সাব্বির আলো ছড়ালেন বোলিংয়ে
স্পোর্টস ডেস্ক :সবার কাছে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত তিনি। তবে সাব্বির রহমান যে বল হাতেও জ্বলে উঠতে পারেন, সেটাই প্রমাণ করলেন আরেকবার।চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও বিসিবি একাদশ। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচের প্রথম দিন ভেস্তে যাওয়ায় আজ দ্বিতীয় দিনে ৪৫ ওভার করে খেলছে দুই দল।

ইংল্যান্ড ৪৫ ওভারে ৪ উইকেটে তুলেছে ১৩৭ রান। সর্বোচ্চ ৫৯ রান করে রিটায়ার্ড আউট হয়েছেন বেন ডাকেট। ইংলিশদের পড়া তিনটি উইকেটই নিয়েছেন সাব্বির।
সকালে টস জিতে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। শুরুটা দারুণ করেন দুই ওপেনার হাসিব হামিদ ও ডাকেট। দলীয় ৭৫ রানে ৬৩ বলে ৬টি চারে ৫৯ রান করে রিটায়ার্ড আউট হয়ে অন্য ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের সুযোগ করে দেন ডাকেট।
এরপর নামেন ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা জো রুট। তবে বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতেই পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। মাত্র ২ রান করেই সাব্বিরের লেগ স্পিনে এলবিডব্লিউয়ের শিকার রুট।
নিজের পরের ওভারে এসে হামিদকেও বিদায় করেন সাব্বির। উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ বছর বয়সি হামিদ (১৬)। তৃতীয় উইকেটে ৫১ রান যোগ করেন গ্যারি ব্যালান্স ও মঈন আলী। মঈনকে (২৪) কামরুল ইসলাম রাব্বির ক্যাচ বানিয়ে এ জুটিও ভাঙেন সাব্বির। ব্যালান্স অপরাজিত ছিলেন ২৭ রানে।
৯ ওভারে মাত্র ২৭ রান দিয়ে দুটি মেডেনসহ ৩ উইকেট নিয়েছেন এই ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেওয়া সাব্বির। এদিন বিসিবি একাদশের হয়ে আটজন বল করেছেন।
ফর্মহীনতায় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার প্রস্তুতি ম্যাচে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। শাহরিয়ার নাফীসের সঙ্গে ওপেন করতে নেমেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ জুটি ২২ ওভারে বিনা উইকেটে তুলেছে ৭০ রান। শাহরিয়ার ৬৮ বলে ৫ চারে ৪২ ও সৌম্য ৬৬ বলে ২ চারে ২৩ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।











