২০০ বছরের জগন্নাথ মন্দির কবে প্রাণ পাবে জানে না কেউ
‘মন্দিরে না, আমার কইলজা কাইট্টা লাইছে’- নাসিরনগর পশ্চিম পাড়ায় অবস্থিত জগন্নাথ মন্দিরের পুরোহিত নরেন্দ্র চক্রবর্তী এ মন্দিরে চালানো হামলা প্রসঙ্গে এমন মন্তব্য করেন।
গত ৩০ অক্টোবর আনুমানিক ২০০ বছরের প্রাচীন ও উপজেলাবাসীর প্রাণের জগন্নাথ মন্দির দুর্বৃত্তদের কালো থাবায় পড়ে। নাসিরনগর ।মেদির হাওর দিয়ে বয়ে চলা লংগন নদীর তীরে এ মন্দির দাঁড়িয়ে আছে।
মন্দির তছনছ করার পাশাপাশি ২৫০ গ্রাম ওজনের রাধা কৃষ্ণের স্বর্ণ মূর্তি, ১০০ ভরি ওজনের তিনটি রূপার মুকুট, পিতলের সিংহাসনে রাখা বিষ্ণু পাথর, পিতলের তৈরি আধা কেজি ওজনের গোপাল মূর্তি, প্রায় দুই কেজি ওজনের তামা ও প্রায় তিন কেজি ওজনের তৈজসপত্র লুট করে দুস্কৃতিকারীরা। শুধু তাই নয়, মন্দিরের নিজস্ব প্রতিটি বাদ্যযন্ত্র- ঢোলক, খোল, করতাল, হারমোনিয়াম, ঘণ্টা, কিছু ভেঙে চুরমার করে ফেলেছে, কিছু লুটেছে। ভেঙে ফেলেছে নিমগাছ দিয়ে তৈরি জগবন্ধু, বলরাম ও শুভদ্রার। পুজার ছোটখাট সরঞ্জামও তছনছ।
এসব তথ্য জানান ৫০ বছর ধরে এ মন্দির পুরোহিতের দায়িত্ব পালনকারী নরেন্দ্র চক্রবর্তী।
সোমবার দুপুরে সরেজমিনে দেখাগেছে, জগবন্ধু, বলরাম ও শুভদ্রা পড়ে আছে ।মেঝেতে তাদের অঙ্গ ভাঙ্গা। তাদের উত্তর পাশে পড়ে আছে বড় একটি কালো পাথর। পড়ে আছে, বিষ্ণু পাথর রাখা শূন্য পিতলের সিংহাসন, কিছু বাঁকা-ত্যাড়া তৈজসপত্র, ঝুলে আছে মধ্যম আকৃতির কাঁসার ঘণ্টা। মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, শঙ্খ, কাপড়, খৈয়ের বয়াম, দুইতিনটি পয়সা রাখা দানপাত্র, কিছু ছোট আকৃতির বিষ্ণুপাথর। যদিও অক্ষত অবস্থায় আছে কালো বর্ণের বড় আকৃতির একটি মহাদেব পাথর।
নরেন্দ্র চক্রবর্তী বলেন, সবাই ভাইঙ্গা লাইছে, লইয়া গেছে। তিনি জানান, সেদিন মন্দির ছিল তালাবদ্ধ। দুকৃতিকারীরা তালা ভেঙে ফেলে। কলাপসিবল গেটে একটি ভাঙা তালা ঝোলানো দেখা গেছে।
মন্দির সংশ্লিষ্ট ও পশ্চিমপাড়াবাসীসের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী- এটিই নাসিরনগর উপজেলার সবচেয়ে প্রাচীন ও ঘটে যাওয়া হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মন্দির।
নরেন্দ্র চক্রবর্তীর আনুমানিক ও তাৎক্ষণিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ কমপক্ষে ১৩ লাখ টাকা।
সোমবার দুপুরে যখন সেখানে যাওয়া হয়, তখন প্রবেশ দরজায় জ্বলছিল দুটো আগরবাতি। কিছু কিছু পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছিলেন। তারা ছাড়া সেখানে একটি প্রাণীও ছিল না।
কবে এ মন্দির প্রাণ পাবে, বাজবে ঘণ্টা, শঙ্খ, বাদ্যযন্ত্র, অর্চনা করা যাবে পূজা- তা জানেন না এলাকাবাসী। নরেন্দ্র চক্রবর্তী জানালেন, এ মন্দির চালু এখন যেমন ব্যয় সাপেক্ষ, তেমনি সময় সাপেক্ষও। ব্যবহারিক, ধর্মীয়, সামাজিক বেশকিছু নিয়ম পালন করতে হবে পুনরায় চালু করতে। প্রয়োজনীয় অর্থ পেলে কমপক্ষে দেড় মাস লাগবে মন্দির চালু করতে।
তিনি জানান, তিন দেবতা নতুন করে তৈরি করতে কমপক্ষে এক মাস সময় লাগবে, সাতজন ব্রাহ্মণ দিয়ে নতুন দেবতা প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য বহু আয়োজন করতে হয়। দেবতা, ব্রাহ্মণদের জন্য সুতির নতুন বস্ত্র, প্রচুর পরিমাণে নতুন তামা-কাঁসার তৈজসপত্রসহ খুঁটিনাটি অনেক কিছু সম্পূর্ণ নতুন কিনতে হবে। প্রতিষ্ঠিত করার পর পূজা অর্চনা শুরু হবে।
পড়ে থাকা দেবতাদের ব্যবহার করা যাবে কি-না- জানতে চাইলে তিনি জানান, এসব বড় বড় প-িতদের কাছ থেকে জেনে দেখবে কমিটি ও এলাকাবাসী। প-িত যদি বলে, যাবে। তবে নতুন করে গড়া প্রয়োজন পড়বে না। মন্দির চালু করতে সময় কম লাগবে।
বর্তমানে কোনো পূজা করা হয় না জানিয়ে তিনি আরও জানান, প্রতি রোববার ও প্রতিমাসের প্রথম বৃহস্পতিবারে মন্দির প্রাঙণে হরিনাম কীর্তন, গীতা পাঠের আসর বসে, প্রতি আষাঢ় মাসে রথযাত্রা-উল্টো রথযাত্রা ও জন্মাষ্টমী পালন করা হয়। বর্তমানে কীর্তন-গীতা পাঠ একদমই বন্ধ। শুধুমাত্র প্রতিদিন আগরবাতি জ্বালানো, প্রণাম করা ও ভোগ হিসেবে সন্দেশ, মিষ্টি, কলা দেয়া ছাড়া আর কিছু করা হয় না।
জানা গেছে, ১০-১৫ বছর পূর্বে মন্দিরটি পুননির্মাণ করা হয়। মন্দিরের জায়গা ২৪০ শতক। এ জায়গা দান করেছিলেন, তৎকালীন সরাইল-নাসিরনগরের জমিদার দেওয়ান সাহেব। পিতলের গোপাল মূর্তি, স্বর্ণের রাধাকৃষ্ণ মূর্তি তিনিই দিয়েছিলেন বলে জনশ্রুতি আছে। কালো বড় পাথর মহাদেব পাথর ঘিরেও আছে গল্প। বহু আগে উপজেলার টাকানগর গ্রামে প্রতাপ ব্রহ্মচারী এই কালো পাথরকে মহাদেব কল্পনা করে পূজা করতেন। প্রায় ৬০ বছর পূর্বে তার মৃত্যুর পর এই পাথর সেই গ্রামবাসী ফেলে দেন লংগন নদীতে। এর কিছুদিন পর এটি জেলেদের জালে ধরা পড়ে। তখন জেলেরা এটি চিনতে পেরে কাছে থাকা জগন্নাথ মন্দিরে দিয়ে যান।
এই সার্বজনীন মন্দির কমিটির বরাত দিয়ে পুরোহিত নরেন্দ্র চক্রবর্তী জানান, ১০ হাজার টাকা সরকারি সহায়তা মিলেছে মাত্র।
স্থানীয় বাসিন্দা ৫৯ বছর বয়স্ক হরেন্দ্র দাস বলেন, যে আলামত দেখছি, স্বাধীনতার যুদ্ধের সময়ও এইখানে এই আলামত দেখছি না। এই মন্দির আমরার প্রাণ। সন্ত্রাসীরা আমরার প্রাণ মাইরা ফালাইছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরার আশপাশের মুসলমান বাড়ির কেউ হামলার সময় আসে নাই। আমরা বহুত ডাকছি। তারপরও আসে নাই। এইটা আমাদের মনে বিরাট কষ্ট।
স্থানীয় বাসিন্দা পিন্টু দাস বলেন, আর কইয়েন না, মন্দিরটার দিকে তাকাইলে বুকটা ফাইট্টা যায়। আমরা কোন দেশে আছি? স্বাধীনতার এতো বছর পরে এইসব সহ্য হয়?
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এ প্রতিবেদককে জানান, সরকার মন্দিরগুলোকে আরও সহায়তা করবে ।











