যুক্তরাষ্ট্রের ড্রোন ফেরত দেবে চীন
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করা ড্রোন ফেরত দিতে চীনের সঙ্গে বোঝাপড়া হয়েছে।
গত বৃহস্পতিবার চীন যুক্তরাষ্ট্রের এ ডুবো ড্রোনটি জব্দ করলেও এর পেছনে কোনো কারণ উল্লেখ করেনি দেশটি। যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গেই ড্রোনটি ফেরত চেয়ে কড়া প্রতিক্রিয়া জানায়। জবাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সমালোচনা করে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে।’
ড্রোন জব্দ নিয়ে চীনের সমালোচনা করে কয়েকটি টুইট করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি টুইটে ট্রাম্প বলেন, ‘চীনের কাছ থেকে আমাদের ড্রোনটি ফেরত চাওয়া উচিত না। এটি তারা রেখে দিক!’
এ ড্রোনটি দক্ষিণ চীন সাগরে পানির নিচে কোনো সামরিক কাজ নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার কাজে লিপ্ত ছিলে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও প্রায় সময়ই এ ধরণের ডুবো ড্রোনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আছে।
ড্রোন জব্দ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিচ্ছে। এর আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টকে ফোন করলে দু’দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। তার কয়েকদিন পরই চীন যুক্তরাষ্ট্রের ড্রোনটি জব্দ করলো।
উল্লেখ্য, তাইওয়ানকে একক চীনের অংশ হিসেবে মেনে নিয়ে দেশটির সঙ্গে সব ধরণের রাষ্ট্রীয় সম্পর্ক ত্যাগ করেছে যুক্তরাষ্ট্র। কয়েক দশক ধরে দেশটির কোনো নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা হবু প্রেসিডেন্টদের ফোনে বা সরাসরি কথা হয়নি। কিন্তু ট্রাম্প সে রীতি ভেঙে তাওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন।
ওই ঘটনার সমালোচনা জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি কার সঙ্গে কথা বলব, সেটি নিশ্চয়ই চীন ঠিক করে দেবে না।’
আবার দক্ষিণ চীন সাগর নিয়েও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুদিন ধরে উত্তেজনা রয়েছে। এ অঞ্চলে চীন কৃত্রিম দ্বীপ স্থাপন করে সেগুলোকে সামরিকীকরণ করছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব অঞ্চল আন্তর্জাতিক জলসীমার অংশ, চীন সেগুলো জোর করে দখল করেছে। যদিও চীন এটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে।
সূত্র: বিবিসি











