ভারতে উপনির্বাচনে ভালো ফল করেছে বিজেপি
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের ছয়টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত রাজ্যের চারটি লোকসভা কেন্দ্র ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভালো ফল করেছে বিজেপি, তৃণমূল ও এআইএডিএমকে।

দেশটিতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের টালমাটাল অবস্থায় গত শনিবার এই ১৪ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ছিল তার গণনা। এদিন সকাল ৮ টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে গণনা শুরু হয়।
মধ্যপ্রদেশ, অাসাম ও অরুণাচল প্রদেশে বড় জয় পেয়েছে বিজেপি। মধ্যপ্রদেশের নেপানগর বিধানসভা কেন্দ্রটি নিজের দখলেই রেখেছে বিজেপি। অন্যদিকে শাহদোল লোকসভা কেন্দ্রটিতেও জয় পেয়েছে বিজেপি। পাশাপাশি অাসামেও ভালো ফল করেছে বিজেপি। অাসামের লখিমপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে কংগ্রেস, বৈঠালাংসু বিধানসভা কেন্দ্রটিও কংগ্রেস থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। অরুণাচল প্রদেশের হায়ুলিয়াং বিধানসভা কেন্দ্রেও কংগ্রেসকে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি প্রার্থী দাসাংলু পল।
পশ্চিমবঙ্গে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। এই রাজ্যে দুটি লোকসভা কেন্দ্র ও একটি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলগুলো এখানে কোনো প্রভাবই বিস্তার করতে পারেনি।
তামিলনাড়ুতে আন্না (ভারতীয় রাজনীতিতে জয়ললিতাকে এই নামেই চেনে) ম্যাজিক অব্যাহত। রাজ্যটির থানঝাভুর, আরাভাকুরিচি, ত্রিরুপরাকুন্দ্রম তিনটি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে জয়ললিতার দল এআইএডিএমকে প্রার্থীরা।
ত্রিপুরাতে এবারও বাম দুর্গে ফাটল ধরাতে পারেনি বিরোধীরা। ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রই (বরজলা ও খোয়াই) যায় সিপিআইএম’র দখলে। এ দুটি কেন্দ্রেই হতাশাজনক ফল করেছে কংগ্রেস। শতাব্দী প্রাচীন এই দলটির মুখরক্ষা হয়েছে কেন্দ্রশাসিত রাজ্য পডুচেরিতে। এখানে একটি মাত্র আসন (নেলিথোপ)-এ ভোট হয়। সেখানে জয়লাভ করেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী ও কংগ্রেস প্রার্থী ভি. নারায়ণস্বামী।
জয়ের পরই কেন্দ্রের সংসদীয় মন্ত্রী অনন্ত কুমার জানান অাসাম, মধ্যপ্রদেশ ও অরুণাচলে বিজেপি’র জয়ই জানিয়ে দিল যে মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে মানুষ স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের তিনটি আসনে জয়ের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, উপ-নির্বাচনে মানুষ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পদক্ষেপের উপযুক্ত জবাব দিয়েছে। এটা সাধারণ মানুষের বিদ্রোহের বহিঃপ্রকাশ। এ পরাজয় থেকে বিজেপির শিক্ষা নেয়া উচিত।











