সরাইলে পুলিশের পিটুনিতে ছাত্রলীগ নেতা আহত মহাসড়ক অবরোধ জুতা মিছিল, এএসআই কামরুল ক্লোজড
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতার জায়গা সংক্রান্ত বিরোধের নিস্পত্তি করতে এসে পুলিশের পিটুনিতে আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে প্রথমে অন্নদা স্কুল মোড়ে ও পরে থানা চত্বরে এ মারধরের ঘটনা ঘটে। রুবেলকে মারধরের ঘটনায় জড়িত পুলিশের বিচারের দাবীতে সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাজার এলাকা অবরোধ করে ফেলে স্থানীয় লোকজন। অবরোধ চলাকালে উত্তেজিত লোকজন পুলিশের বিরুদ্ধে জুতা মিছিল করে। সড়কের কয়েকটি পয়েন্টে টায়ার ও লাকড়িতে আগুন জ্বালিয়ে দেয়। দুপুর ১২টার পর সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী পুলিশদের বরখাস্থের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করিয়েছেন। দুপুরের পর এক পুলিশ সদস্যকে পুলিশ সুপারের নির্দেশে ক্লোজড করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী রুবেল জানায়, শাহজাদাপুর ইউনিয়নের মলাইল এলাকায় ন্যাশনাল ব্রিকসের মালিক হুমায়ুন কবির ও নিহাদ ব্রিকসের মালিক জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম আপনের মধ্যে সেখানকার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সরাইল থানায় বসে বিষয়টি নিস্পত্তির কথা ছিল। ওই নিস্পত্তি সভায় যোগ দেওয়ার জন্যই ছাত্রলীগ নেতা রুবেল এসেছিলেন।
পুলিশের আহবানে সভায় শাহবাজপুর গ্রামের বাসিন্ধা জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ ও ইউপি যুবলীগের সভাপতি শাহ মোঃ কাইয়ুম ও এসেছিলেন। সকাল ১০টার দিকে রুবেল তার এপাচি আর টি আর ১৫০ সিসি মোটর সাইকেলটি চালিয়ে থানায় আসার পথে সরাইল সদরের অন্নদা স্কুল মোড়ে সড়কের উপর পুলিশের পিকআপ দাঁড়িয়ে থাকায় যানজটে পড়ে। রুবেল পিকআপের চালক কন্সটেবল আলাউদ্দিনকে সড়ক থেকে দ্রুত গাড়িতে বলে। এতে রেগে যান আলাউদ্দিন। তারা দুজনের মধ্যে এ বিষয়ে বাক-বিতন্ডা হয়। এ সময় সিভিল ড্রেসে থাকা উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মোঃ কামরুল ইসলাম রুবেলের শার্টের কলারে ধরে বেধরক কিলঘুষি দিতে থাকেন। এক পর্যায়ে রুবেলের শার্টটি ছিঁড়ে যায়। পরে মোটর সাইকেলটি নিয়ে রুবেল থানায় যায়। থানা চত্বরে এসে এএসআই কামরুলের কাছে তাকে এ ভাবে মারধর করার কারণ জানতে চাইলে আরো ক্ষেপে যান তিনি। পরে কামরুল আলাউদ্দিন সহ ২-৩ জন পুলিশ মিলে রুবেলকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। আ’লীগ নেতা দিলীপ নাগ ও যুবলীগ নেতা কাইয়ুম ছাত্রলীগ নেতা রুবেলকে পুলিশের কবল থেকে উদ্ধার করে সরাইল হাসপাতালে ভর্তি করেন।
এ সময় আহত হন দিলীপ নাগ ও কাইয়ুম। মুহুর্তের মধ্যে এ খবর রুবেলের গ্রাম শাহবাজপুর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন উত্তেজিত হয়ে পড়ে। সকাল ১১টার দিকে সহ¯্রাধিক লোক মারধরে জড়িত পুলিশদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাজার এলাকায় অবরোধ করে ফেলে। ফলে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট, সিলেট-ময়মনসিংহ ও সিলেট-চট্রগ্রাম সড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে স্থানীয় উত্তেজিত লোকজন পুলিশের বিরোদ্ধে নানা অশ্লিল শ্লোগান দিয়ে জুতা মিছিল করেছে। টায়ার ও লাকড়ির সাহায্যে সড়কের বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এক সময় বিচার না হওয়া পর্যন্ত অবরোধ না ছাড়ার ঘোষনা দেয় উত্তেজিত লোকজন। দুপুর ১২টায় ঘটনাস্থলে হাজির হন সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা। তিনি এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বরখাস্থ করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। উপজেলা আ’লীগের সদস্য দিলীপ নাগ, ইউপি যুবলীগ সভাপতি শাহ মোঃ কাইয়ুম ও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম আপন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশ জনগনের বন্ধু।
এ কথার উপর আস্থা রাখা কঠিন। এস আই আবদুল আলীমের আহবানে আমরা থানায় গিয়েছিলাম একটি ঘটনার নিস্পত্তির জন্য। পুলিশ ছাত্রলীগ নেতাকে রাস্তায় মারধর করল। ওসি সাহেবকে জানালাম। তিনি মুঠোফোনে আমাদেরকে থানায় যেতে বললেন। থানায় যাওয়ার পর ডিউটি অফিসার এএসআই শাহজালাল চিৎকার করে নির্দেশ দিয়ে বলেন, ওকে কাষ্ট্ররিতে ঢুকান। কামরুল আলাউদ্দিন সহ কয়েকজন পুলিশ রুবেলের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিলঘুষি ও ছোট লাঠি দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকেন। মানুষ মানুষকে এ ভাবে মারতে পারে না।
রুবেলকে উদ্ধার করতে গিয়ে আমরা কয়েকজন আহত হয়েছি। জড়িত পুলিশদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবী জানাচ্ছি। শাহবাজপুর ইউপি আ’লীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল ও সাধারন সম্পাদক মোঃ কালন মিয়া বলেন, ছাত্রলীগ নেতার উপর পুলিশের বর্বরোচিত হামলার নিন্দা ও ধিক্কার জানাই। দায়ী পুলিশ সদস্যদের বিরোদ্ধে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। অভিযুক্ত এ এস আই মোঃ কামরুল ইসলাম বলেন, আমি তাকে মারধর করিনি। কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। এর বেশী কিছু না। এএসআই শাহজালাল বলেন, আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আমার বিরোদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপারের বরাদ দিয়ে বলেন, এ এস আই মোঃ কামরুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।











