বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচকে ২২তম স্থানে বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি বেড়েছে। গত দেড় দশকের মধ্যে ২০১৫ সালে দেশে সর্বোচ্চ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ফলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচকেও ওপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের নাম। ২০১৫ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ২৫তম। এবার সেটা উঠে এসেছে ২২তম স্থানে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচক প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্সটিটিউট ফর ইকোনোমিক্স অ্যান্ড পিস। এ সূচকে এভাবেই তুলে ধরা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি। চার বছর ধরে এ সূচক প্রকাশ করছে সংস্থাটি। ১৬ নভেম্বর বুধবার এবারের সূচক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

379b8b3003c072265bd0e350a0c6e97c-582c873d3424f

২০১৫ সালে বিশ্বজুড়ে সংঘটিত সন্ত্রাসী হামলার ওপর ভিত্তি করে এবারের প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে ১০ পয়েন্টের মধ্যে ৯ দশমিক ৯৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইরাক। গতবছর সংঘটিত সন্ত্রাসী হামলার ২০ শতাংশই ঘটেছে যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে। টপ টেনে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, ভারত, মিসর ও লিবিয়া। আর সারা বিশ্বে সংঘটিত সন্ত্রাসী হামলায় যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ৮ হাজার ৯৬০ কোটি ডলারের সমপরিমাণ।

দুনিয়াজুড়ে সংঘটিত মোট সন্ত্রাসী হামলার ১৪ শতাংশ ঘটেছে আফগানিস্তানে, ৮ শতাংশ পাকিস্তানে এবং ভারতে ঘটেছে ৭ শতাংশ। আর বাংলাদেশে সংঘটিত হয়েছে মোট সন্ত্রাসী হামলার ৪ শতাংশ।

১০ পয়েন্টের মধ্যে আফগানিস্তান পেয়েছে ৯ দশমিক ৪৪৪ পয়েন্ট, নাইজেরিয়া ৯ দশমিক ৩১৪, পাকিস্তান ৮ দশমিক ৬১৩, সিরিয়া ৮ দশমিক ৫৮৭, ভারত ৭ দশমিক ৪৮৪ এবং বাংলাদেশ ৬ দশমিক ৪৭৯ পয়েন্ট।

২০১৫ সালকে বাংলাদেশের জন্য একটি কঠিন বছর হিসেবে আখ্যায়িত করেছে ইন্সটিটিউট ফর ইকোনোমিক্স অ্যান্ড পিস। সংস্থাটির হিসাবে গতবছর বাংলাদেশে মোট ৪৫৯টি সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে নিহত হন ৭৫ জন। অধিকাংশ হামলাই চালানো হয় জেএমবি’র মতো স্থানীয় সংগঠনের মাধ্যমে। তবে জঙ্গিগোষ্ঠী আইএস ১১টি হামলার দায় স্বীকার করে। আর আল কায়েদার ভারতীয় শাখা আনসার আল ইসলাম দায় স্বীকার করেছে ছয়টি হামলার। বাংলাদেশ সরকার অবশ্য এসব হামলায় যে কোনও বিদেশি জঙ্গি সংগঠনের জড়িত থাকার দাবি প্রত্যাখ্যান করেছে।