,

মাশরাফিদের টানা দ্বিতীয় হার

t-pereraস্পোর্টস ডেস্ক : ছুটির দিন বলেই হয়তো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি দর্শকে ঠাসা! এবার বিপিএলে এখনো পর্যন্ত সর্বোচ্চ দর্শক হয়েছে আজই। কিন্তু দুই দল দর্শকদের পুরোপুরি বিনোদন দিতে পারল কোথায়? টি-টোয়েন্টি মানেই যে চার-ছক্কার বৃষ্টি, কুমিল্লা ভিক্টোরিয়ানস-বরিশাল বুলসের ম্যাচে সেটি দেখা যায়নি। বরিশালের দর্শকদের যা একটু তৃপ্তি, দল জিতেছে ৬ উইকেটে।

শুধু আজই নয়, এবার বিপিএলে এখনো পর্যন্ত বড় স্কোরের ম্যাচ হয়নি। প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে টিটাগং ভাইকিংস করেছে ১৬১। এরপর আর কোনো ইনিংস ১৫০ পেরোয়নি। আজকের ম্যাচও লো স্কোরিং। ম্যাচে চারই হয়েছে ২০টি আর ছক্কা ৬টি।

১৩০ রানের লক্ষ্য নিয়ে শুরু করে খুব একটা স্বচ্ছন্দে এগোতে পারেনি বরিশাল। দুই ওপেনার দিলশান মুনাবীরার স্ট্রাইকরেট ৭৮.৯৪ ও শামসুর রহমানের ৬১.৫৩। অদ্ভুত ব্যাটিং করেছেন শামসুর। নাবিল সামাদের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লং অনে ইমাদ ওয়াসিমের ক্যাচ হওয়ার আগে ২৬ বলে করেছেন ১৬ রান। বাউন্ডারি মাত্র একটি। ১০ ওভার শেষে স্কোরবোর্ডে বরিশাল ৪৮/১। রান রেট ৫-এরও নিচে।

মুনাবীরা-শামসুর বরিশালের সমীকরণটা যতটা কঠিন করে তুলেছেন, মুশফিকুর রহিম-থিসারা পেরেরা চতুর্থ উইকেটে সেটিই সহজ করে ফেলেছেন। আগের ম্যাচের মতো এদিনও মুশফিকের ব্যাট কথা বলেছে। সোহেল তানভীরের বলে লিটন দাসের ক্যাচ হওয়ার আগে ২৩ বলে করেছেন ৩৩। দুটি ছক্কা মেরেছেন, দুটিই প্রিয় স্লগ সুইপে। আর ২০ বলে অপরাজিত ৩৪ করে দলকে জয়ের প্রান্তে পৌঁছে দিয়েছেন পেরেরা।

মারলন স্যামুয়েলস কুমিল্লার পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করলেও তাঁর নামের পাশে ১৯টা ডট বল। চাইলে নাজমুল হোসেন শান্ত-ইমাদ ওয়াসিমের দুটি রান আউট ঠেকাতে পারতেন তিনি।

১৭ ওভার শেষেও কুমিল্লার রানরেট ৬-এর নিচে। দলটির রানরেট শেষ পর্যন্ত যে ৬-এর ওপরে উঠেছে, সেটি সোহেল তানভীরের ছোট্ট ঝোড়ো ইনিংসের সুবাদে (১৯ বলে ৩০)। ইনিংসের প্রথম ছক্কাটি হয়েছে ১৭তম ওভারে এসে। কুমিল্লার যে তিনটি ছক্কা হয়েছে, তিনটি আবু হায়দারের বলে। সব কটিই মেরেছেন তানভীর।

স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই তাইজুল ইসলামের বলে বোল্ড ইমরুল কায়েস! শুরুর ধাক্কাটা পরে আর কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা। ম্যাচের ফলেও পড়েছে তার প্রভাব। ৯ বল হাতে রেখেই জিতে যায় বরিশাল। এটি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার টানা দ্বিতীয় হার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা