বিদেশীদের বেশি আগ্রহ বস্ত্র ও জ্বালানিখাতে
নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের আমলে বাংলাদেশে এফডিআই বা সরাসরি বিদেশী বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। আর লাভজনক প্রমাণিত হওয়ায় অন্যান্য খাতের তুলনায় বস্ত্র ও জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ বাড়ছে। তবে এফডিআই ক্ষেত্রে নতুনত্ব হচ্ছে ব্রিটেনকে হটিয়ে গত অর্থবছরে (২০১৫-১৬) শীর্ষ স্থানে উঠে এসেছে আমেরিকা। এফডিআই-সংক্রান্ত বাংলাদেশের সর্বশেষ জরিপ থেকে এ তথ্য মিলেছে।

পরিসংখ্যান মতে, গত অর্থবছরে গ্যাস, পেট্রোলিয়াম ও বিদ্যুৎখাতে বিনিয়োগ বাড়িয়ে আমেরিকা এ নেতৃত্ব নিয়েছে। আগের বছর অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষে ছিল ব্রিটেন। ওই বছর আমেরিকার বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ২২ কোটি মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে এসে সেখানে আমেরিকা তাদের বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ বাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে ২০০ কোটি মার্কিন ডলারের প্রকৃত বিদেশী বিনিয়োগ এসেছে। যার মধ্যে আমেরিকার বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৪৫ কোটি মার্কিন ডলার। আমেরিকার এই ৪৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগের মধ্যে ৩৯ কোটি ডলারই এসেছে গ্যাস, পেট্রোলিয়াম ও বিদ্যুৎ খাতে।
সরাসরি বিদেশি বিনিয়োগ-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন তাতে দেখা যাচ্ছে, ১৯৯৬-৯৭ থেকে ২০১৫-১৬ সাল—এই ২০ বছরের মধ্যে গত বছরই আমেরিকার সর্বোচ্চ বিনিয়োগ এসেছে বাংলাদেশে।
জানা গেছে, গত বছর বাংলাদেশে আমেরিকার বিনিয়োগ বাড়াতে ‘শেভরন’বড় ভূমিকা রেখেছে। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতেও আমেরিকার নতুন বিনিয়োগ এসেছে। যার ফলে গত বছর আমেরিকার বিনিয়োগ বেড়ে গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন বিনিয়োগের পাশাপাশি কিছু পুনর্বিনিয়োগ মিলিয়ে আমেরিকা শীর্ষে উঠে এসেছে।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সাবেক সভাপতি আফতাব-উল-ইসলাম বলেন, মহেশখালীতে এলএনজি টার্মিনাল তৈরির যে কাজটি হাতে নেয়া হয়েছে, তাতে আমেরিকার একটি বড় বিনিয়োগ এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষ পাঁচ দেশের মধ্যে আমেরিকার পরের অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটি থেকে গত অর্থবছরে বিনিয়োগ এসেছে ৩১ কোটি ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। গত অর্থবছরে দক্ষিণ কোরিয়া থেকে বিনিয়োগ এসেছে ১৪ কোটি ডলার। চতুর্থ অবস্থানে থাকা সিঙ্গাপুর থেকে এসেছে ১৩ কোটি ডলার। আর পঞ্চম অবস্থানে থাকা হংকং থেকে এসেছে ১২ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ। অর্থাৎ গত অর্থবছরে বাংলাদেশে ২০০ কোটি ডলারের যে বিদেশি বিনিয়োগ এসেছে, তার মধ্যে প্রায় ১১৬ কোটি ডলারই উল্লিখিত পাঁচ দেশ থেকে এসেছে।
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও ইপিজেডের বাইরে মিলিয়ে ২০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এর মধ্যে ইপিজেডের অভ্যন্তরে বিনিয়োগের পরিমাণ ছিল ৪৩ কোটি ডলার আর বাকি ১৫৭ কোটি ডলার ইপিজেডের বাইরে বিনিয়োগ হয়েছে।
বিদেশি বিনিয়োগে আমেরিকার শীর্ষে অবস্থান বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, জ্বালানিখাতে আমেরিকার নতুন কিছু বিনিয়োগ আসার কারণে দেশটি শীর্ষে উঠে গেছে। এতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। বাংলাদেশে আমেরিকার বিনিয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে ‘শেভরন’। শোনা যাচ্ছে শেভরন বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়ার চিন্তাভাবনা শুরু করেছে। সেটি যদি হয় তাহলে এ দেশে আমেরিকার বিনিয়োগ অনেক কমে যাবে।
পরিসংখ্যান মতে গত অর্থবছরে দেশে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে, তার বড় অংশ এসেছে বস্ত্রখাতে। এ খাতটিই গত অর্থবছরে বিদেশি বিনিয়োগের জন্য শীর্ষে ছিল। ২০০ কোটি ডলারের মোট বিদেশি বিনিয়োগের মধ্যে প্রায় ৪০ কোটি ডলারের বিনিয়োগ হয়েছে বস্ত্রখাতে। অর্থনীতিবিদদের মতে, অর্থনীতিকে গতিশীল করতে হলে কর্মসংস্থানমুখী বিনিয়োগের কোনো বিকল্প নেই। আর সেটি করতে হলে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু উৎপাদনশীল খাতের চেয়ে সেবা খাতে বিনিয়োগ বাড়ছে বাংলাদেশে।
বস্ত্রখাতের পর বিদেশী বিনিয়োগে গত অর্থবছরে দ্বিতীয় অবস্থানে ছিল টেলিকম খাত। এ খাতে বিনিয়োগ এসেছে প্রায় ২৭ কোটি ডলারের। তৃতীয় সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাতে। এই খাতটিতে প্রায় সাড়ে ২৫ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এরপর চতুর্থ অবস্থানে থাকা গ্যাস ও জ্বালানি খাতে বিনিয়োগ এসেছে প্রায় ২২ কোটি ডলার, যার সিংহভাগই আমেরিকার। পঞ্চম অবস্থানে থাকা বিদ্যুৎখাতে বিনিয়োগ এসেছে প্রায় ২১ কোটি ডলার।











