আমিরকে বিধ্বংসী হয়ে উঠতে সময় দিন : ইনজামাম
স্পোর্টস ডেস্ক : গতির সাথে সুইং এর মিশ্রনে বিধ্বংসী রুপ পেতে পাক পেসার মোহাম্মদ আমিরকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক পাক গ্রেট ইনজামাম উল হক। পাক ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের মতে, দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছে আমির।
তবে এখনো বিধ্বংসী রুপ দেখাতে পারেননি সে। তবে সেটি পেতে আরও সময় লাগবে। তাই খেলার প্রতি আরও বেশি পরিশ্রমী হতে হবে আমিরকে।
২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় আমিরের। ঐ সময় তার বয়স ছিলো ১৭। ঐ বয়সেই বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিতেন তিনি। ফলে অভিষেকের পর ২০১০ সালের ২৯ আগস্ট পর্যন্ত ১৪ টেস্টে ৫১ উইকেট, ১৫ ওয়ানডেতে ২৫ উইকেট এবং ১৮ টি-টোয়েন্টিতে ২৩ উইকেট শিকার করেন। তার এমন পারফরমেন্সে মুগ্ধ হয়ে আমিরকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে আখ্যায়িত করেন বিশ্বের বড় বড় সাবেক খেলোয়াড়রা। কারণ এই বয়সে গতি ও সুইং দিয়ে যেভাবে উইকেট শিকার করছেন আমির তাতে ভবিষ্যতে বড় তারকা হয়ে না উঠার কোনো কারণই নেই।
কিন্তু হঠাৎই ম্যাচ ফিক্সিংয়ের বিষাক্ত ছোবলে পড়েন আমির। তাতে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেন তাকে। এতে তার জীবন থেকে চলে যায় পাঁচটি বছর। তারপরও ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসার টানে ২০১৬ সালে জানুয়ারিতে টি২০ দিয়ে আবারো আন্তর্জাতিক অঙ্গনে ফিরেন আমির। এরপর টেস্ট ও ওয়ানডেও খেলেন তিনি।
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত অভিষেকের পর এখন পর্যন্ত ৮ টেস্টে ২৫ উইকেট, ৯ ওয়ানডেতে ১২ উইকেট এবং ১৩ টি২০তে ১১ উইকেট শিকার করেছেন ২৪ বছর বয়সী আমির।
তবে আমিরের ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ের পারফরমেন্সে খুশি নন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ডের প্রধান নির্বাচক ইনজামাম, “দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে এখনো বিধ্বংসী রুপ দেখাতে পারেননি আমির। আন্তর্জাতিক ক্রিকেটের সাথে এখনো থিতু হতে পারেনি সে। তবে ক্রিকেটটা খুব উপভোগ করছে। তারপরও এমন পারফরমেন্স আমিরের সাথে যায় না। তার পারফরমেন্স আরও বিধ্বংসী হয়। যা আমরা আগে দেখেছি। তবে সেটি পেতে আরও সময় লেগে যাবে তার। এজন্য খেলার প্রতি আরও বেশি যত্নশীল ও পরিশ্রমী হতে হবে আমিরকে। ”
তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরেই পুরনো আমিরকে ফিরে পাওয়ার আশা করছেন ইনজামাম। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের দুই ইনিংসে মাত্র ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন আমির। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমিরের পুরনো রুপের প্রত্যাশায় ইনজামাম, “গেল নিউজিল্যান্ড সফরে চার ইনিংসে ৭ উইকেট নিয়েছিলো আমির। তবে তাকে সাবলীল মনে হয়নি। কিন্তু অস্ট্রেলিয়ায় প্রস্তুতিমূলক ম্যাচে আমিরের লাইন-লেন্থ দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশিরভাগ বলই লাইন বজায় রেখে করেছে সে। আশা করছি অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজে তাকে বিধ্বংসী রুপে দেখতো পাবো। তবে তার উপর আমরা কোন চাপ দিচ্ছি না। সে তার স্বাভাবিক খেলাটাই খেলুক। এই সফরে না হলে অন্য কোন সিরিজে পুরনো আমিরকে পাওয়া যাবে। ”
আগামী ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্টের আগে একটি তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে পাকিস্তান। ম্যাচটি ২০১ রানের বড় ব্যবধানেই জিতেছে পাকিস্তান।











