপন্থার প্রত্যাখান বলছে ফিলিস্তিন। আর ইসরায়েল বলছে, তারা এর তোয়াক্কা করে না। প্রস্তাবের কোনও শর্তই মানবেন না তারা।

এর আগে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিশর একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। তাতে দাবি জানানো হয়, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণ জরুরি ভিত্তিতে ও পূর্ণাঙ্গভাবে বন্ধ করতে হবে। মিসরের ওই প্রস্তাবেও একইভাবে বলা হয়েছিল, ‘ইসরায়েলের ওইসব বসতির কোনও বৈধতা নেই। আর তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’ নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতিসংঘে এ নিয়ে ভোটাভুটির কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে হঠাৎ মিসর প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়ায় ভোটাভুটি স্থগিত করা হয়।
পরে নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ভেনেজুয়েলা, সেনেগালের পক্ষ থেকে একই প্রস্তাব তুলে ধরা হলে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক নীরবতায় তা পাস হয়। প্রতিক্রিয়ায় ফিলিস্তিন পক্ষের প্রধান প্রতিনিধি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ আন্তর্জাতিক আইনের বিজয়ী হওয়ার দিন। সুসভ্য ভাষা এবং সংকট নিরসন প্রক্রিয়ার জয়। এটি ইসরায়েলি চরমপস্থার সুস্পষ্ট প্রত্যাখ্যান।’ তিনি আরও বলেন, ‘আন্তকর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে বার্তা দিয়েছে, দখল কায়েমের মধ্য দিয়ে শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করা যায় না। বরং শান্তি আনতে দরকার দখল বন্ধ করা, এবং ১৯৬৭’র সীমানা অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্রকে ইসরায়েলি রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে থাকতে দেওয়া’।

৮ বছর পরে এমন একটি প্রস্তাব পাশ হলো নিরাপত্তা পরিষদে। প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেহানইয়াহুর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল এই লজ্জাকর প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এর কোনও শর্ত মানতে আমরা বাধ্য নই।’ জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যানি ড্যানন আলজাজিরাকে বলেন, তাদের সরকার আশা করেছিল যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দেবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন মার্কিন প্রশাসন এবং জাতিসংঘের নতুর মহাসচিব এসে নতুন কিছু করবেন।

ট্রাম্পের কথাতেই এর সমর্থন মিলেছে। টুইটারে তিনি লিখেছেন, ’২০ জানুয়ারির পর ভিন্ন কিছু ঘটতে পারে।’
এরআগে ব্যক্তিগতভাবে তিনি এই প্রস্তাবে ভেটো দেওয়ার আহ্বান জানান। পরে ট্রাম্প মিসরীয় প্রেসিডেন্ট সিসিকে ফোন করে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বন্ধের প্রস্তাব প্রত্যাহারের হুমকি দেয়। হুমকিতে মিসর তাদের প্রস্তাব প্রত্যাহার করে। তখনই জাতিসংঘে ভোটাভুটি স্থগিত হয়।
২০১১ সালে একইরকমের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন প্রস্তাবটি পাস হওয়ার পক্ষে বলে গুঞ্জন ছিল। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মিসরের প্রস্তাব স্থগিত হওয়ার সময় জানিয়েছিলেন, জাতিসংঘে প্রস্তাবটি পাস হওয়ার সুযোগ করে দিতে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী সরকার। তাই ট্রাম্পের প্রচেষ্টা মিসরকে থামানো গেলেও অন্যদের উত্থাপিত প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকল যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না। ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হলেও তা ব্যর্থ হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ