নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সকল নাটকের অবসান ঘটিয়ে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার বেলা এগারটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নারায়নগঞ্জ বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী নির্বাচন করেছেন। নারায়নগঞ্জ সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। তিনি নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইসচেয়ারম্যান ডা, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাক্ষ সেলিম ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ,নসহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম পটু প্রমুখ।
অ্যাড. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক ও আলোচিত সাত খুন মামলার বাদী পক্ষের আইনজীবী হিসেবে লড়ছেন। তিনি সাত খুন ঘটনার পর বিচারের দাবিতে আন্দোলন করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে আলোচনায় আসেন।
এনসিসি নির্বাচন মেয়র পদে বিএনপির প্রার্থী নিয়ে স্থানীয় বিএনপিতে বিভিন্ন ধরনের নাটক শুরু হয়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বেশ কয়েকজন বিএনপি নেতা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরমধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম, জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খানের নাম উল্লেখযোগ্য।
তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জের বিএনপির একাধিক নেতাকে কেন্দ্রীয় বিএনপি তলব করে বৈঠক করেন এবং সকল নেতাদের মতামত নেন। ঐসময় তৈমুর আলম খন্দকার ও আবুল কালাম নির্বাচন না করার আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে এটিএম কামাল ও অ্যাড. সাখাওয়াত হোসেন খান নির্বাচন করার ইচ্ছে পোষণ করেন।











