ঘরের মাঠেও শুরুটা ভালো হলো না চিটাগাং ভাইকিংসের
‘চট্টগ্রামেই ভাগ্য ফিরে পাবে চিটাগাং ভাইকিংস?’ এমন একটা প্রশ্ন নিয়েই শুরু হয়েছিল বিপিএলের চট্টগ্রাম পর্ব। আপাতত প্রশ্নের উত্তরটা—‘না’। ঘরের মাঠেও শুরুটা ভালো হলো না চট্টগ্রামের। পঞ্চম ম্যাচে চতুর্থবারের মতো হারল তামিম ইকবালের দল, এবার ঢাকা ডায়নামাইটসের কাছে ১৯ রানে।
তামিম অবশ্য কারও দোষ দিতে পারবেন না। ওভারপ্রতি সাড়ে সাত রান প্রয়োজন, এমন লক্ষ্যে নেমে ধীরে সুস্থে শুরু করেছিলেন অধিনায়ক নিজেই। সেটা একটু বেশিই ধীর হয়ে গেল। ১৩তম ওভারে আউট হওয়ার আগে মাত্র দুটি চার, যার প্রথমটি ইনিংসের প্রথম বলে ফিল্ডারের ভুলে পেয়েছেন। তো নিজ ও ভাগ্যগুণে পাওয়া ২ চারে ২৬ রান, ৩৫ বলে! দলের রান তখন মাত্র ৬৬! জয়ের জন্য ৪৭ বলে দরকার আরও ৮৩ রান।
কিন্তু সেটা আর হলো কই! পরের কোনো ব্যাটসম্যানই ম্যাচের গতিপ্রকৃতি পাল্টানোর মতো ইনিংস খেলতে পারেননি। আর তাই ১৪৮ তাড়া করতে নেমে ১২৯ রানেই শেষ চট্টগ্রামের ইনিংস।
টসে জিতে বোলিং বেছে নিয়েছিলেন তামিম। তাঁর বোলাররাও অধিনায়কের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেছেন। ভালো শুরুর পরও ৯ উইকেট হারিয়ে ঢাকা ডায়নামাইটস করেছে ১৪৮ রান। ভালো শুরুটা এনে দিয়েছেন এবারের বিপিএলের চমক মেহেদী মারুফ। অন্য প্রান্তে তাঁর ওপেনিং সঙ্গী কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান এ কিংবদন্তি উইকেটে থাকলে ব্যাটিংকে শিল্প মনে হয়, অন্য প্রান্তে কে ব্যাটিং করছেন, সেদিকে খেয়ালই থাকে না। কিন্তু আজ মেহেদী মারুফই উল্টো ভুলিয়ে দিচ্ছিলেন অন্য প্রান্তের ব্যাটসম্যানের নাম!
টাইমাল মিলসকে জোড়া চারে শুরু করা মারুফের ইনিংসটি অবশ্য খুব বেশি লম্বা হয়নি, ২০ বলে ৩৩ রান করেই থেমে গেছেন পঞ্চম ওভারে। মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউ হয়ে। এই ছোট ইনিংসেই ৬টি চার ও শুভাশিস রায়কে ফাইন লেগ দিয়ে মারা ছক্কা।
এতেই এবারের বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ রান হয়ে গেছে মারুফের। তিনি আউট হলেও ডায়নামাইটসের রান তোলার গতি কমেনি। প্রথম বলেই চার মেরে নাসির হোসেন নিজের ইচ্ছাটা বুঝিয়ে দিলেন। দ্বিতীয় বলেও চার, তৃতীয় বলে চার হতে হতেও তিন। নাসির-সাঙ্গাকারাই প্রথম ‘স্ট্র্যাটেজিক টাইম আউট’–এর মধ্যে ৭২ রান তুলে ফেললেন। কিন্তু বুদ্ধি-পরামর্শের বিরতির পরই ধাক্কা। মিলসের প্রথম বলেই নাসির প্লেড অন, চতুর্থ বলে এলবিডব্লিউ সাঙ্গাকারা।
এরপর একে একে ফিরলেন সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, সেকুগে প্রসন্ন এবং কালই প্রথম খেলতে নামা ম্যাট কোলস। তবু ঢাকার ইনিংস পথ হারাল না, সে জন্য মোসাদ্দেক হোসেনকে ধন্যবাদ দেওয়া উচিত অধিনায়ক সাকিবের।
বারবার সঙ্গীহারা হয়েও নিজের কাজটা ঠিকই করে গেছেন মোসাদ্দেক। আগ্রাসী ব্যাটিংয়ে ২৬ বলে ৩৫ রান করে ঢাকার ইনিংসকে ভদ্রস্থ চেহারা দিয়েছেন তিনি। তবে মোসাদ্দেক আউট হতেই দেড় শ ছোঁয়ার স্বপ্নটা শেষ হয়েছে ঢাকার। চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন নবী ও মিলস।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪৮/৯ (মারুফ ৩৩, সাঙ্গাকারা ১৭, নাসির ২০, মোসাদ্দেক ৩৫, সাকিব ১৩, ব্রাভো ৩, প্রসন্ন ৮, কোলস ৪, আলাউদ্দিন ৫, সানজামুল ৭*; মিলস ৩/২৫, শুভাশীষ ০/৪২, নবী ৩/১৮, মাহমুদুল ০/১২, সাকলায়েন ০/২৬, ইমরান ১/২৩)
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১২৯/৮ (তামিম ২৬, জহুরুল ৬, এনামুল ১৭, মাহমুদুল ২০, নবী ১৫, এলিয়ট ৮, নাজমুল ১৩, সাকলায়েন ৯, মিলস ৪, ইমরান ৫; নাসির ১/২৬, সাকিব ০/৯, কোলস ১/২৩, ব্রাভো ১/২৫, প্রসন্ন ০/১৭, শহীদ ৩/২৩)
ফল: ঢাকা ১৯ রানে জয়ী।











