জঙ্গি মুসাকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতায় এফবিআই
আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে আটক মসিরুদ্দিন ওরফে আবু আল-মুসাকে জেরা করতে কলকাতায় পৌছেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এজেন্সি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাত সদস্যের টিম।মুসাকে জেরা করতে বৃহস্পতিবার কলকাতায় পৌঁছে এই গোয়েন্দা দলটি। এদিন বিকেলে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র সল্টলেকের কার্যালয়ে আসে এফবিআই’র গোয়েন্দারা।

জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে মুসার সম্পৃক্ততার বিভিন্ন দিক খতিয়ে দেখতেই মার্কিন গোয়েন্দাদের এই সফর বলে জানা গেছে। এনআইএ-এর হেফাজতে থাকাকালে জেরায় কী কী তথ্য পেয়েছে সেই সব তথ্য জেনে নিতে চায় তারা।
এনআইএ’এর একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই মুসাকে জেরা শুরু করবে এফবিআই’এর গোয়েন্দারা। মুসাকে জেরা করতে দিল্লি থেকে এনআইএ’এর একটি বিশেষ দলও কলকাতা গেছে। যদিও এনআইএ’এর কলকাতা ইউনিটের পুলিশ সুপার সৌমিত্র ধর তদন্তের বিষয়ে কিছুই জানাতে চাননি।
এদিনই কড়া নিরাপত্তার মধ্যে মুসাকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাকে দুই দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এনআইএ’এর হেফাজতে থাকাকালেই এফবিআই’এর গোয়েন্দারা মুসাকে জেরা করতে চায়।
গত ১ জুলাই ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর ৪ জুলাই পশ্চিমবঙ্গের বর্ধমান রেল স্টেশনে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার থেকে মুসাকে (২৫) যৌথভাবে আটক করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ সিআইডি।
মুসাকে জেরা করে ইসলামিক স্টেট (আইএস) ও জামায়াুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে এনআইএ’এর গোয়েন্দারা। ঢাকায় জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এনআইএ সূত্রে খবর জেএমবি’র বাংলাদেশের নেতা আবু সুলেইমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই মুসার। ২০১৫ সালের মার্চ মাসে মুসার বোনের বিয়েতেও পশ্চিমবঙ্গে এসেছিল সুলেইমান। ঢাকার গুলশানে জঙ্গি হামলায় এই সুলেইমানের একটা বড় ভূমিকা রয়েছে। সুলেইমানের নির্দেশেই ভারতে মার্কিন নাগরিকসহ বিদেশীদের ওপর হামলা ও তাদের শিরশ্ছেদ করার পরিকল্পনা ছিল মুসার।
মুসাকে ধরা গেলেও দীর্ঘদিন ধরেই সুলেইমানকে খুঁজছে ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা।
উল্লেখ্য মুসাকে জেরা করতে গত আগষ্টে কলকাতায় এসেছিল বাংলাদেশের র্যাবের গোয়েন্দারাও। পাশাপাশি মুসার বিষয়ে এনআইএ’এর বিভিন্ন তথ্যও বিনিময় করে।











