নাসিরনগর হামলা: যে কারনে প্রতিবেদন প্রত্যাখ্যান বিএনপির
নিউজ ডেস্ক : নাসিরনগরে হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলায় পুলিশের তদন্ত রিপোর্ট ৬ কারণে প্রত্যাখ্যান করেছে বিএনপি। গতকাল বিএনপির নাসিরনগর তদন্তকারী দলের সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এ তথ্য জানিয়েছেন। এর আগে বিএনপি সংবাদ সম্মেলনে দাবি করেছিল, মন্ত্রী ও সাংসদকে রক্ষা করতে পুলিশ ‘সাজানো তদন্ত প্রতিবেদন’ জমা দিয়েছে।
তিনি জানান, প্রথমত. তদন্ত প্রতিবেদনটি দলীয় মনোভাব নিয়ে তৈরি করা হয়েছে। মূল অপরাধীদের বাদ দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের প্রতিবেদনে সম্পৃক্ত করা হয়েছে। দ্বিতীয়ত. প্রতিবেদনে ঘটনার উৎস সম্পর্কে বলা হয়নি। প্রশাসনিক দ্বায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার কথা বলা হয়নি। যারা দ্বায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের কোন ধরনের শাস্তির আওতায় আনা হবে তাও বলা হয়নি। ঘটনাটির ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে। যারা মিছিল করেছে,আক্রমণ করেছে, সভা করেছেÑ সব কিছুই স্পষ্ট। কিন্তু প্রতিবেদনে এ বিষয়টি উঠে আসেনি। তাই আমরা পুলিশের পরিবর্তে বিচার বিভাগের তদন্ত চেয়েছি। সেই রিপোর্টে যদি বিএনপি নেতা-কর্মীদের নাম আসে তবে আমরাও তাদের বিচার চাইব।
গত সোমবার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীসহ বিএনপির নাসিরনগর উপজেলার সহ- সভাপতি জামাল উদ্দিন ও ইউনিয়ন যুব দলের সহ-সভাপতি বিল্লাহ হোসেনের নামে প্রতিবেদন দাখিল করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নাসিরনগরের ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করতে এবং উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা করতেই ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। শুধু নাসিরনগরের ঘটনা নয়, সারাদেশে হিন্দু সম্প্রদায় ও সাঁওতাল সম্প্রদায়সহ সকল ঘটনাই শাসকদল ঘটিয়ে বিরোধী দলের উপর দায়ভার চাপানোর অপচেষ্টা করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নাসিরনগরের হামলার ঘটনার সঙ্গে ক্ষমতাসীদের স্থানীয় এমপি, মন্ত্রী ও আওয়ামী লীগের লোকজন জড়িত। কিন্তু পুলিশ মন্ত্রী ও এমপিদের বাঁচাতে প্রতিবেদনে তাদের নাম অন্তুর্ভুক্ত করেনি। বরং বিএনপি নেতা-কর্মীরা ঘটনার সঙ্গে জড়িত না থাকার পরও তাদের নাম প্রতিবেদনে সম্পৃক্ত করা হয়েছে। তাই আমাদের কাছে প্রতিবেদনটি গ্রহণযোগ্য মনে হয়নি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নাসিরনগরে হামলার ঘটনায় পুলিশ সাজানো ও মিথ্যা প্রতিবেদন দাখিল করেছে। মূলত, স্থানীয় এমপি ও মন্ত্রীকে বাঁচাতেই এ সাজানো মিথ্যা প্রতিবেদন তৈরি করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নাসিরনগরের ঘটনায় বিশেষ মহলের হাত রয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
উল্লেখ্য,গত ৪ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল নাসিরনগরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ওই সময় তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয় গৌর মন্দির, দত্তবাড়ি মন্দির, কালীবাড়ি মন্দির, জগন্নাথ মন্দিরসহ বাড়িঘর পরিদর্শন করেন। বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের লোকজনের সাথে কথা বলেন। পরে বিএনপির স্থানীয় নিজস্ব কার্যালয় সুকন ভবনে এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমেদ এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
ফেসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরদিন স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুব্যক্তি দুটি মামলা দায়ের করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।
এদিকে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী প্রতিনিধি দল সেখানে পর্যবেক্ষণ করতে যায়। তাদের দাবিÑ নাসিরনগরের ঘটনাটি আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে সংঘটিত হয়েছে। এর সাথে শাসকদলের স্থানীয় এমপি ও মন্ত্রীরা জড়িত। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু











