বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি ইস্যুতে রাজনৈতিক অঙ্গন সরব

015725511_30300নিউজ ডেস্ক : বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারিতে। নতুন ইসি গঠনে ইতোমধ্যে নির্বাচন কমিশনে চলছে নানা প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন ইসির কর্মকর্তারা। তবে গত শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাবের পর দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ বাড়ছে। ইসি পুনর্গঠন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ-বিএনপি। নির্বাচন বিশ্লেষকরা বলছেন সংবিধানের নির্দেশনা অনুযায়ী কমিশন গঠনে নতুন আইন প্রণয়নের বিকল্প নেই। সংবিধানকে পাশ কাটিয়ে ইসি গঠনের প্রক্রিয়া আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মনে করছেন তারা। এজন্য দরকার সঠিক আইনী কাঠামোর মধ্যদিয়ে ইসিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া।

এদিকে বিএনপি নেতারা বলছেন, ঐক্যমতের ভিত্তিতে কমিশন গঠন না হলে দাবি আদায়ে বড় অন্দোলন যাবে বিএনপি। আর আওয়ামী লীগের নেতারা বলছেন, ইসি গঠনের বিএনপির সাথে কোন আলোচনা হবে না। সূত্রে জানা গেছে, আগেরবারের মতোই সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হবে। এর বাইরে অন্য কোনো পন্থা আপাতত পরিকল্পনায় নেই। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি তারা পাঁচ বছরের জন্য দায়িত্ব নিয়েছিলেন। সার্চ কমিটির মাধ্যমে গঠিত এই ইসি নিয়ে দেশের রাজনীতিতে ব্যাপক বিতর্ক দেখা দেয়। এই কমিশনের আমলে অনুষ্ঠিত বেশ কিছু নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের পক্ষ থেকেও বর্তমান কমিশনের দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এদিকে পাঁচ জানুয়ারির নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে ইসি গঠনের বিষয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনার দাবি জানালেও নতুন আইন প্রণয়নের বিষয়ে তাদের জোরালো কোনো অবস্থান নেই।

সংশ্লিষ্টরা বলছেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে ‘আইনের বিধানাবলী সাপেক্ষে’ রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচন কমিশনে কমিশনার নিয়োগ দেওয়ার নির্দেশনা রয়েছে। এর আগে প্রায় সব ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেয়। তাই এই বিতর্ক এড়াতে প্রয়োজন স্থায়ী সমাধান। একটি আইন প্রণয়নের মাধ্যমে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করলেই এই বিতর্ক এড়ানো সম্ভব হতে পারে। এতে ক্ষমতাসীনদের পক্ষ থেকে যাকে খুশি তাকে নিয়োগ দেওয়ার সুযোগও বন্ধ হবে। বর্তমান নির্বাচন কমিশনের একাধিক সদস্যের সঙ্গে আলোচনা করে জানা গেছে, নতুন ইসি গঠন নিয়ে তারা কোনো মতামত বা সুপারিশ করবেন না। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেন, নতুন ইসি কারা হবেন, কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে সেটা সরকারের বিষয়। এ জন্য সংসদ রয়েছে। সরকার সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। স্বাধীন বাংলাদেশে মাত্র দুই বার দুই তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। রাজনৈতিক সরকারের সময় আলোচনার মধ্য দিয়ে নিয়োগের বিষয়টি ছিল উপেক্ষিত।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনার নিয়োগে একটি আইন প্রণয়নের বাধ্যবাধকতা থাকলেও গত ৪৪ বছরেও তা মানা হয়নি। আইন প্রণয়ন না করে নিয়োগ দেওয়া হলে এবার তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অতীতে সঠিক পদ্ধতিতে কমিশনার নিয়োগ না দেওয়ার কারণে স্বাধীন হলেও কমিশনের সদস্যরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেনি। সূত্রে জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ড. শামসুল হুদার নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশনের আমলে দেশের নির্বাচনী আইনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। ওই সময়ে ইসি গঠন নিয়েও একটি প্রস্তাব দেওয়া হয়। যদিও পরে ওই প্রস্তাব গৃহীত হয়নি।

২০১১ সালের ২৯ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধন হয়। এতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রধান নির্বাচন কমিশনারসহ অনধিক চার নির্বাচন কমিশনার নিয়ে সর্বোচ্চ পাঁচ সদস্যের কমিশন গঠনের বিধানযুক্ত হয়। এর আগে কমিশনের সদস্য সংখ্যা নির্দিষ্ট ছিল না। শামসুল হুদা কমিশনের ওই প্রস্তাবের সার্চ কমিটিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ও মহাহিসাব নিরীক্ষকসহ বিদায়ী সিইসিকে রাখার সুপারিশ করা হয়েছিল। এতে একজন নারী সদস্যকে রাখারও প্রস্তাব করা হয়। সংবিধানের সঙ্গে সমন্বয় রেখে ‘দি ইলেকশন কমিশনারস (মেথড অব রিত্রুক্রটমেন্ট) অর্ডিন্যান্স’ নামে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়। এতে কমিশনারদের পদ শূন্য হওয়ার কমপক্ষে এক মাস আগে সিইসিকে আহ্বায়ক করে চার সদস্যের সার্চ কমিটি গঠনের কথা বলা হয়েছিল। এছাড়াও কমিশন থেকে আকস্মিকভাবে কেউ পদত্যাগ করলে বা সরানো হলে সঙ্গে সঙ্গে সার্চ কমিটি গঠনের কথা বলা হয়। নির্বাচন কমিশনের আইন কর্মকর্তারা জানান, সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে সংবিধানে বা দেশের প্রচলিত আইনে কোনো যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করা হয়নি।

সংবিধানের ১১৮ অনুচ্ছেদে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এ এখতিয়ার প্রয়োগে রাষ্ট্রপতি স্বাধীন নন। সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতিকে এ নিয়োগ দিতে হয়। যোগ্যতার শর্তাবলি না থাকায় যে কোনো ব্যক্তিকে এ পদে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। একবার নিয়োগ পেলে স্বেচ্ছায় পদত্যাগ ছাড়া তাকে অপসারণের আইনগত কোনো সুযোগও নেই। ওই প্রস্তাবে কমিশনে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কতিপয় অযোগ্যতার কথাও উল্লেখ করা হয়েছিল।

এরমধ্যে রয়েছে, ৬৫ বছরের বেশি বয়স, শিক্ষাগত জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পাওয়া, আয়ের সঙ্গে জীবন-যাপন ব্যয়ের অসঙ্গতি, গণমাধ্যমে ও জনগণের কাছে বিতর্কিত, কোনো রাজনৈতিক দলের কেন্দ্র্রীয় বা স্থানীয় পর্যায়ে সম্পৃক্ততা, আধা-রাজনৈতিক বা পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, নৈতিক স্খলন বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সরকারি চাকরি থেকে বহিষ্কৃত বা বাধ্যতামূলক অবসর, ঋণখেলাপি ও বিলখেলাপি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ