বাংলাদেশকে মডেল বানাতে চায় পশ্চিমবঙ্গ সরকার
নিজস্ব প্রতিবেদক : খোলা স্থানে মলত্যাগ (ওপেন ডিফেকশন-ফ্রি বা ওডিএফ) বন্ধে বাংলাদেশ সরকার যে সফলতা পেয়েছে তার ভূয়শী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুধু তাই নয়, প্রতিবেশী দেশের মতো পশ্চিমবঙ্গেও সেই সাফল্য পেতে বাংলাদেশকে মডেল হিসেবে তুলে ধরতে চায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

সোমবার সল্টলেকের সেক্টর-৫ এ মিলেনিয়াম টাওয়ারে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে পাশে বসিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন ‘বাংলাদেশ ওডিএফমুক্ত হয়েছে, এটা একটা জাতির পক্ষে গৌরবের কথা। বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই যে এই শক্ত কাজটি তারা করতে পেরেছে’।
তিনি বলেন ‘গোটা ভারতে ওডিএফ মুক্ত গ্রামের নিরিখে পশ্চিমবঙ্গ প্রথম। রাজ্যের মোট চারটি জেলাকে ওডিএফমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। শিগগিরি আরও কয়েকটি জেলাকে ওডিএফমুক্ত করতে পারবো। উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধ করতে রাজ্যের গ্রামের মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাংলাদেশের এই প্রশংসনীয কাজের কথা তুলে ধরার পরিকল্পনা নেয়া হয়েছে। যাতে তারাও প্রতিবেশী দেশের মতো ওডিএফমুক্ত গ্রাম হিসাবে গড়ে তুলতে সাহায্য করে।
এসময় পঞ্চায়েত মন্ত্রী জানান ‘ওডিএফমুক্ত গ্রাম হিসাবে ঘোষণা করতে যে ঘাটতি আছে তা পূরণ করে বাংলাদেশের মতো আমরাও এই গৌরবের উত্তরাধিকার হবো। যদিও কাজটা সহজ নয়, কারণ এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস’।
এর আগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠক করেন খন্দকার মোসারফ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের এক প্রতিনিধি দল। বৈঠকে দুই বাংলার পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে মতবিনিময় হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে সুব্রত মুখোপাধ্যায় বলেন ‘এই আলোচনা অত্যন্ত সদর্থক হয়েছে। এই আলোচনা ও মত বিনিময়ের মধ্যে দিয়ে দুই দেশই উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এই বৈঠকে উপস্থিত থাকায় বাংলাদেশের মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন ‘কয়েকদিন আগে বাংলাদেশ গিয়ে আমি হোসেন সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি সেই আমন্ত্রণ গ্রহণ করায় আমি নিজে খুশি। দুই বাংলার পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে। তাদের কিছু ভাল উদ্যোগকে আমরা যেমন নিতে পারি তেমন আমাদের কিছু ভাল উদ্যোগকে তারা গ্রহণ করতে পারে। আমরা ইউনিসেফের কাছ থেকেই বাংলাদেশের বেশ কয়েকটি প্রজেক্টের কথা শুনেছিলাম। আজকে সরাসরি তা জানলাম’।
পরে মোশাররফ খন্দকার বলেন ‘ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সরকার চলে। কিন্তু বাংলাদেশে সেরকমটা নেই…। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছেন যে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে উন্নীত করতে হবে। এই টার্গেটকে সামনে রেখেই আমাদের অগ্রসর হতে হচ্ছে। আমাদের ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করেন, বাকী ৩০ শতাংশ শহরে থাকেন। সেদিকে তাকিয়ে এই লক্ষ্যের দিকে এগোতে গেলে আমাদের সবদিক থেকে উন্নয়ন করতে হবে। আর উন্মুক্ত স্থানে মলত্যাগ বা ওডিএফ একশত শতাংশ করতে না পারলে মধ্যম আয়ের দেশে ঢুকতে পারবো না। সামাজিক আন্দোলন হিসেবেই আমাদের সরকার এই প্রকল্প হাতে নিয়েছে এবং এটা করা হচ্ছে স্থানীয় সরকারের মাধ্যমেই।
ভারতের কেরলের ত্রিসুরে ‘মার্জিনালাইজেশন, পভার্টি অ্যান্ড ডিসেন্ট্রারাইজেশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার ভারত সফরে আসেন বাংলাদেশের প্রতিনিধি দলটি। সেই অনুষ্ঠান শেষে রবিবার পশ্চিমবঙ্গ সফরে আসেন তারা। এরপর পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখতে সোমবারই হাওড়া জেলার বালি-জগাছা ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতে যান। বিশ্ব ব্যাঙ্কের রুপিতে উন্নয়নে নিরিখে কিভাবে ওই গ্রাম পঞ্চায়েত তার কাজকর্ম চালাচ্ছে তা দেখে প্রতিনিধি দলটি।
বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (এনআইএলজি) মহাপরিচালক মোস্তাফা কামাল হায়দার, এলজিএসপি-২ এর উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াহ-ইয়া-ভুইয়াঁ এবং মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ ইব্রাহিম।











