খোলা আকাশের নিচে ইউরিয়া: রাজশাহীতে বাতাসের সঙ্গে ছড়াচ্ছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে এক বছর ধরে বিসিআইসির ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে থাকায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে পরিবেশ। এতে ওই এলাকায় বসবাসরত মানুষরা বিভিন্ন ধরনের শারীরিক পার্শ্বক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে সন্ধ্যার পর থেকেই ওই এলাকার মানুষজন ঘরে টিকতে পারছেন না। সন্ধ্যা থেকে চোখ জ্বালা করে পানি পড়তে শুরু করে এবং সঙ্গে সঙ্গে হাঁচি শুরু হচ্ছে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, খোলা আকাশের নিচে সার পড়ে থাকলে সারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস বাতাসের সঙ্গে মিশে বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ তৈরি করে। দীর্ঘ সময় কেউ এই পরিবেশে থাকলে তার মারাত্মক রোগ দেখা দিতে পারে।
বিসিআইসি সার গুদাম সূত্রে জানা গেছে, নগরীর শিরোইল কলোনীতে অবস্থিত বিসিআইসি পরিচালিত সার গুদামে প্রধানত শাহজালাল ফার্টিলাইজার প্রস্তুতকৃত ইউরিয়া সার রাখা হয়। এছাড়া চিন, আবুধাবি ও কাতার থেকে উৎপন্ন ইউরিয়া সার আমদানি করে গুদামে রাখা হয়। ওই গুদামে ৮ হাজার মেট্রিক টনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে সার রাখা হয়েছে ১৮ হাজার ৭৩৫ মেট্রিক টন। এর মধ্যে গুদামের বাইরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে ৩ হাজার ৯০০ মেট্রিক টন। সারগুলো রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করা হয়।
বিসিআইসি সূত্রে জানা গেছে, এক বছর ধরে সারগুলো খোলা আকাশের নিচে রয়েছে। বৃষ্টির পানি ও রোদের তাপে সার গলে গড়ে ৫০০ বস্তার মধ্যে ৬০টি বস্তার সার গলে মাটির সঙ্গে মিশে যায়। খোলা আকাশে রাখা সারের তলার দিকের বহু বস্তা শক্ত হয়ে গেছে। যা কোনো কাজে লাগানো যায় না বলে কয়েকজন ডিলার জানিয়েছেন।
দীর্ঘ সময় ওই এলাকায় খোলা আকাশের নিচে সারের বস্তা পড়ে থাকায় গুদামের পাশের জনবহুল এলাকার মানুষজন বিভিন্ন ধরনের শারীরিক পার্শ্বক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন। তারা বলেন, সন্ধ্যার পর থেকে শুরু হয় তীব্র ঝাঁঝ। চোখ জ্বালা করে পানি পড়তে শুরু করে। কেউ এই এলাকায় আসতে চায় না। অনেকের পেট ব্যথা, শ্বাসকষ্ট, হাঁচি, চোখ জ্বালা করাসহ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
বিসিআইসি গুদামের পাশেই রাজশাহী জজ কোর্টের আইনজীবী সৈয়দা শামসুন্নাহার মুক্তির চেম্বার। তিনি বলেন, অবস্থা এমন দাঁড়িয়েছে, সন্ধ্যার পর থেকে চেম্বারে টেকা যায় না। বাসায় গিয়ে দরজা-জানালা বন্ধ করে রাখলেও অসহ্য ঝাঁজে চোখ জ্বালাপড়া করে। ভয়ে কোনো ক্লায়েন্ট, আত্মীয়স্বজন সন্ধ্যার পর এই দিকে আসতে চায় না।
ওই এলাকার একজন দোকানদার বলেন, আমরা দীর্ঘদিন ধরে থাকার কারণে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু নতুন কেউ কোনো কাজে এই এলাকায় এলে টিকতে পারে না। ওই এলাকায় গিয়ে ইউরিয়ার এই প্রতিক্রিয়ার সত্যতা টের পাওয়া গেছে। কিছুক্ষণ পরও তার চোখ জ্বালা করে পানি পড়তে শুরু করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. রকীব আহমেদ যুগান্তরকে জানান, ইউরিয়া পুরোটাই কেমিকেল দিয়ে তৈরি। কাজেই স্তুপাকারে দীর্ঘদিন ধরে এখানে খোলা জায়গায় ইউরিয়া থাকার কারণে অ্যামোনিয়া গ্যাস বাতাসের সঙ্গে নিঃশ্বাসের মাধ্যমে মানবদেহে ঢুকে পড়তে পারে। যা ক্ষতির কারণ।
নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের এক কর্র্মকর্তা জানিয়েছেন, অবশ্যই খোলা আকাশের নিচে সার পড়ে থাকলে ক্ষতি হবে। কারণ সারের মধ্যে থাকা অ্যামোনিয়া গ্যাস বাতাসে মিশে ক্ষতিকর উপাদান তৈরি করে। যা শরীরে মিশে গিয়ে নানা ধরনের জটিল রোগ তৈরি করতে পারে।
তবে রাজশাহীর বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের অবসরপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল হাই বলেন, এভাবে খোলা আকাশের নিচে ইউরিয়া রাখা হলে অবশ্যই ক্ষতি হবে। পরিবেশ ও মানুষ-উভয়ের জন্যই ক্ষতিকর। বিশেষ করে সারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস বাতাসের সঙ্গে মিশে ভেসে বেড়ায়। নাকের সাহায্যে শরীতে তা প্রবেশ করছে। চোখে ঢুকে পড়ায় পানি ঝরছে। এগুলো দীর্ঘমেয়াদী হলে জটিল সমস্যা দেখা দেবে।











