নাসিরনগরে ৫টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫টি হিন্দু বাড়ির ৬টি রান্নাঘর ও গোয়ালঘরে একই সময়ে রহস্যজনক’অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। একসঙ্গে ৫টি বাড়িতে আগুন দেয়ার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,উপজেলা সদরের ফুল কিশোর সরকারের বাড়ির গোয়ালঘরে,মৃনাল কান্তি সরকারের ২টি রান্নাঘর,অমর দেবের ১টি রান্নাঘর,ঠাকুরপাড়ার সন্টু কবিরাজের ১টি পরিত্যক্ত ঘরে ও সাগর দাসের বাড়ির দূর্গামন্দির ঘরে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আগুন ধরিয়ে দেয়া হয় বলে পরিবারের লোকজন জানিয়েছে। পরে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম,উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পব্ত্রি কাবা শরীফ অবমাননার করে আপত্তিকর ছবি পোষ্ট করার জের ধরে রবিবার সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি একদল লোক বের হয়ে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘর এবং বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় হামলাকারীরা ব্যাপক লুটপাটও করে। তাদের হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েক জন আহত হয়। এঘটনায় এখন পর্যন্ত ১১জনকে গ্রেফতার করা হয়েছে।











