তাজরীন ট্র্যাজেডি: বারবার পেছায় মামলার তারিখ, সাক্ষী মেলে না
নিউজ ডেস্ক : আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসের মামলায় সাক্ষীর অভাবে বারবার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যাচ্ছে। ২০১২ সালের ২৪ নভেম্বর ১৬ কোটি মানুষের চোখের সামনে ১১২ জন শ্রমিক পুড়ে কয়লা হলো, আর সেই মামলায় সাক্ষী খুঁজে পাচ্ছেন না পাবলিক প্রসিকিউটর। যদিও মামলার তারিখে অনেক সাক্ষীই মামলার সর্বশেষ পরিস্থিতি জানতে আদালতে উপস্থিত হন । নিয়মানুযায়ী সমন না থাকায় তাদের সাক্ষ্য দেওয়ার নিয়ম নেই।
চোখের সামনে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহতের মামলায় সাক্ষী না পাওয়ার বিষয়ে অবাক হচ্ছেন খোদ রাষ্ট্রপক্ষের আইনজীবী। কিন্তু তার কাছে কোনও সদুত্তর নেই। যদিও প্রত্যক্ষ সাক্ষীরা ঘটনাস্থলের আশেপাশেই বসবাস করছেন এখনও। গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন সিআইডি পুলিশের পরিদর্শক মহসীন উজ্জামান খান। চার্জশিটে ১০৪ জনকে সাক্ষী করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সাক্ষী হাজির করতে বেগ পেতে হচ্ছে। যদিও সাক্ষী তালিকায় যারা আছেন, তারা নিশ্চিন্তপুরের আশেপাশেই অবস্থান করছেন।
আজ ২৪ নভেম্বর তাজরীন অগ্নিকাণ্ডের চার বছর পূর্ণ হলো। অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিকসহ অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের তরফ থেকে গাফিলতি লক্ষ্য করা গছে। গত বছর অক্টোবর মাসে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হলেও, সাক্ষী হাজির করা নিয়ে এক বছর ধরে চলছে নানা টালবাহানা। সাক্ষীর হিসাব দেখলে জানা যায়, অক্টোবর ১, ২০১৫: সাক্ষ্য হাজির করতে পারেনি, নভেম্বর ১, ২০১৫: সাক্ষ্য হাজির করতে পারেনি। পরবর্তীতে জানুয়ারি ১০, ২০১৬: সাক্ষ্য গ্রহণ শুরু হলেও আবারও পরবর্তী তারিখে ফেব্রুয়ারি ৭, ২০১৬: সাক্ষ্য হাজির করতে পারেনি। এপ্রিল ১০, ২০১৬: দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর মে মাস থেকে মে ৮, ২০১৬, জুন ৫, ১১ জুলাই, ১৩ আগস্ট, ২৫ সেপ্টেম্বর ২৫ কোনও সাক্ষ্য হাজির করতে পারেনি।
এরপর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয় ১৩ নভেম্বর, ২০১৬।
পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান বলেন, ‘সাক্ষীদের আসতে বলা হয়। তারা আসেন না। আমার কাজ আদালত থেকে সমন পাঠানো। সেটা দেখে কেউ যদি না আসে, আমাদের করণীয় কী।’ সাক্ষীরা সমন হাতে পচ্ছেন কিনা, সেটা মনিটরিং করবেন কিনা, এ প্রশ্নে আব্দুল মান্নান বলেন, ‘এটা আমদের কাজ না।’
এ ধরনের অবহেলাজনিত হত্যাকাণ্ডের জন্য নতুন আইন ও তার দ্রুত প্রয়োগ জরুরি উল্লেখ করে মানবাধিকারকর্মী এলিনা খান বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় আর্থিক ক্ষতিপূরণে যতটা মনোযোগ দেওয়া হয়, আহতদের বিষয়ে ঠিক ততটাই অবহেলা দেখানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ ছিল, মালিকসহ অন্যান্যদের অবহেলাজনিত কারণে হত্যাকাণ্ড ঘটেছে। এরপরও এত সময় লাগাটা স্বাভাবিক না ’
শ্রমিক নেতা মনিরুজ্জামান মাসুম বলেন,‘দিনের পর দিন বিচারহীনতায় এক ধরনের হতাশার জন্ম হয়। আসুন, আদালতে হাজির হয়ে তাজরীন অগ্নিকাণ্ডের জন্য মালিকসহ দায়ী সকল ব্যক্তির শাস্তির দাবিতে আরও একবার স্লোগান তুলি। পাবলিক প্রসিকিউটরকে জিজ্ঞেস করি, সাক্ষী হাজির করার জন্য আশুলিয়া থানাসহ, সংশ্লিষ্ট থানায় কেন কাগজ পৌঁছায় না। আসুন, সাক্ষী খুঁজে না পাওয়ার নাটক বানচাল করি।’











