আমীর নিয়ে নয়া সংকটে জামায়াত
নিজস্ব প্রতিবেদক : নতুন আমীর মকবুল আহমাদকে নিয়ে বেশ সংকটে পড়েছে জামায়াতে ইসলামী। প্রায় ছয় বছর ভারপ্রাপ্ত আমীরের দায়িত্বে ছিলেন তিনি। গত ১৭ই অক্টোবর দলটির তৃতীয় আমীর হিসেবে তার নাম ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচিত হওয়ার ১৫ দিনের মাথায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হলে নতুন করে বিপর্যয়ের মুখে পড়ে জামায়াত। গত ৪ঠা নভেম্বর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ফেনীতে মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ শুরু করে। ওই দিন ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া লালপুর গ্রামের পাল বাড়িতে তদন্ত করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত দল। এরপর তদন্ত দলের প্রধান মো. নুরুল ইসলাম তাৎক্ষণিক সাংবাদিকদের জানান, তারা ঘটনাস্থল ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলেছেন। ওই সময় ঘটে যাওয়া ঘটনাগুলো লিপিবদ্ধ করেছেন।

সে অনুযায়ী একটি প্রতিবেদন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়া হবে। ওই সময়কার হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কাদের নির্দেশে ওই সময় ঘটনা ঘটেছে তা প্রতিবেদনে উল্লেখ করা হবে। তবে সার্বিক বিষয় বিবেচনা করে ও তদন্তের স্বার্থে দোষী ও দায়ী ব্যক্তিদের নাম গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি। তবে ১৪ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হান্নান খান এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ রয়েছে বলে জানান। এর আগে দাগনভূঁইয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্লাহ বাঙালি বলেন, তৎকালীন শান্তি কমিটির নেতা ও বর্তমান জামায়াতের আমীর মকবুল আহমাদের নির্দেশে ’৭১ সালে আলবদররা জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া লালপুর গ্রামের হিন্দুপাড়ায় আগুন দিয়ে ১০ জনকে হত্যা করে। এসময় একই এলাকার খুশিপুর গ্রামের আহসানউল্লাহ নামে অন্য এক মুক্তিযোদ্ধাকে হত্যা করে লাশ সিলোনিয়া নদীতে ফেলে দেয়া হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান বলেন, দেরিতে হলেও মানবতাবিরোধী কর্মকাণ্ডে তদন্ত শুরু হয়েছে। নৃশংস এই হত্যার সঙ্গে যেসব যুদ্ধাপরাধী জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।
তবে এ অভিযোগ অস্বীকার করে ফেনী জেলা জামায়াতের আমীর একেএম শামসুদ্দিন ১০ই নভেম্বর এক বিবৃতিতে বলেন, ফেনী কলেজের সাবেক ভিপি, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা শহীদ মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিন ও মুক্তিযোদ্ধা আনা মিয়াকে মকবুল আহমাদের নির্দেশে হত্যা করার যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কোনো হত্যাকাণ্ড এবং কারো বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে মকবুল আহমাদের সামান্যতম সম্পর্ক নেই। তিনি দাবি করেন, মকবুল আহমাদ ফেনীর দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। একজন আদর্শবাদী শিক্ষক হিসেবে ফেনীর সর্বত্রই তার সুনাম ও সুখ্যাতি রয়েছে। ফেনীর জনগণের নিকট তার স্বচ্ছ ও উজ্জ্বল ভাবমর্যাদা বিরাজমান। স্বাধীনতার ৪৫ বছরের মধ্যে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। জামায়াতের আমীর হওয়ার পরদিন থেকে ‘বানোয়াট’ অভিযোগ উত্থাপন করা থেকেই বোঝা যায় যে, এসব অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
প্রসঙ্গত, ২০১০ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী গ্রেপ্তার হওয়ার পর থেকেই মকবুল আহমাদ ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর নতুন আমীর নির্বাচন করে জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরা। ওদিকে নির্বাচিত হয়েই প্রথম বিবৃতি দিয়ে আলোচনায় উঠে আসেন মকবুল আহমাদ। ওই দিন দেশবাসীর উদ্দেশে দেয়া প্রায় দুই হাজার শব্দের বিবৃতির প্রথম প্যারায় মকবুল আহমাদ বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে সব জনগণ ও বীর মুক্তিযোদ্ধার বীরত্বপূর্ণ ভূমিকা ও অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি তাদের কথা আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
বিশেষভাবে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল অবিসংবাদিত নেতাদের আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।’ এ পর্যায়ে স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য নিন্দিত সমালোচিত জামায়াত নতুন নেতৃত্বের মাধ্যমে কি বার্তা দিতে চায়, দলের রাজনৈতিক কৌশলে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্ন উঠে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু হলে চাপা পড়ে যায় সে আলোচনা। একই কারণে জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ অন্য পদগুলোর মনোনয়ন প্রক্রিয়াও থেমে যায়। শুরু হয় নেতৃত্ব রক্ষার নতুন সংকট। অবশ্য দলটির মাঠ পর্যায়ে এর তেমন কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন কুমিল্লা জেলা জামায়াতের দায়িত্বশীল নেতা নজরুল ইসলাম। তিনি বলেন, নতুন আমীরের নাম ঘোষণার পর কিছু সংবাদ মাধ্যম এবং বুদ্ধিজীবী এই সংকট সৃষ্টি করেছেন। আসলে যুদ্ধাপরাধ তিনি করেননি। করেছে তার চেয়ার। ওই চেয়ারে যে বসবেন তিনিই হবেন যুদ্ধাপরাধী।











