নাসিরনগর হামলায় ক্ষতিতে সরকারি সহযোগিতা অপর্যাপ্ত
নিজস্ব প্রতিবেদক : নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্থ হিন্দু বসতবাড়ি ও মন্দিরে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হয়েছে মাত্র দুই লাখ ২৪ হাজার টাকা। যেখানে ক্ষতিগ্রস্থ ৫৮টি বাড়ি ও ১৪মন্দির সরেজমিন অনুসন্ধানে পেয়েছে মোট ক্ষতির পরিমাণ ৮৭ লাখ ১০ হাজার ৫শ টাকা।
কাবাশরিফের ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর নাসিরনগর সদরের পাঁচটি পাড়া-মহল্লায় হামলা চালিয়ে হিন্দু বাড়ি ও মন্দিরে ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।
ঘটনার পাঁচদিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার ও মন্দিরে আর্থিক সহযোগিতা করা হয়। কিছু ক্ষতিগ্রস্থ পরিবারে নিজহাতে এই টাকা তুলে দেন- স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য, প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হক। বাকি পরিবারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি অন্য কর্মকর্তারা টাকা বিতরণ করেন।
নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমেদ রোববার সন্ধ্যায় বলেন, আমরা পেয়েছি ক্ষতিগ্রস্থ হয়েছে ৫৭টি পরিবার। তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে। এটা আপদকালীন।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া তথ্যের সঙ্গে মিল পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের দেয়া তথ্যের। রোববার সন্ধ্যায় তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫২টি ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। কাউকে দেয়া হয়েছে দুই হাজার করে, কাউকে এক হাজার করে।
ক্ষতিগ্রস্থ মন্দিরগুলোকেও দেয়া আর্থিক সহযোগিতার তথ্যে গড়মিল রয়েছে- জেলা প্রশাসকের দেয়া তথ্যের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া তথ্যের।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ১১টি ক্ষতিগ্রস্থ মন্দিরের প্রতিটিকে সাত হাজার টাকা করে দেয়া হয়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমেদ বলেন, তিনটি সার্বজনীন মন্দিরের প্রতিটিকে ১০ হাজার ও ১৬টি পাড়াভিত্তিক মন্দিরের প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে।
উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া তথ্যানুযায়ী, পরিবার ও মন্দিরে দেয়া হয়েছে- দুই লাখ ২৪ হাজার টাকা। শুধু পরিবারে দেয়া হয়েছে এক লাখ ১৪ হাজার টাকা।
সরেজমিনে জানা যায়, ক্ষতিগ্রস্থ বেশিরভাগ পরিবার নিম্ন আয়ের। কেউ কেউ আছেন যারা দিন এনে দিন খায়। কেউ আছেন মৎস্যজীবী, হামলায় যাদের জীবিকা উপার্জনের মাধ্যম জাল পুড়ে গেছে। আছেন কৃষিজীবীও। যারা পরের জমিতে কাজ করে খায়। কারওবা নামসর্বস্ব জমিমজিরাত রয়েছে, পরিমাণে খুবই কম। পরিবারগুলো হারিয়েছে জমানো টাকা, সোনাদানা, ব্যবসায় প্রতিষ্ঠান, এমনকি ঋণ করে আনা অর্থও লুট হয়ে গেছে। খাবার রান্নার সরঞ্জাম, খাওয়ার সরঞ্জাম, পরনের কাপড়চোপড়- সবকিছু দুর্বৃত্তদর নীল ছোবলে ধ্বংস হয়ে গেছে। প্রার্থনা কক্ষও ভেঙে চুরমার করা হয়েছে। এ অবস্থায় পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে- তীব্র হাহাকার, নামকাওয়াস্তে খেয়ে পড়ে দিন যাচ্ছে তাদের।
এরকম একটি পরিবার থানা কাছাকাছি গাংকল পাড়ার কুমুদ দাসের পরিবার।
হামলায় তার ঘরের ৬/৭টি টিন ক্ষতিগ্রস্থ হয়েছে, ঘরের আসবাবপত্র তছনছ হয়ে গেছে। শোকেসে রক্ষিত নগদ ৫ হাজার টাকা ও ঘরের পাশেই ছোট্ট টং দোকানের মালামাল লুট করা হয়। তার দাবি অনুযায়ী- ক্ষতির পরিমাণ ১৫ হাজার টাকা। দোকানটি দিয়েই তার ৫ সদস্যের পরিবারের অন্ন সংস্থান হতো।
গত শনিবার সকালে তিনি এ প্রতিবেদককে বলেন, আমার সব শ্যাষ। দুই হাজার দিসে। এইটা তো কিছুই না। বাজারের পয়সা, কাপড় চোপড় কিনার পয়সা তো লাগব।
কাশীপাড়ার নেপাল সূত্রধরের বাড়ি যেতেই তার বিধবা মা, সাদাবসন পরিহিত মনা রানী সূত্রধর কান্নায় ভেঙে পড়েন এ প্রতিবেদকের হাতে ধরে। প্রার্থনা কক্ষ দেখিয়ে বলেন, বাবা, আমার ঠাকুররে হেরা ভাইঙ্গা লাইছে। আমার শুকেস (শোকেইস) টারে কাইট্টা লাইছে। ডেগডেসকি (হাড়িপাতিল), থালগেলাস (থালা-গ্লাস) সব ভাইঙ্গা লাইছে। কই যামু আমি।
এক ঘরে দুই ভাইয়ের পৃথক সংসার নেপাল সূত্রধরের। তার অপরভাই সুনীল সূত্রধর। নেপালের খোয়া গেছে, নগদ ২৫ হাজার টাকা ও ১ ভরি সোনা। সুনীলের খোয়া গেছে, নগদ ২২হাজার টাকা ও এক ভরি সোনা। নেপাল সূত্রধরের স্ত্রী বলেন, যেডি নিছে, এডি তো একদিনে জুরাইতে পারি নাই। বহুত কষ্ট করা লাগছে। এহন কেডায় দিব এড়ি তাদের দাবি অনুযায়ী- ক্ষতির পরিমাণ ৭০ হাজার টাকা।
বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের মধ্যেও সরকারি সহযোগিতা নিয়ে রয়েছে চরম অসন্তোষ। নাম না প্রকাশের শর্তে একটি সার্বজনীন মন্দির কমিটির সভাপতি বলেন, ১০ হাজার দিয়া কি আমাগো লগে মস্কারা করতাছে। সেদিন মন্ত্রী সাব আইসা কয়, কী করবা, আস্তো আস্তে জুরাইয়া লাও সব, আমরা কিছু দিমুনে। হামলার প্রতিবাদে সম্প্রতি নাসিরনগরে যেসব কর্মসূচি পালন করা হয়েছে, সেসব থেকে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জোর দাবি জানানো হয়েছে।
গত রোববার নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার ভাইস-চেয়ারম্যান অঞ্জন কুমার দেব বলেন, যদি বর্তমান পরিস্থিতির উন্নতি না ঘটে এবং ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন না করা হয়, তবে আগামীকাল (আজ সোমবার) থেকে অনির্দিষ্টকালের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
গত শুক্রবার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত মানববন্ধনেও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জোর দাবি জানানো হয়েছে।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী রোববার সন্ধ্যায় আমাদের সময় ডটকমকে বলেন, যে ক্ষতিপূরণ দেয়া হয়েছে, এসব কিছুই না। প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আশ্বাস আসলেও তার প্রতিফলন এখনও ঘটেনি।
নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে একজন হিন্দু নেতা বলেন, আমাদের মন্ত্রীকে টানা ৫বার এমপি বানাতে যারা সহযোগিতা করেছেন, তাদের জন্য তিনি কী করেছেন? কত টাকা নিজের পকেট থেকে কয়জনের হাতে দিয়েছেন?
ব্রাহ্মণাবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান রোববার সন্ধ্যায় আমাদের অর্থনীতিকে বলেন, আগামীকাল (আজ সোমবার) জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও আর্থিক সহযোগিতা করা হবে। পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, এখনও কাজ করা হচ্ছে। সোমবারেই জানতে পারবেন।
তিনি আরও বলেন সহযোগিতার পর্ব আরও বাকি আছে, আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি
এদিকে, ঘটনার পরদিন কিছু ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চেয়াম্যান লায়ন ফিরোজুর রহমান। রোববার বিকালে তিনি বলেন, আমি কাজে গিয়েছিলাম ওখানে। গিয়ে দেখলাম ঘটনা। অসহায় মানুষ দেখে খুব কষ্ট পেয়েছি। তাই তাৎক্ষণিকভাবে কিছু পরিবারকে সহযোগিতা করেছি। অর্থের পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, এসব বলতে চাই না ভাই। আমাকে আল্লাহ সহযোগিতার ক্ষমতা দিয়েছেন, আমি করেছি।
সম্প্রতি নাসিরনগরে আসেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এম হাফিজসহ ৫ সদস্যের প্রতিনিধি দল। তিনি একটি ব্রিফিং এ জানান, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ একে একরামুজ্জামান ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করবেন।











