২০ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬১ জেলার মধ্যে ২০ জেলায় একজন করে প্রার্থী রয়েছেন। ফলে এক-তৃতীয়াংশ চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন। যাদের সবাই ক্ষমতাসীন দলসমর্থিত। গত ৪ ও ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই শেষ হওয়ার পর এই চিত্র পাওয়া গেছে। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রার্থীর তালিকা আরও বড় হতে পারে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধির ভোটে হতে যাওয়া এ নির্দলীয় নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত কোনো প্রার্থী অংশ না নেওয়ায় শুধু আওয়ামী লীগ সমর্থিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে, মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার পর ১২ জেলায় একক প্রার্থীর কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলা পরিষদে ২৮ ডিসেম্বর ভোটের দিন রেখে গত ২০ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১১ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রার্থীদের সংখ্যা: একক প্রার্থী: বাগেরহাট, বরগুনা, ভোলা, ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, গাজীপুর, হবিগঞ্জ, জয়পুরহাট, যশোর, ঝালকাঠি, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, নারায়ণগঞ্জ, নাটোর, নেত্রকোণা, সিরাজগঞ্জ, শেরপুর, ঠাকুরগাঁও। দুইজন প্রার্থী: বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কক্সবাজার, ফরিদপুর, ফেনী, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, মাদারীপুর, নীলফামারী, সাতক্ষীরা, টাঙ্গাইল, কুষ্টিয়া, নরসিংদী, রংপুর ও শরীয়তপুর জেলায়।তিনজন প্রার্থী: খুলনা, মাগুরা, ময়মনসিংহ, পটুয়াখালী ও রাজশাহীতে। চারজন প্রার্থী: বরিশাল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, মেহেরপুর, নড়াইল, নোয়াখালী, পাবনা, পিরোজপুর, রাজবাড়ি, সুনামগঞ্জ, সিলেট ও লালমনিরহাট জেলায়। পাঁচজন প্রার্থী: গাইবান্ধা. মানিকগঞ্জ ও মৌলভীবাজারে।
ছয়জন প্রার্থী: চাঁদপুর ও চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া জামালপুরে সাত ও পঞ্চগড়ে আটজন প্রার্থী বৈধ রয়েছেন। ২০টির বাইরে ৪১ জেলায় ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী ও মহাজোটের শরিক দলের অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী হওয়ার জন্য ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীরা চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এ নির্বাচন যেহেতু নির্দলীয়, সেহেতু আমরা প্রার্থীদের সমর্থন দিতে পারি। ইতোমধ্যে দল সমর্থিত প্রার্থীর নামও জানানো হয়েছে। আশা করি দলের নেতাকর্মীরা একক প্রার্থীদের সমর্থন দিয়ে যাবে। ‘বিদ্রোহী’ প্রার্থীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান দলের একজন নেতা। যেহেতু প্রার্থী হয়েছে অনেক জায়গায়, তাদের বুঝিয়ে প্রত্যাহার করানোর চেষ্টা হচ্ছে।
শরিক দলের কেউ থাকলে তাকেও একইভাবে বোঝানোর জন্য স্থানীয়ভাবে ব্যবস্থা নেবে, বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা। তবে গাইবান্ধায় জাসদ সমর্থিত প্রার্থী খাদিমুল ইসলাম খিদু জানান, নির্দলীয় নির্বাচন হওয়ায় দল থেকে কোনো চাপ নেই, ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত সরে দাঁড়ানোর জন্য বলা হয়নি।
ইসি কর্মকর্তারা জানান, বাছাইয়ের পর সাধারণ সদস্য পদে একক প্রার্থী রয়েছেন ১৩৭ জন, আর সংরক্ষিত ৫১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। ইসির জনসংযোগ বিভাগের পরিচালক আসাদুজ্জামান জানান, চেয়ারম্যান পদে ১৯০টি মনোনয়নপত্র জমা পড়ে। সদস্য পদে তিন হাজার ৫৬১টি এবং সংরক্ষিত নারী আসনের সদস্য পদের জন্য ৮৯৫ জন মনোনয়নপত্র জমা দেন।
এই নির্বাচনে সরাসরি ভোট হবে না। জেলাগুলোতে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিয়ে নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য (সাধারণ ও সংরক্ষিত) নির্বাচন করবেন।











