যেভাবে নির্বাচিত হবেন মার্কিন প্রেসিডেন্ট
মার্কিন নির্বাচনকে ঘিরে বিশ্বজুড়েই ব্যাপক উৎসাহ। সবার আগ্রহ কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি। এবারের ঐতিহাসিক এই নির্বাচনে হিলারির বিজয়ে দেখা মিলতে পারে প্রথমবারের মতো কোনো নারী মার্কিন প্রেসিডেন্টের। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মূল দুই প্রার্থী হিসেবে লড়ছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে প্রায় ১২ কোটি ভোটার ভোট দিতে পারেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে মোট ৬টি টাইমজোন রয়েছে। টাইমজোনের এ ভিন্নতার কারণে রাজ্যের ভোট গ্রহণ শুরুর সময় ও শেষের সময়ের মধ্যে তারতম্য থাকবে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ভোট গ্রহণ শুরু হবে। ভোট কেন্দ্রগুলো বন্ধ হওয়া শুরু হবে রাত ৭টা থেকে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা)। তবে আইওয়া এবং নর্থ ডাকোটাতে ভোট গ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। চূড়ান্ত ফলাফল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টায়) ঘোষণা করবে মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালটে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে দুজনকে ভোট দেওয়া হয়। এর সঙ্গে ইলেক্টোরাল প্রতিনিধিকেও নির্বাচিত করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল প্রতিনিধির ভূমিকাই অনেকটা মূখ্য। যে প্রার্থীর দল থেকে ইলেক্টর বেশি নির্বাচিত হবেন তিনিই এগিয়ে থাকবেন নির্বাচনে। জয়ের জন্য ইলেক্টরের সংখ্যা নির্ধারিত ২৭০ হয়ে গেলে তিনিই হন প্রেসিডেন্ট। ইলেক্টরকে ভোট দেওয়ার অর্থ ওই পার্টির প্রেসিডেন্টকেও ভোট দেওয়া। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি রাজ্য ও ফেডারেল ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া (ওয়াশিংটন ডিসি) মিলিয়ে ইলেক্টোরাল ভোটার সংখ্যা ৫৩৮টি। প্রেসিডেন্ট হতে দুই প্রার্থীর যেকোনো একজনকে পেতে হবে ২৭০টি ইলেক্টোরাল ভোট। এই সংখ্যক ভোট কে পাচ্ছেন তা জানা যাবে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টায়)। ইলেক্টোরাল কলেজের সদস্যরা ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করবেন। ২০১৭ সালের ২০ জানুয়ারি জয়ী প্রার্থী আনুষ্ঠানিকভাবে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করবেন। ওই দিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।











