জ্বালানি তেল: এক সপ্তাহে দাম বেড়েছে ১২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক : অবশেষে তেল উৎপাদনকারী দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন ওপেক তার পরিকল্পনার সফলতা পেতে যাচ্ছে। তেল উৎপাদন নিয়ন্ত্রণে আনার মাধ্যমে পণ্যটির দাম বৃদ্ধির যে প্রত্যাশা সংগঠনটি করছিল, তা এখন বাস্তব হয়ে দাঁড়াচ্ছে। কারণ অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উত্তোলন নির্দিষ্ট সীমায় বেঁধে রাখার সিদ্ধান্তের পর থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে পণ্যটির দাম। গত শুক্রবার শেষ হওয়া সপ্তাহে পণ্যটির দাম ১২ শতাংশের বেশি বেড়েছে।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) শুক্রবার ব্যারেলে ৬২ সেন্ট বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম। এদিন জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৫১ দশমিক ৬৮ ডলারে। এর মধ্যে আগের দুদিন (বুধ ও বৃহস্পতিবার) পণ্যটির দাম বাড়ে ১৩ শতাংশের কাছাকাছি। সব মিলিয়ে সর্বশেষ সপ্তাহে নিমেক্সে ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে ডব্লিউটিআইয়ের দাম। ডাও জোনসের তথ্যানুযায়ী, ২০০৯ সালের ২ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহের পর এটিই ছিল পণ্যটির সর্বোচ্চ সাপ্তাহিক দরবৃদ্ধি।
অন্যদিকে লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ব্যারেলে ৫২ সেন্ট বেড়েছে ব্রেন্ট অয়েলের দাম। শুক্রবার আগামী বছরের জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট অয়েল বিক্রি হয় ৫৪ দশমিক ৪৬ ডলারে। সর্বশেষ সপ্তাহে এর দাম বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ। ডাও জোনসের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের জুলাইয়ের পর ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি নিমেক্সে গ্যাসোলিন ও হিটিং অয়েলেরও দাম বেড়েছে। শুক্রবার জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গ্যালনে ১ দশমিক ২ সেন্ট বেড়েছে গ্যাসোলিনের দাম। এদিন দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হয়েছে ১ দশমিক ৫৫৯ ডলারে। সাপ্তাহিক হিসাবে ১৩ দশমিক ৩ শতাংশ দাম বেড়েছে পণ্যটির।
এছাড়া জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গ্যালনে ১ সেন্ট বেড়ে প্রতি গ্যালন হিটিং অয়েল বিক্রি হয়েছে ১ দশমিক ৬৫৮ ডলারে। সাপ্তাহিক হিসাবে ১১ দশমিক ৬ শতাংশ দাম বেড়েছে হিটিং অয়েলের।
ভিয়েনায় ওপেকের সর্বশেষ সভায় গৃহীত সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। গত ৩০ নভেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত সভায় ওপেকভুক্ত ১৪টি দেশ জ্বালানি তেলের সম্মিলিত দৈনিক উত্তোলন তিন কোটি ২৫ লাখ ব্যারেলের মধ্যে সীমিত রাখতে সম্মত হয়েছে। এক্ষেত্রে ওপেকভুক্ত দেশগুলোকে সম্মিলিতভাবে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ১২ লাখ ব্যারেল কমিয়ে আনতে হবে।
এর আগে গত ২৬-২৮ সেপ্টেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে পণ্যটির দৈনিক উত্তোলন তিন কোটি ২৫ লাখ থেকে তিন কোটি ৩০ লাখ ব্যারেলের মধ্যে সীমিত রাখতে প্রাথমিকভাবে সম্মত হয়েছিল ওপেকভুক্ত দেশগুলো। সে বৈঠকের পর ওপেকের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভিয়েনার বৈঠকে নেয়া হবে।
তবে ভিয়েনার বৈঠকে পণ্যটিতে উত্তোলনসীমা আরোপ করা সম্ভব হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল নানা সংশয়। অন্যতম শীর্ষ উত্তোলক দেশ ইরান ও ইরাক উত্তোলনসীমা আরোপের ক্ষেত্রে তাদের জন্য পৃথক নীতি দাবি করায় বিষয়টি জটিল হয়ে উঠেছিল। ইরান-ইরাকের সঙ্গে নাইজেরিয়া ও লিবিয়াও উত্তোলনসীমা আরোপের বিপক্ষে ছিল। তবে সব চড়াই-উতরাই পেরিয়ে পণ্যটিতে উত্তোলনসীমা আরোপ করতে সক্ষম হয়েছে ওপেক।
জ্বালানি তেলের উত্তোলন-সম্পর্কিত এ চুক্তি যদি যথাযথভাবে বাস্তবায়ন হয়, তাহলে ২০১৭ সালজুড়ে পণ্যটির গড় দাম ব্যারেলে ৫৫-৬০ ডলারের মধ্যে থাকবে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।
বাজার বিশ্লেষকরা জ্বালানি তেলের দরবৃদ্ধির পেছনে ওপেকের সিদ্ধান্তের পাশাপাশি আর্থিক খাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর খবরকেও দায়ী করছেন। পারমাণবিক অস্ত্র ও মিসাইল তৈরির অভিযোগে ইরানের ওপর আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, যার মেয়াদ শেষের দিকে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটে এ নিষেধাজ্ঞা আরো ১০ বছর বৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তরের আগেই এ বিলে স্বাক্ষর করবেন।
এ সম্পর্কে বৈশ্বিক অপরিশোধিত ও পরিশোধিত পণ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্লিপার-ডাটার বিশ্লেষক ট্রয় ভিনসেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কটি অবনতির দিকে যাচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে ইরানের জ্বালানি তেল রফতানি প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।’
প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ফিল ফ্ল্যান বলেন, ‘নতুন করে ইরানের ওপর যদি যুক্তরাষ্ট্র আর্থিক খাতে নিষেধাজ্ঞা জারি করে, তাহলে ইরান যুক্তরাষ্ট্রে তেল রফতানি করতে পারবে না।’
২০১৪ সালের মাঝামাঝি সময়ের পর থেকে জ্বালানি তেলের দরপতন শুরু হয়। পরবর্তী আড়াই বছরে পণ্যটির দাম কমেছে প্রায় ৬০ শতাংশ। বড় ধরনের দরপতনের কারণে তেলনির্ভর দেশগুলোর অর্থনীতি ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে।











