আর্থিক অবস্থা পর্যালোচনায় আসছে আইএমএফ টিম
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের অর্থনীতির সর্বশেষ অবস্থা জানতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছে। এসব জানতে সংস্থাটির একটি প্রতিনিধি দল রোববার ঢাকা আসছে।

সফরকালে প্রতিনিধি দলটি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আইএমএফ প্রতিনিধিদলটি সরকারের আয়-ব্যয়, সুদের হার, বেসরকারি খাত, নতুন ভ্যাট আইন, মানি লন্ডারিং ও বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। সফরের আগেই সংস্থাটির পক্ষ থেকে এক ঝাঁক প্রশ্ন পাঠানো হয়েছিল। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। প্রতিনিধি দলটি সফরকালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ, মূলধন ঘাটতিসহ সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতেই বেশি আগ্রহী।
সূত্র জানায়, ব্রেইন এইতকেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। প্রতিনিধি দলের সদস্যরা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।
আইএমএফ শুরু থেকেই দেশের সার্বিক অর্থনীতি নিয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে। বর্তমানে কোন চুক্তি না থাকলেও সার্বিক অর্থনীতির হালচাল জানতে চায় সংস্থাটি। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৭টি বিষয়ে তারা সরকারের কাছে জানতে চেয়েছে। ঢাকা সফরের আগে আইএমএফের সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইলে এসব ব্যাংকের ব্যালেন্স শিট, চলতি অর্থবছরের পারফরম্যান্স, খেলাপি ঋণ বাড়ার কারণ, খেলাপি ঋণ আদায়ের সর্বশেষ অবস্থা, সরকারের সঙ্গে চুক্তির বিপরীতে লক্ষ্যমাত্রা অর্জনের সর্বশেষ অবস্থা, মূলধন ঘাটতির সমস্যা ও সমাধানের উপায় এবং অটোমেশনের বিষয়ে জানতে চেয়েছে। এসব বিষয় নিয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবস্থা মোটেও সন্তোষজনক নয়। বিষয়টি নিয়ে সরকারও চিন্তিত। চলতি বছরের জুন শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ হাজার ৩৬৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ০৬ শতাংশ। এর মধ্যে সরকারি মালিকানাধীন (বিশেষায়িত দুই ব্যাংকসহ) আট ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৯৩ কোটি ৬২ লাখ টাকা। যা এ খাতের খেলাপি ঋণের ৫৬ দশমিক ৬৫ শতাংশ। এর পরিমাণ ৩৫ হাজার ৮৯৪ কোটি টাকা।
সূত্র জানায়, চলতি বছরের জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের বিতরণ করা ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৩৬ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি হয়ে পড়েছে ৩০ হাজার ৭৬ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ২৫ দশমিক ৭৪ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। এর মধ্যে বেসিক ব্যাংকের ১২ হাজার ৭৮২ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি হয়েছে ৬ হাজার ৭৫৩ কোটি টাকা বা ৫২ দশমিক ৮৩ শতাংশ।
সূত্র জানায়, সোনালী ব্যাংকের ৩০ হাজার ৮৪৭ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি হয়েছে ৯ হাজার ৩২৩ কোটি টাকা বা ৩০ দশমিক ২২ শতাংশ, রূপালী ব্যাংকের ১৫ হাজার ৪২২ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি হয়েছে ২ হাজার ৩৬১ কোটি টাকা বা ১৫ দশমিক ৩১ শতাংশ।
জনতা ব্যাংকের ৩৪ হাজার ৬৮ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি হয়েছে ৫ হাজার ৮৯১ কোটি টাকা বা ১৭ দশমিক ২৯ শতাংশ, অগ্রণী ব্যাংকের ২২ হাজার ২১৮ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি হয়েছে ৪ হাজার ৯৯২ কোটি টাকা বা ২২ দশমিক ৪৭ শতাংশ ও বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি হয়েছে ৭৫৭ কোটি টাকা বা ৫০ দশমিক ৪৬ শতাংশ।
সূত্র জানায়, একই সময়ে বিশেষায়িত দুই ব্যাংকের ঋণ বিতরণ স্থিতি দাঁড়িয়েছে ২২ হাজার ২৫১ কোটি টাকা। যার মধ্যে খেলাপি হয়ে গেছে ৫ হাজার ৮১৬ কোটি টাকা বা ২৬ দশমিক ১৪ শতাংশ। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১৭ হাজার ৫৯৫ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি হয়েছে ৪ হাজার ৮৪১ কোটি টাকা বা ২৭ দশমিক ৫১ শতাংশ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৪ হাজার ৬৫৬ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি হয়েছে ৯৭৫ কোটি টাকা বা ২০ দশমিক ৯৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানা উদ্যোগেও মূলধন ঘাটতি থেকে বের হতে পারেনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। গত জুনে রাষ্ট্রায়ত্ত খাতের ৭ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২২ কোটি টাকা। গত মার্চে ৫ ব্যাংকে মূলধন ঘাটতি ছিল ১৩ হাজার ৩৪৪ কোটি টাকা।
সূত্র জানায়, আইএমএফ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও সরকারের ব্যয় ও ঘাটতি নিয়ে পরিকল্পনা জানতে চাইবে। সরকারকে স্থানীয় ও বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণের সুদ এবং তার পরিমাণের বিস্তারিত বর্ণনা দিতে বলেছে আইএমএফ মিশন। এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে ঋণ পরিশোধে সরকারি কৌশল এবং সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের বিষয় আলোচনায় স্থান পাবে। এগুলো ছাড়াও আইএমএফ নতুন ভ্যাট আইন বাস্তবায়ন এবং এ আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান তৈরির বিষয় জানতে চাইবে।











