টিকে থাকার ম্যাচে চিটাগাংয়ের মাঝাড়ি স্কোর
স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম দেখলো ক্রিস গেইল-তামিম ইকবাল ঝড়। চার-ছক্কার ফুলঝুড়িতে মাত্র ৫০ বলেই ৭৪ রানের জুটি গড়েন এ দুজন। দল চিটাগং ভাইকিংসও বড় সংগ্রহেরই স্বপ্ন দেখছিল। কিন্তু রাজশাহী কিংসের বোলারদের দাপুটে বোলিংয়ে ১৪২ রানেই থামে চিটাগংয়ের ইনিংস।
হারলেই বিদায় – এমন সমীকরণকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের এলিমিনেটর ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে চিটাগং। এদিন ক্রিস গেইলের পরিবর্তে তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন ডোয়াইন স্মিথ। মাত্র ১৪ বল স্থায়ী এই জুটি থেকে আসে আট রান। ইনিংসের তৃতীয় ওভারে কেসরিক উইলিয়ামসের বলে ড্যারেন স্যামির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ব্রাভো।
তিন নম্বরে ব্যাট করতে আসেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা গেইল। তামিমকে সঙ্গে নিয়ে চার-ছক্কার ফুলঝুড়িতে রানের চাকা আগাতে থাকেন চিটাগংয়ের। মূলত এদিন গেইলই ঝড় তোলেন। বাঁ-হাতি এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান পরপর দুই ওভারে মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুবকে দুটি করে ছক্কা হাঁকান।
এরই মাঝে ব্যক্তিগত ২৫ রানের সময় অনন্য এক মাইলফলক স্পর্শ করেন তামিম। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ঢুকে যান বিপিএলের এক হাজার রানের ক্লাবে। মাত্র ৫০ বলে ৭৪ রানের জুটি গড়ার পথে ইনিংসের ১১তম ওভারে রাজশাহীর কিউই অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের বলে ফরহাদ রেজার হাতে ধরা পড়েন গেইল। ক্যারিবিয়ান এই ব্যাটিং দানবের ৩০ বলে ৪৪ রানের ইনিংসে ছিল দুটি চার ও পাঁচটি ছক্কার মার।
এরপর শোয়েব মালিক ভালো শুরুর ইঙ্গিত দিলেও দ্রুতই ফেরেন তিনি। ব্যক্তিগত ১৪ রানে ফরহাদ রেজার বলে মিরাজের হাতে ধরা পড়েন পাকিস্তানি এই ব্যাটসম্যান। পরের ওভারে ফিরে যান অধিনায়ক তামিমও। আউট হওয়ার আগে বাঁ-হাতি এই ওপেনার তুলে নেন বিপিএলের চলতি আসরের সপ্তম হাফসেঞ্চুরি। তার ৫১ রানের ইনিংসে ছিল ছয়টি চারের মার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগং।
১১৭ রানে চার উইকেট হারানো ভাইকিংস স্কোরবোর্ডে আর মাত্র ১৫ রান যোগ করতেই হারিয়ে বসে আনামুল হক বিজয়, মোহাম্মদ নবী, আব্দুর রাজ্জাক ও তাসকিন আহমেদের উইকেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪২ রানের পুঁজি দাড় করায় চিটাগং। রাজশাহীর হয়ে কেসরিক উইলিয়ামস একাই নেন চার উইকেট। এছাড়াও ফরহাদ রেজা নেন দুটি উইকেট।











