বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউডের ব্যবসাসফল ১০ সিনেমা

 

বিনোদন ডেস্ক : প্রতি বছরের মতো এ বছরেও হলিউডে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ধামাকাদার সিনেমা। সিনেমাগুলো যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে তেমনি বক্স অফিসে ব্যবসাও করেছে।

hollywood_movie1482546125

চলতি বছরে দর্শকের বেশকিছু প্রতীক্ষিত সিনেমা ছিল। এর মধ্যে সবগুলো যে ব্যবসাসফল হয়েছে তা কিন্তু নয়। কিছু কিছু সিনেমা দর্শকের প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে ভালো ফল পায়নি। আবার এমন কিছু সিনেমা এ বছর মুক্তি পেয়েছে যা সবাইকে অবাক করে বক্স অফিস বাজিমাত করেছে।

চলুন জেনে নেই এ বছরে হলিউডের ১০ ব্যবসাসফল সিনেমার তালিকায় রয়েছে কোন কোন সিনেমা।

ক্যাপ্টেন আমেরিকা :সিভিল ওয়ার : মার্ভেলসের এই সিনেমায় দেখা যায় অ্যাভেঞ্জারদের মধ্যে তৈরি হয়েছে বিভক্তি। রেজিস্ট্রেশন অ্যাক্ট পাস হওয়ার কারণে তাদের এই বিভক্তি তৈরি হয়। এ কারণে তৈরি হয় ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানের দ্বন্দ্ব। ক্যাপ্টেন আমেরিকার ও আইরন ম্যান ছাড়াও এতে দেখা গেছে উইন্টার সোলজার, ফ্যালকন, অ্যান্ট-ম্যান এবং হকআইকে। এ সিনেমাতেই নতুন স্পাইডার-ম্যান ও নতুন সুপারহিরো ব্ল্যাক প্যান্থারকে দেখতে পান দর্শক। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুসো ও জো রাসো। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস ইভান্স, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, সেবাস্তিয়ান স্ট্যান প্রমুখ। এ বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটি। এ পর্যন্ত সিনেমাটির আয় ১১৫ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার।

ফাইন্ডিং ডোরি : এ সিনেমার গল্পে দেখা যায়-বন্ধুত্বপূর্ণ কিন্তু ভুলোমনা নীল টংকার মাছ তার অনেক আগের হারিয়ে যাওয়া মা-বাবাকে খুঁজতে বের হয়। এই সিনেমার প্রত্যেকটি মুহূর্তে সবাই অনুধাবন করতে থাকে পরিবার ছাড়া জীবন কতটা দুর্বিসহ। এছাড়া দর্শক এও বুঝতে পারেন পরিবারের পরস্পরের মধ্যে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রু স্টানটন ও অ্যাঙ্গাস ম্যাকলেন পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন এলেন ডি জেনারস, অ্যালবার্ট ব্রুকস, এড নিল, কাইটলিন ওলসন। চলতি বছরে সেরা আয়ের সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিনেমাটি। এ পর্যন্ত সিনেমাটির আয় ১০২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার।

জুটোপিয়া : ওয়াল্ট ডিজনি পিকচার্স ও ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রযোজনায় ‘জুটোপিয়া’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাইরন হাওয়ার্ড ও রিচ মুর। ত্রিমাত্রিক প্রযুক্তির এ সিনেমার গল্পে দেখা যায়, বিচিত্র এক জীবজন্তুর নগরী জুটোপিয়া। খরগোশ জুডি হপসের স্বপ্ন পুলিশ অফিসার হওয়া। নিজের স্বপ্নপূরণে হপসকে নানা প্রতিকূল মুহূর্ত মোকাবেলা করতে হয়। পাশাপাশি দুই চিরশত্রুর বন্ধুতে পরিণত হওয়ার চমৎকার গল্প ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়। সিনেমার একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা শাকিরা। এছাড়া বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন জেসন বেইটম্যান, জিনিফার গুডউইন, ইডরিস অ্যালবা, জে. কে. সিমন্স, জেনি, টমি চং, নেট টোরেন্স, ডন লেক, বনি হান্ট, অক্টাভিয়া স্পেন্সার, রেমন্ড পার্সিসহ অনেকে। এ যাবৎ সিনেমাটির বক্স অফিস আয় ১০২ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার।

দ্য জঙ্গল বুক : নব্বইয়ের দশকের সেই প্রিয় মোগলিকে আবারো পর্দায় হাজির করেছেন জন ফ্যাভেরু। ডিজনির লাইভ-অ্যাকশন অ্যাডভেঞ্চার ‘দ্য জঙ্গল বুক’ সিনেমায় ফিরে এসেছে সেই প্রিয় মোগলি। সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে জঙ্গলে হারিয়ে যাওয়া মানবশিশু মোগলি যে পরবর্তীতে হিংস্র পশু-পাখিদের মাঝেই বড় হয় এবং বাঘ শের খানের দ্বন্দ্ব। টিভি পর্দায় মোগলিকে হাজির করেছিলেন রুডইয়ার্ড কিপলিং। আর ডিজনির দ্বিতীয় দ্য জঙ্গল বুক-এর সফরটাকে গা ছমছমে অ্যাকশনে ভরপুর করে পর্দায় নিয়ে এসেছেন জন ফ্যাভেরু। আয়ের দিক থেকে সিনেমাটি রয়েছে চার নম্বরে। এখন পর্যন্ত এর মোট আয় ৯৬ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার।

দ্য সিক্রেট লাইফ অব পেটস : সিনেমার গল্প ম্যাক্স নামের একটি পোষা কুকুরকে নিয়ে। আশেপাশের অন্যান্য প্রাণীদের সঙ্গে ভালোই সময় কাটছিল তার। এর মাঝেই তার মালিক আরো একটি পোষা কুকুর ডিউককে নিয়ে আসে। ডিউক-ম্যাক্সের দ্বন্দ্ব ও পরবর্তীতে বন্ধুত্ব এবং তাদের নানা রোমাঞ্চকর মুহূর্তের গল্প তুলে ধরা হয়েছে অ্যানিমেটেড এ সিনেমাটিতে। সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস রেনড ও এয়ারো চেনি। সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন-লুই সি.কে. এরিক স্টোন্সট্রিট, কেভিন হার্ট, লেক বেল। এই সিনেমার আয় ৮৭ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার।

ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস ‘ম্যান অব স্টিল’ সিনেমার পরের ঘটনা তুলে ধরা হয়েছে ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’ সিনেমায়। পৃথিবী সুরক্ষার জন্য অনেকেই সুপারম্যানের কাজে প্রশংসা করলেও ‘ব্যাটম্যান’ তা ভিন্নভাবে উপলদ্ধি করেন। এ নিয়ে শুরু হয় ব্যাটম্যান ও সুপারম্যান দ্বন্দ্ব। কিন্তু এর মাঝে দেখা দেয় নতুন বিপদ। পরবর্তীতে এ দুই সুপারহিরো মিলেই মোকাবেলা করেন এই বিপদের। সিনেমায় ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক। এবারই প্রথম ‘ব্যাটম্যান’ চরিত্রে দেখা গেছে তাকে। আর ‘সুপারম্যান’ চরিত্রে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল। জ্যাক স্নাইডারের পরিচালিত সিনেমাটির এ পর্যন্ত আয় ৮৭ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার।

ডেডপুল : এক সময়ের স্পেশাল ফোর্সের সদস্য ওয়েড উইলসন। একটি বারে তার দেখা হয় ভ্যানেসা নামের এক মেয়ের সঙ্গে। এরপর তাদের মধ্যে সম্পর্ক। ভেনেসা তাকে বিয়ের প্রস্তাব দেয়, ঠিক তখনই জ্ঞান হারিয়ে ফেলে ওয়েড। পরবর্তী জানা যায় সে ক্যানসা আক্রান্ত। এরপর এক গবেষক তার চিকিৎসা করার প্রস্তাব দেয়। ওয়েডও এতে রাজি হয়। চিকিৎসার ফলে বিশেষ ক্ষমতা পায় সে কিন্তু এতে তার চেহারা বিকৃত হয়ে যায়। পরবর্তীতে নিজেকে ‘ডেডপুল’ হিসেবে পরিচয় দেয় সে। এবং যারা তার এ অবস্থা করেছে তাদের প্রতি প্রতিশোধ মিশনে ঝাপিয়ে পড়ে। টিম মিলার পরিচালিত সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, মোরেনা ব্যাকারিন, টি.জে. মিলার, এড স্কেরিনসহ অনেকে। এখন পর্যন্ত সিনেমাটির আয় ৭৮ কোটি ২৬ লাখ মার্কিন ডলার।

সুইসাইড স্কোয়াড : একটি আত্মরক্ষামূলক টাস্কফোর্স গঠন করার লক্ষ্যে বিপজ্জনক কিছু কারাবন্দি সুপার ভিলেন নিয়োগ করে একটি গোপন সরকারি সংস্থা। তাদের প্রথম মিশন হচ্ছে একটি অলৌকিক ঘটনার রহস্য উদঘাটন করা। ডেভিড আয়ের পরিচালিত সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ, জারেড লেটো, মারগট রবি, ভায়োলা ডেভিস প্রমুখ। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৭৪ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার।

ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম : জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার’ সিরিজের কথা আশা করি সবার মনে আছে। ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’, তার লেখা আরেকটা বইয়ের নতুন সিরিজের প্রথম সিনেমা। ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড’ পরিচালনা করেছেন ডেভিড ইয়েটস, যিনি এর আগে ‘হ্যারি পটার’ সিরিজের শেষ চারটি সিনেমা পরিচালনা করেছেন। এ সিনেমার মাধ্যমে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটছে রাওলিংয়ের। ‘হ্যারি পটার’র গল্পের শুরু যেখানে, তারও ৭০ বছর আগে নিউইয়র্কের প্রেক্ষাপটে এর কাহিনি গড়ে উঠেছে। এ যাবৎ সিনেমাটির আয় ৭২ কোটি মার্কিন ডলার।

ডক্টর স্ট্রেঞ্জ : একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার স্ট্রেঞ্জ এর হাতে সমস্যা দেখা দেয় এবং তার এই সমস্যা সমাধানের খোঁজে বের হন তিনি এবং নেপালে চলে আসেন। সেখানে কমর তাজ নামে আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। তার কাছে তিনি আধ্যাত্মিক জগতের অনেক কিছুই জানতে পারেন। পরে তিনি জানতে পারেন তাকে এক অশুভ শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে হবে, যে কিনা পৃথিবী ধ্বংস করতে চাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন স্কট ডেরিক্সন। বেনেডিক্ট কাম্বারব্যাচ, চিওটেল এজিওফর, রাহেলা ম্যাক এডামস, বেনেডিক্ট ওং অভিনীত সিনেমাটির এখন পর্যন্ত আয় ৬৫ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার।

এছাড়া ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে হোয়াই হিম (রোমান্স, কমেডি), অ্যা মনস্টার কলস (ফ্যান্টাসি, ড্রামা) ও সাইলেন্স (ড্রামা) সিনেমাটি। আগামী ২৫ ডিসেম্বর হলিউডে মুক্তি পাওয়ার কথা রয়েছে- গোল্ড (ড্রামা, থ্রিলার), টুয়েন্টিথ সেঞ্চুরি ওম্যান (কমেডে, ড্রামা), হিডেন ফিগার্স (ড্রামা), লাইভ বাই নাইট (ক্রাইম, ড্রামা) সিনেমাগুলো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ