ঢাকাকে ১৫৮ রানের টার্গেট দিলো খুলনা (সরাসরি দেখুন)
স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১৮তম ম্যাচের টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
বিপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কাড়ছেন মাহমুদউল্লাহ। বলহাতে জাদু দেখিয়ে খুলনা টাইটানসকে দুটি ম্যাচ জিতিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনার অধিনায়ক জ্বলে উঠেছেন ব্যাট হাতে। খেলেছেন ৪৪ বলে ৬২ রানের লড়াকু ইনিংস। মাহমুদউল্লাহর এই অর্ধশতকে ভর করে খুলনার স্কোরবোর্ডে জমা হয়েছে ১৫৭ রান।
ইতিমধ্যে ব্যাটিংয়ে নেমেছেন ঢাকা ডায়নামাইটস।
শনিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হয় ঢাকা-খুলনার ম্যাচটি।
এবারের আসরের সবচেয়ে সফল দল সাকিবের ঢাকা। দলটি পাঁচ ম্যাচে চার জয় নিয়ে ৮ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে রয়েছে। দুরন্ত ছন্দে রয়েছে তারা। শুধু নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে যা পরাজয়ের স্বাদ পেয়েছিল। আজও তাদের লক্ষ্য থাকবে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শীর্ষস্থান মজবুত করা।
এদিকে ঢাকার প্রতিপক্ষ রিয়াদের খুলনাও ছন্দেই রয়েছে। তারা ঢাকার থেকে এক ম্যাচ কম খেলেছে। তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে অনেকটাই তারকাবিহীন দল খুলনা। দলকে সামনে থেকে বেশ ভালই নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন দলপতি রিয়াদ।
৫ ম্যাচের ৪টি জিতে নিয়ে ইতিমধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সাকিবের ঢাকা। তাদের পয়েন্ট ৮। অন্যদিকে ৪ ম্যাচে ৩টি জয় পেয়েছে খুলনা। রানরেটের পার্থক্যের কারণে ৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান পয়েন্ট তালিকার ৪ নম্বরে। সাকিবের দলে যেমন আছেন মেহেদী মারুফ, নাসির হোসেন, সাঙ্গাকারা, সানজামুল, ব্র্যাভোরা; তেমনি রিয়াদের দলে আছেন শফিউল আর মোশাররফ রুবেলের মতো অভিজ্ঞ বোলার।
২য় ম্যাচে মাত্র ৪৪ রানে অলআউট হওয়ার ম্যাচ বাদ দিলে বাকি তিন লো-স্কোরিং ম্যাচে বোলারদের কল্যাণে জয় পেয়েছে খুলনা। সেটা আবার রিয়াদের জাদুতে। এ ছাড়াও দলটিতে রয়েছে কেভিন কুপার, শুভাগত আর অলক কাপালির মতো অভিজ্ঞ অল-রাউন্ডার। গত দুই ম্যাচেই শেষ ওভারে বোলিং জাদু দেখিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। আজ কি আবারও দেখা যাবে শেষ ওভারের ম্যাজিক?
দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে গতকালের দুই পরাজিত দল রাজশাহী কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলা দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স।











