নিজেদের জালেই আটকে গেলো প্রশ্ন জালিয়াতি চক্রের চার সদস্য
নিজস্ব প্রতিবেদক : সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি চক্রের মাধ্যমে ভর্তি হয়ে টাকা পরিশোধ না করায় এক শিক্ষার্থীর বিরুদ্ধে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ফেঁসে গেলেন প্রতারক চক্রের চার সদস্য।

জালিয়াতি চক্রের সরবরাহ করা ডিভাইসযুক্ত স্যান্ডো গেঞ্জি পরে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনজন। জালিয়াতি চক্রের সাথে চুক্তি অনুযায়ী দুজন টাকা পরিশোধ করলেও অপর এক জন টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে জালিয়াতি চক্রের এক সদস্য।
গতকাল মঙ্গলবার জালিয়াত চক্রের চারজনের একটি গ্রুপকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছে সিআইডি।
জালিয়াতি চক্রের সদস্যদের মধ্যে ঢাবি বিশ্ব ধর্মতত্ত্ব সংস্কৃতি বিভাগের সাবেক ছাত্র মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের অনিয়মিত শিক্ষার্থী রাজিদুল শেখ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র জুয়েল খান ও ভূগোল-পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র কায়সার আলম খোকন কে রাজধানীর লালবাগ, আজিমপুর ও পল্টন থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিশেষ কায়দায় তৈরি ইলেক্ট্রনিক্স ডিভাইস লাগানো স্যান্ডো গেঞ্জিসহ বিভিন্ন সরঞ্জাম। গত তিনবছর ধরে তারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুকদের এভাবে ভর্তি করিয়ে প্রতি প্রার্থীর কাছ থেকে তিন থেকে সাড়ে তিনলাখ টাকা করে নিয়ে আসছিল।
আজ বুধবার সিআইডির সদর দফতরে ফরেনসিক বিভাগের প্রধান রওশান আরা বেগম এসব তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা এবছরও এই বিশেষ কায়দায় বানানো গেঞ্জি পরিয়ে তিনজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করায়। ওই তিনজনই ঢাবিতে ভর্তি হয়েছে।
তিনি বলেন, যেসব শিক্ষার্থীদের আমরা নাম পেয়েছি তাদের বিষয় যাচাই বাছাই করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫২টি এটিএম কার্ড সদৃশ যোগাযোগ যন্ত্র, চায়নার তৈরি ৪৫ টি সংযোগ ও হিয়ারিং ব্লুটুথ ডিভাইস, বিভিন্ন অপারেটরের ৪৭টি সিম, সত্যায়িত করার জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার নামের সিল, দুটি ল্যাপটপ, ছবি সম্বলিত একাধিক শিক্ষার্থীর ছবি, ঢাবি, চবি ও জবিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র, পরীক্ষা পাসের সনদ, অগ্রিম নেওয়া ১২ লাখ টাকার চেক উদ্ধার ও দেশিয় তৈরি মোটাকাপড়ের দুটি কালো রঙয়ের স্যান্ডো গেঞ্জি উদ্ধার করা হয়।
সিআইডি কর্মকর্তা মো. এহসান উদ্দিন চৌধুরীর বলেন, শার্ট বা কামিজের নিচে এই বিশেষ গেঞ্জিটি পরিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার হলে পাঠাতো চক্রটি। গেঞ্জিটার বুকের সামনে এটিএম কার্ডের আদলে তৈরি বিশেষ কার্ডটিতে একটি সিম, বুকের কাছে ছোট্ট মাইক্রোফোন এবং পরীক্ষার্থীদের কানের ভেতরে ছোট্ট হেয়ারিং ব্লুটুথ লুকানো থাকতো। পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে ফোন দিতো চক্রের সদস্যরা। এরপর পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ে শোনাতো। তা শুনে শুনে উত্তর পাঠাতো চক্রটি।
উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে জালিয়াতির দায়ে ৬ জনকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৭ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।











