মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফিফ বিস্ময়ে প্লে অফের পথেই থাকল রাজশাহী

afifস্পোর্টস ডেস্ক : আফিফ হোসেন। বিপিএলে জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমে ঘোর লাগিয়ে দিলেন সবার চোখে।

মাত্র ১৭ বছরের এই অফ স্পিনার ২১ রানে নিয়েছেন ৫ উইকেট। আর তার বিস্ময়কর পারফরম্যান্সের পর চিটাগং ভাইকিংসকে বেশ সহজেই হারিয়েছে রাজশাহী কিংস। জয়টা ৬ উইকেটের। হারের পরও চিটাগং (১২ পয়েন্ট) দ্বিতীয় দল হিসেবে প্লে অফ বা শেষ চারে চলে গেল। চিটাগংয়ের রান রেট +০.২৩৩, রাজশাহীর +০.২০৮। তৃতীয় স্থানের রাজশাহীর ভাগ্য এখন আর তাদের হাতে না। ১২ ম্যাচের পর ১২ পয়েন্ট তাদের। ১১ ম্যাচে ১২ পয়েন্ট খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের। তাদের ম্যাচ রবিবার। ওই ম্যাচের ওপরই রাজশাহীর ভাগ্য।
শনিবার আফিফের কল্পনাকে হার মানানো অভিষেকের ম্যাচে রাজশাহী বিপক্ষে ৯ উইকেটে মাত্র ১১১ রান তুলতে পারে চিটাগং। সেটিও সম্ভব হয়েছে বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে পাকিস্তানের শোয়েব মালিক ৫৪ বলে ৬৭ রানের হার না মানা ইনিংস খেলায়। এরপর জেমস ফ্রাঙ্কলিন খেললেন ২৭ বলে হার না মানা ৬৩ রানের বিধ্বংসী ইনিংস। তাতে ১৩.৫ ওভারেই ৪ উইকেটে ১১২ রান রাজশাহীর।

ম্যাচের ফল নির্ধারণ হওয়ার আগেই বুঝি ম্যান অব দ্য ম্যাচ আফিফ! বিপিএল যে কোনো অভিষিক্তর কাছ থেকে এমন পারফরম্যান্স আগে দেখেনি। ৪-১-২১-৫। আফিফের বোলিং বিপিএলের ইতিহাসের তৃতীয় সেরা। কোনো বাংলাদেশি হিসেবে বিপিএলে এটাই সেরা ফিগার। সর্বকনিষ্ঠ হিসেবে সব রেকর্ডই আফিফের। টি-টোয়েন্টি ইতিহাসে ৫ উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ।

বিকেএসপির এই টিনএজারকে ড্যারেন স্যামিরা নিয়েছিলেন তাদের অস্তিত্ব রক্ষার ম্যাচে। চিটাগংয়ের কাছে হারলেই রাজশাহীর বিদায় আসর থেকে। আফিফের পারফরম্যান্সের পরও রাজশাহী হারলে তা হত দূর্ভাগ্যজনক। তা হয়নি।

চিটাগং ব্যাট করতে নামে। এরপর আফিফের ঘোর লাগা পারফরম্যান্স। তার প্রথম উইকেটটি জহুরুল ইসলামের। দ্বিতীয় উইকেটটি টি-টোয়েন্টি ইতিহাসের সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের! ভাবা যায়! ৫ উইকেট পূরণ করা শেষ ওভারটি ডাবল উইকেট মেডেন! মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রূপকথার গল্পই তার অফ স্পিনে লিখেছেন আফিফ।

বিকেএসপির শিক্ষার্থী ও আসন্ন এশিয়া কাপে অনূর্ধ্ব-১৯ দলের সহ অধিনায়ক খুলনার আফিফ বল পেলেন পঞ্চম ওভারে। ততক্ষণে তামিম ইকবাল (০) ও এনামুল হককে (৮) হারিয়েছে চিটাগং। আফিফ তার তৃতীয় বলেই জহুরুল ইসলামকে (১৩) তুলে নেন। চমকের পর চমক লাগিয়ে টানা ৩ ওভারে ৩ উইকেট তার।

দ্বিতীয় ওভারে গেইল (৫) আফিফের বলের লাইন ধরতে না পেরে বোল্ড। পরের ওভারে জাকির হাসান (৩) এলবিডাব্লিউর শিকার। ৩৭ রানে ৫ উইকেট নেই চিটাগংয়ের।

শোয়েব মালিক একপ্রান্ত ধরেন। কিন্তু অন্য প্রান্তে বিপদ। ১২তম ওভারে নাজমুল ইসলাম তুলে নেন মোহাম্মদ নবিকে (১২)। পরের ওভারটি কোটার শেষ আফিফের। আসলেন। প্রথম বলেই এলবিডাব্লিউর শিকার সাকলাইন সজীব (১)। ৩ বল পর ইমরান খান (০) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। ৫ উইকেট শিকারের উল্লাস আফিফের। উৎসব রাজশাহীর। ৭০ রানে ৮ উইকেট নেই চিটাগংয়ের।

তবু যে রানটা ১০০ পেরুলো তার সব কৃতিত্বই শোয়েবের। দারুণ বিপদে নবম উইকেটে তাসকিন আহমেদকে (২) নিয়ে গড়লেন ৩০ রানের জুটি। শেষ পর্যন্ত শোয়েব অপরাজিত ৫৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় গড়া ৬৭ রানের ইনিংসে।

কিন্তু ওই সংগ্রটা চিটাগংয়ের জন্য যথেষ্ট ছিল না। তাদের তো আর আফিফ নেই! ৩৭ রানের মধ্যে নুরুল হাসান (১২) ও মুমিনুল হককে (২১) হারায় রাজশাহী। ফ্রাঙ্কলিন আর সাব্বির ২৩ বলে ৪০ রানের জুটি গড়লেন। সাব্বির ৮ রানে বিদায় নিলেন। স্যামিও (৩) ফিরলেন। কিন্তু ফ্রাঙ্কলিন ২৩ বলে ফিফটি করেছেন। জয় নিয়ে ফিরেছেন। অস্তিত্বের লড়াই হয়ে যাওয়া ম্যাচে আফিফ বিস্ময়ের পর ফ্রাঙ্কলিন ঝড়ে রান রেট বাড়িয়ে রেখে বিপিএলে টিকে থাকল রাজশাহী।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের