বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াই কোটি টাকার ব্রিজ জনগণের কোনো উপকারে আসেনি

sarailমাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : জনগুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ হয়নি কোনো  ব্রিজ। টাকার বিনিময়ে প্রত্যেকটি ব্রিজের স্থান নির্ধারণ করা হয়েছে ব্যক্তি ও পারিবারিক স্বার্থে। এছাড়া অধিকাংশ ব্রিজ শুধু মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নেই কোনো রাস্তা। দুদিকেই নেই অ্যাপ্রোচ। ভিটেমাটি ব্যবহার করে কোনো রকমে জোড়াতালি দিয়ে কাজ শেষ করার অভিযোগও করেছেন অনেকে। প্রত্যেকটি ব্রিজই ১টি বা ২টি বাড়ির সুবিধার্থে করা হয়েছে। ব্রিজ নির্মাণে অধিক জনগোষ্ঠীর সুবিধাকে মোটেও প্রাধান্য দেয়া হয়নি। সরাইলে আড়াই কোটি টাকার ব্রিজ নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মাসোয়ারার বিনিময়ে জনস্বার্থকে কবর দিয়ে ব্যক্তিস্বার্থকে দেয়া হয়েছে অগ্রাধিকার। স্থান নির্বাচনেও রয়েছে বাণিজ্যের অভিযোগ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তায় সেতু বা কালভার্ট নির্মাণ শীর্ষক এ প্রকল্পের কাজগুলো গত অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। ৯টি ব্রিজের মধ্যে কাজ হয়েছে ৭টির। স্থানীয়দের মতে, কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের। অধিকাংশ ব্রিজের এখনো হয়নি অ্যাপ্রোচ। ফলে ব্রিজগুলো এখনো ব্যবহার অনুপযোগী হয়ে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। রাস্তা নেই। খালের ওপর ব্রিজ! তাও অসমাপ্ত। বাড়ছে জনদুর্ভোগ। নিজেদের কমিশন রেখে তড়িঘড়ি করে ঠিকাদারদের পুরো বিল দিয়ে দিয়েছে পিআইও অফিস। পিআইও অফিস সূত্রে জানা যায়, সর্বপ্রথম এ প্রকল্পের আওতায় সমগ্র উপজেলা ১০টি ব্রিজের তালিকা করেছিল কর্তৃপক্ষ। দুর্নীতির গন্ধে অপ্রয়োজনীয় জায়গার একটি ব্রিজ বাতিল করে দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পরে চুন্টায় ১টি, পানিশ্বরে ৪টি, কালীকচ্ছে ১টি, নোয়াগাঁওয়ে ২টি ও শাহবাজপুরে ১টি ব্রিজ নির্মাণ চূড়ান্ত করে পিআইও অফিস। ৯টি ব্রিজের মোট ব্যয় ধরা হয় ২ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৪২২ টাকা। ১টি ব্রিজের কাজ করেননি ঠিকাদার। বাকি ৮টির মধ্যে ৫টি ব্রিজের দৈর্ঘ্য ৪০ ফুট, ২টির ৩২ ফুট ও ১টির ২৬ ফুট। ইতিমধ্যে গত জুন মাসে তড়িঘড়ি ৮টি ব্রিজের বিলের টাকা উত্তোলন করে নিয়েছেন ঠিকাদাররা। অধিকাংশ ব্রিজের অ্যাপ্রোচের কাজ না হওয়ায় ১ লাখ টাকা করে কেটে রেখেছে পিআইও অফিস। তবে ৩টি সেতুর পুরো বিলই উত্তোলন করা হয়েছে। সরজমিন ঘুরে দেখা যায়, ৮টি ব্রিজের কাজেই রয়েছে স্থানীয়দের এন্তার অভিযোগ।  ৯টি ব্রিজের জন্য তৎকালীন পিআইও স্থানীয় সুবিধাভোগীদের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা মাসোহারা আদায় করেছে। যারা টাকা দিতে পেরেছে তারাই তালিকায় এসেছে। কিছু জায়গায় টাকার বিনিময়ে এক জায়গার ব্রিজ অন্য জায়গায় করেছেন। পানিশ্বর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সুলতান মিয়ার বাড়ির দক্ষিণ পাশে খালের ওপর নির্মিত হয়েছে ৪০ ফুট লম্বা সেতু। নির্মাণ ব্যয় ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা।  দায়সারাভাবে ৪ মাস আগে কাজ শেষ হলেও এখনো জনগণের কোনো উপকারে আসছে না সেতুটি। সেতুর উভয় দিকে নেই অ্যাপ্রোচ ও রাস্তা। স্থানীয়রা জানান, শুধু ২/১টি পরিবারের সুবিধার্থে হয়েছে এ সেতু। তাও কেউ সেতুর ওপর দিয়ে হাঁটতে পারছে না। শুধু দেখেই সান্ত্বনা। দুদিকে মাটি ফেলে অ্যাপ্রোচ করতে ২ লক্ষাধিক টাকা খরচ হবে। একই অবস্থা একই ইউনিয়নের শান্তিনগর গ্রামের অলি মিয়া সর্দারের বাড়ির পশ্চিম পাশে খালের ওপর নির্মিত সেতুটির। এটির ব্যয় ২৫ লাখ ৭৪ হাজার ৭২২ টাকা। স্থানীয় মুরব্বি মো. শাহেদ মিয়া (৫৫) আক্ষেপ করে বলেন, ‘লাইজ্জের দিন অইছে এইডা করছে। অহন এইডাত বেকার বেকার! কোন কামে আইতাছে না। আমডা কিছু সহযোগিতা ত করছি অই। সারা দুনিয়া বেরাইয়া যে একটা ব্রিজ কইরা তইল। এইডা কোন কাম অইল। এইডা দিয়া কি ট্রাক বাস যাইব? অতলা দিন অইছে দুই বাজো মাডি নাই। মানুষ অহন পার অইব কেমনে? পানিশ্বর-দেওবাড়িয়া-কাবিতারা রাস্তায় আমজাদ মিয়ার জমির পূর্ব পাশে বোয়ালিয়া খালের ওপর ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুর কাজ অসমাপ্ত। ঠিকাদার সর্বোচ্চ ৩-৪ লাখ টাকার কাজ করেছে। কিন্তু বিল উত্তোলন করেছেন ১০ লাখ টাকার। এটির দুদিকেও মাটি নেই, রাস্তা নেই। নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, ‘এইডা কোন আইন বুঝলাম না। ইট্টুহানে কাজ কইরা ফালাইয়া তুইয়া গেছেগা। বাহি কাম কেডা করব? আমডার কি উফকার অইল? হগলতান অই দুই নম্বারি।’ আর এ ইউনিয়নের শাখাইতি রুপশাই হাফিজিয়া মাদরাসা সংলগ্ন খালের ওপর ৪০ ফুট দীর্ঘ সেতুটির কাজ করেননি ঠিকাদার। শাহজাদাপুর ডাল্লাপাড়া মধু মিয়ার বাড়ির সামনের খালের ওপর নির্মিত ৪০ ফুট সেতুটিও দাঁড়িয়ে আছে মূর্তির মতো। কোনো উপকারে আসছে না লোকজনের। দুই লক্ষাধিক টাকার মাটি কে দেবে? ওই গ্রামের বাসিন্দা ফজর আলী (৫৬) বলেন, কোনো রকমে যেনতেনভাবে কাজ করে টাকা নিয়ে গেল ঠিকাদার। বাকি কাজ কে করবে? আমরা কবে সেতুর ওপর দিয়ে হাঁটবো? একই অবস্থা চুন্টা কালিবাড়ি হতে বড়াইল কুমারপাড়া রাস্তার খালের ওপর ২১ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত ২৬ ফুট সেতুটির। নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা কাছিম খার বাজার হতে বইতুল্লার বাড়ি সংলগ্ন খালের ওপর ৩২ লাখ টাকায় নির্মিত সেতুর পাশে ৩২ ফুট রাস্তাও নেই। শুধু একটি বাড়ির জন্য করা হয়েছে সেতুটি। সংশ্লিষ্ট ইউপি সদস্য অলি আহাদ ও গ্রামের বাসিন্দা জুরু মিয়া বলেন, পুরো গ্রামের সিদ্ধান্ত ছিল সকলের সুবিধার্থে গ্রামের মাঝখানে হবে সেতুটি। কিন্তু পিআইও দেড় লাখ টাকার বিনিময়ে একটি বাড়ির জন্য নদীর পাড়ে সেতুটি নির্মাণ করেছে। কালিকচ্ছ নন্দীপাড়া জমশেদ মিয়ার বাড়ির পাশের ইন্দ্রকোনা খালের ওপর সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪০ ফুট সেতু ও বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চবটি রাস্তায় সিরাজুল ইসলামের বাড়ি সংলগ্ন খালের ওপর ২১ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত ২৬ ফুট দীর্ঘ সেতুটি দিয়ে কোনো রকমে হাঁটছে দুই পরিবারের লোকজন। সাইকেল বা রিকশাই যেতে পারছে না। উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান বলেন, আমি এখানে নতুন। আগে কে কি কাজ করেছেন আমার জানা নেই। বর্তমানে অসমাপ্ত কাজ দেখার দায়িত্ব আমার। তবে তৎকালীন পিআইও আবুল কালাম মিয়াজী বলেন, ভাই টপ টু বটম ম্যানেজ করেই কাজ করতে হয়। এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেই সেতুগুলোর স্থান নির্ধারণ করেছি। কোনো ঘুষ নেইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা সেতু নির্মাণে অনিয়মের কথা স্বীকার করে বলেন, গ্রামবাসী নয়, শুধু ২-১টি পরিবারের জন্য সেতু নির্মাণের কথা শুনেছি। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ