ইসরায়েলে দাবানলে ঘরছাড়া ৮০ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ‘হাইফা’র অগ্নিকা- নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উত্তরাঞ্চলে সংঘঠিত দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। শহরের প্রায় ৮০ হাজার মানুষকে তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন উর্দুর ।
দুই মাসের খরার ধারাবাহিকতায় সৃষ্ট ওই দাবানল তীব্র বাতাসের কারণে শহরটির উত্তরাংশে ছড়িয়ে পড়ে। পশ্চিম তীরের জেরুজালেমের কাছাকাছি থাকা ঘর-বাড়িগুলোও দাবানলের হুমকির মুখে রয়েছে। বেশ কিছু স্থাপনা ও গ্যাস সিলিন্ডার ইতোমধ্যে পুড়ে গেছে। কাছাকাছি বাড়িঘরের দিকে আগুন ছড়িয়ে পড়ছে। অগ্নিকা-ের ঘটনায় এ পর্যন্ত ১৫০ জন আহত হয়েছেন। আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, সাইপ্রাস, রাশিয়া, ক্রোয়েশিয়া এবং গ্রিস এই দাবানল মোকাবিলার জন্য ইসরায়েলে আকাশযানসহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়েছে।
হাইফা পৌরসভা প্রশাসন সংবাদ সংস্থাকে জানায়, শহরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। লোকজন সুপার মার্কেট এবং শপিং মলের ট্রলিতে জিনিসপত্র নিয়ে শহরের বাইরে যেতে দেখা গেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ দাবানল ক্রমেই দেশটির মধ্য ও উত্তরাঞ্চল দিয়ে ছড়িয়ে পড়ছে অন্য অঞ্চলের দিকে। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আগুনের ধোঁয়ায় অনেকেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছেন।
এদিকে, দেশটির শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনায় আরব কিংবা ফিলিস্তিনিদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘যারা এই দেশের অস্থিত্ব স্বীকার করে না তাদের পক্ষেই এই অগ্নিকা- ঘটানো সম্ভব।’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের উপর দায় চাপানোর লক্ষ্যে আগুন লাগার ঘটনাটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছেন।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘যা পুড়ছে তা ঐতিহাসিক ফিলিস্তিনের বৃক্ষ এবং ভূমি।’











