বিদ্যুৎ লাইন যাচ্ছে মাটির নিচে
নিউজ ডেস্ক : লোডশেডিংমুক্ত ও নিরবচ্ছিন্ন কুয়ালিটি বিদ্যুৎ দিতে ঢাকা ও নারায়ণগঞ্জের সব বৈদ্যুতিক সঞ্চালন লাইন মাটির নিচ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় ২০ হাজার ৫০১ কোটি ৫২ লাখ টাকার প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রথমেই রাজধানীর হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন মাটির নিচ দিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করা হচ্ছে। হাতিরঝিলের সৌন্দর্য আরও বাড়াতেই এ উদ্যোগ চলছে। এবার হবে তারহীন হাতিরঝিল। দৃশ্যমান থাকবেনা বিদ্যুতের কোনো খুঁটি। সব চলে যাবে মাটির নিচে। রাজধানীর আধুনিক ও গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে ধানমন্ডিতেও একই সঙ্গে এ কার্যক্রম শুরু করবে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি-বেসরকারি মিলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন স্বক্ষমতা রয়েছে ১৫ হাজার মেগাওয়াট। স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়লেও সেভাবে বিতরণ ও সঞ্চালন লাইন ব্যবস্থা গড়ে না ওঠায় সারাদেশে লোডশেডিং মুক্ত করা সম্ভব হচ্ছেনা। তাছাড়া বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা অনুযায়ী সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা বাস্তবায়নে অবশ্যই আধুনিক বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এজন্য দরকার মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন। তাছাড়া সকলের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন ও কুয়ালিটি বিদ্যুৎ দিতে হলে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইনের কোনো বিকল্প নেই। কারণ বিদ্যুতের লাইন মাটির উপরে থাকলে প্রাকৃতিক ঝড়-ঝান্ডা, দূর্যোগ, অতিবৃস্টি ইত্যাদির কারণে লাইন ক্ষতিগ্রস্থ হয়ে বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। আর এতে নানা দূর্ঘটনাও প্রায়ই ঘটছে।
তাছাড়া বিদ্যুৎ খুঁটি ও তারের জঞ্জালে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এসব বিবেচনায় রাজধানী ঢাকা, নারায়নগঞ্জ ও এর আশপাশ এলাকায় তারহীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে রাজধানীর হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করা হচ্ছে। এ জন্য এ প্রকল্পটি গ্রহণ করেছে ডিপিডিসি। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম করবে সংস্থাটি। ডিপিডিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যৎ উৎপাদনের ধারাবাহিকতায় বিতরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নতুন লাইন নির্মাণ, সংস্কার এবং নতুন উপকেন্দ্র নির্মাণ বাবদ ২০ হাজার ৫০১ কোটি ৫২ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জ জেলায় সঞ্চালন লাইন আধুনিক করা হবে। প্রাথমিকভাবে হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সব বিদ্যুতের তার ও লাইন মাটির নিচে স্থানান্তর করা হবে। ‘এক্সপানশন অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি’ প্রকল্পের আওতায় পরিকল্পনা কমিশনে এ ব্যয় প্রস্তাব করেছে ডিপিডিসি। জানুয়ারি ২০১৭ থেকে ২০২১ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় ডিপিডিসি। এ ব্যয়ের মধ্য সরকারি অর্থায়ন ৫ হাজার ৫৩৬ কোটি ৯৬ লাখ, প্রকল্প সাহায্য ১৩ হাজার ৮৪৪ কোটি ২৯ লাখ এবং ১ হাজার ১২০ কোটি ২৭ লাখ টাকা ডিপিডিসির নিজস্ব তহবিল থেকে মেটানো হবে। প্রকল্পের আওতায় ৬৪টি বিদ্যুৎ উপকেন্দ্রও নির্মাণ করা হবে।
জানা যায়, রাজধানীর বুকে যে কয়েকটি নয়নাভিরাম এবং গোছালো বিনোদন স্পট রয়েছে তার মধ্যে হাতিরঝিল অন্যতম। ছুটির দিন কিংবা অবসর বিকেলে মনকে জুড়িয়ে নিতে সবার পছন্দ থাকে হাতিরঝিলের মনোরম পরিবেশে। পাশাপাশি ধানমন্ডি অভিজাত এলাকা হওয়ায় সবার আগে বিদ্যুৎ বিতরণ লাইন মাটির নিচে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ইআরডির এক কর্মকর্তা জানান, বৈদেশিক সাহায্য প্রাপ্তির বিষয়ে ইতোমধেই চীনের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। চীনের এক্সিম ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হবে। নমনীয় শর্তে ঋণ (কনসেশনাল) দিতে রাজি হয়েছে চীন সরকার। এখন থেকে দেশটি মাত্র দেড় শতাংশ সুদ ও সাত বছরের রেয়াতকাল সুবিধাসহ ২৭ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় মাটির নিচে বিদ্যুৎ লাইন আনতে প্রকল্পের আওতায় ১৩ হাজার ৮৪৪ কোটি ২৯ লাখ টাকা ঋণ দেবে চীন।
এ প্রসঙ্গে ডিপিডিসি’র নির্বাহী পরিচালক প্রকৌশলী রমিজ উদ্দিন সরকার গণমাধ্যমকে বলেন, হাতিরঝিল প্রকল্প এলাকায় ১০ থেকে ১২টি বিদ্যুতের টাওয়ার রয়েছে, এগুলো আর থাকবে না। কারণ হাতিরঝিলে সব বিদ্যৎ বিতরণ লাইন মাটির নিচে আনা হবে। ফলে হাতিরঝিল প্রকল্প এলাকার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যাবে। পাশাপাশি ধানমন্ডি এলাকায়ও সব বিদ্যুৎ লাইন মাটির নিচে স্থানান্তর করা হবে। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিতরণ ব্যবস্থার উন্নয়ন করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সঞ্চালন লাইন মাটির নিচে স্থানান্তর করা হলে বিদ্যৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক হবে। এজন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে ঢাকা ও নারায়নগঞ্জের বিদ্যুৎ লঅইন যাবে মাটির নিচে। পরবর্তিতে সারাদেশেই এ কার্যক্রম চলবে। এ প্রসঙ্গে ডিপিডিসির প্রধান প্রকৌশলী আমিনুর রহমান সাংবাদিকদের জানান, মানুষ যাতে কোয়ালিটি বিদ্যুৎ পায় সেজন্য পর্যায়ক্রমে ডিপিডিসি এলাকার সব সঞ্চালন লাইন মাটির নিচে স্থানান্তর করা হবে। কারণ শহরে বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে যেমন খারাপ লাগে তেমনি প্রাকৃতিক দূর্যোগে দূর্ঘটনাও ঘটে থাকে। তাছাড়া গ্রাহকদের কুয়ালিটি বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছেনা। তাই পর্যায় ক্রমে ডিপিডিসির সব এলাকায় বৈদ্যতিক লাইন মাটির নিচে স্থানান্তর করা হবে।











