রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আ.লীগ : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মনে করে তারা যেভাবে নির্বাচিত হয়েছিল সেই বিনাভোটে, আবার সেভাবে নির্বাচিত হতে চায়। কারণ তারা নির্বাচন দিতে চাই না। তারা জানে নির্বাচন দিলে বিজয়ের কোনো সম্ভাবনা নেই। দেশের মানুষ তাদের ভোট দেবে না। এজন্যই তারা বিএনপির দেয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে।
আজ শুক্রবার বিকেলে এক সভায় তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, সঙ্কট উত্তরণে প্রধানমন্ত্রীর সাথে খালেদা জিয়ার সংলাপ হতে হবে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে বিএনপির সাক্ষাৎ চাওয়ার প্রসঙ্গে বি চৌধুরী বলেন, প্রেসিডেন্টের কাছে গিয়ে কী করবেন? আমি নিজে ছিলাম, জানি। সংবিধান বলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলবেন। তিনি যা বলবেন, তাকে তা শুনতে হবে।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অ্যাপক জসীম উদ্দিন আহমেদ, সাংবাদিক মাহফুজউল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মমহাসচিব এ এস এম শামীম, অ্যাডভোকেট মজিবুর রহমান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
অধ্যাপক বি চৌধুরী বলেন, আজকের সরকারের মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি, প্রাইম মিনিস্টার হেজ ম্যাক্সিমাম পাওয়ার। একমাত্র শক্তিশালী ব্যক্তি সরকারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করতে হবে। যে ডায়ালগ খালেদা জিয়া মিস করেছেন, সাথে সাথে বাতিল করে দিয়েছেন, আজকে উনার বক্তব্য সাথে সাথে বাতিল করে দেয়।
বক্তব্য শেষ হওয়ার আগেই বাতিল হয়ে যায়। তবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের বিষয়টি নেতিবাচক হিসেবে না দেখে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, প্রেসিডেন্টের কাছে যান ভালো। তিনি দেশের এক নম্বর গণমাণ্য ব্যক্তি- এটা ঠিক আছে। কিন্তু করার ক্ষমতা তার তো কিছু নাই।
রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে বি চৌধুরী বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা নাই। শুধু একটাই আছে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম- দুই মিনিট রাস্তা ব্লক করতাম যাতে সরাসরি গাড়ি যেতে পারে। আজকে ১৪ মিনিট আমাকে বসিয়ে রাখা হয়েছে, মাননীয় প্রেসিডেন্ট যাবেন। উন্নতি এটাই হইছে। আসলে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই। মাননীয় প্রেসিডেন্টের দোষ দিয়ে কোনো লাভ নেই। তাকে নির্বাচন কমিশনের যা কিছু ধরাইয়া দেন না কেনো, শেষ পর্যন্ত তিনি কিছু করতে পারবেন না। আপনাদের প্রস্তাব সুন্দর-অসুন্দর পরে কথা কথা। এখন যেখানে গিয়ে ধর্ণা দেবেন, তার তো কোনো ক্ষমতা নাই, বেচারা তিনি কী করবেন?
প্রধানমন্ত্রীর হাসিনার উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশে যখন প্রধানমন্ত্রী বা মন্ত্রীর মতো বড় বড় পদে থাকে এবং পরে চলে যায়, তখন লোকে বিচার করে কি কি করেছেন তা দিয়ে নয়। কি কি করতে পারেন নাই সেটাই মানুষের কাছে বিবেচ্য বিষয় হয়। এটাই মানুষের প্রকৃতি। আমি বলব, মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো কাজ করেন নাই, সেগুলো হিসাব করেন, সেটাই জরুরি। দেশের মানুষকে যা দিতে পারেন নাই, সেটাই মানুষ আলোচনা করবে। আজকে দেশে যে বিশৃঙ্খলা হয়েছে, বিনা বিচারে কত মানুষকে গ্রেফতার করেছেন, কত মানুষ জেলে রয়েছে বছরের পর বছর- হিসাব-নিকাশ করবে লোকেরা। কত মানুষ গায়েব হয়ে গেছে, হিসাব করবে লোকে, যার সন্তান গায়েব হয়ে গেছে, সে ভুলবে না।
বি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দেশটাকে রক্ষা করুন, দেশটাকে বাঁচান, দেশের মানুষকে বিশ্বাস করুন এবং সবার সাথে কথা বলুন। মানুষের কথা আপনাকে শুনতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে মজলুম জননেতা মওলানা ভাসানীকে স্মরণ করায় ধন্যবাদ জানান তিনি।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্মমতায় খালেদা জিয়া বিবৃতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বিকল্পধারার সভাপতি বলেন, আজকে রোহিঙ্গারা মজলুম। আজ মওলানা ভাসানী যদি বেঁচে থাকতেন, যে জুলুম ও অত্যাচার রোহিঙ্গাদের প্রতি করা হয়েছে, যেভাবে তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হয়েছে, তাদের চাকু দিয়ে শরীরে অত্যাচার করা হয়েছে- এর চেয়ে বড় মজলুম কোখায় আছে? এর প্রতিবাদ তো সব গণতান্ত্রিক শক্তির করা উচিৎ। সেই কন্ঠস্বর কোথায়? সেই সিংহ হৃদয় কোথায়। আজকে মওলানা থাকলে সেই প্রতিবাদ করতেন।
তিনি বলেন, আজকে মনে হয় না, যে আমাদের দেশে স্বাধীন সরকার। কোথায় সেই প্রতিবাদ? বিএনপি চেয়ারপারসনের প্রতিবাদ তো আমরা দেখতে পাইনি। এটা লজ্জার কথা, দুঃখের কথা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমি প্রতিবাদ করেছি, বিবৃতি দিয়েছে। তখন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী বলেন, নো, ইউ আর নাম্বর টু। আমি চাকরি করি নাই। ফখরুলকে আমি স্নেহ করি। ফখরুলের ভাষা বেগম খালেদা জিয়ার কন্ঠে শুনতে চায় মানুষ। নিশ্চয়ই মজলুমকে আশ্রয় দিতে হবে, তাদের পক্ষে কথা বলতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের ভোটের অধিকার নেই। নির্বাচন কমিশনের আমরা একটা ধারণা দিয়েছি, প্রস্তাব দিয়েছি- এই নির্বাচন কমিশন এই ধরনের হলে একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে যদি নির্বাচনে সহায়ক সরকার করা যায়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে।
কিন্তু প্রস্তাব উপস্থাপনের সাথে সাথে আওয়ামী লীগ তা নাকচ করে দেয়া হয়েছে- বললো হবে না। আজকে আইনমন্ত্রী বলেছেন এটার মধ্যে কিছু নাই। উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে- যেভাবে নির্বাচিত হয়েছিলাম সেই বিনাভোটে, আবার আমরা সেভাবে নির্বাচিত হতে চাই। কারণ আমরা নির্বাচন দিতে চাই না। আমরা জানি নির্বাচন দিলে আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই। দেশের মানুষ তাদের ভোট দেবে না।
তিনি বলেন, আওয়ামী লীগে ভয় তারা জনগণের সাথে নেই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা জনগণের ওপর আস্থা না রেখে অস্ত্রের ওপর নির্ভর করতে হচ্ছে, তারা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে বন্দি করে রাখার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রের সব যন্ত্রগুলো ব্যবহার করে পুরোপুরি জনগণকে দমন করে যে শাসন, তা করছে। মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার সংগ্রামকে এগিয়ে নেয়ার আহবানও জানান মির্জা ফখরুল।











