বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ হার মেনে নেয়া যায় না

স্পোর্টস ডেস্ক : বের হওয়ার সময় ইমরুল কি একটু খোঁড়ালেন? খোঁড়ানোরই কথা। পেশিতে বেমক্কা টান পড়ার পর আরও এক ঘণ্টারও বেশি সময় ব্যাটিং করে গেলেন। ওপেনার হিসেবে নেমেছিলেন। ৪৫তম ওভারে গিয়ে আউট হলেন। নামের পাশে ১১৯ বলে ১১২ রানের ঝকঝকে এক ইনিংস। ১১টি চার, দুই ছক্কা। ইমরুলের মুখে হাসি নেই। মুখটা বিষাদের ছায়ায় ঢাকা। সেই বিষাদে আড়ালে চলে গেছে, না হলে তীব্রতম শারীরিক যন্ত্রণাটাও কি কম? ইমরুল অবশ্য বলবেন, শরীর? সব যন্ত্রণা তো মনে। কী লাভ হলো এত পরিশ্রমের!

253163-3৫২ বলে ৩৯ রান দরকার। হাতে ৬ উইকেট। সেটাও বড় কথা, উইকেটে থাকা দুই ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করছেন, মনে হচ্ছে ব্যাটিং করা পৃথিবীর সহজতম কাজ। জ্বি, সেখান থেকেই বাংলাদেশ ম্যাচটা হেরে গেল ২১ রানে। ইংল্যান্ডের ৩০৯-এর জবাবে বাংলাদেশ অলআউট ২৮৮ রানে। একে ‘ক্রিকেটের মহান অনিশ্চয়তা’ বলবেন? নাকি বাংলাদেশ দলের ব্যর্থতা?
৯ রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলল ৫ উইকেট। ৪ উইকেটে ২৭১ থেকে মুহূর্তেই স্কোর হয়ে গেল ৯ উইকেটে ২৮০। জয় তখনো ৩০ রান দূরে। এটাই পার্থক্য। হাতে উইকেট থাকলে ৩৯ রান মনে হয়, এই তো পাশের বাড়ি। আর শেষ ব্যাটসম্যান হিসেবে তাসকিন যখন খেলতে নামলেন, ৩০ রান মনে হচ্ছিল মঙ্গলগ্রহের দূরত্ব। অথচ ৩৯ থেকে ৩০ মাত্র ৯ রানের ব্যবধান। এর মধ্যেই ঘটে গেল এত কিছু। মুহূর্তেই বদলে গেল রং, সব সমীকরণ।
এই ‘৯ রান’ বাংলাদেশের ক্রিকেটের আরেক চির-আক্ষেপ হয়ে থাকবে। মুলতান ও ২০১২ এশিয়া কাপ ফাইনালের পাশাপাশি! এই ৯ রানের ভেতরেই তো যাবতীয় সর্বনাশ! বাংলাদেশ ম্যাচটা ২১ রানে হেরেছে সেটাই হয়তো মনে রাখবে সবাই। কিন্তু আজ জয়োৎসবের প্রস্তুতি নিতে থাকা প্রতিটি মানুষ মনে রাখবে সেই ৯ রানের কথা। এই জয় তো শুধু জয় হতো না, হতো ৩১০-ও অনায়াসে পেরোতে পারার বার্তা ছড়িয়ে দেওয়া। শুধু প্রতিপক্ষ দলগুলোকে নয়, নিজেরও। অচেনা নিজেকে দেখা হতো চেনা আয়নায়। এই ম্যাচ ভুলতে সময় তাই লাগবেই।

আর ইমরুল কায়েস? তিনি মনে রাখবেন কীভাবে?

নীরবে রান করে যান বলে তারকা খ্যাতি এখনো জোটেনি। অত গ্ল্যামার যে নেই। ব্যাটিংয়ের ধরন যে অনেকটাই পাল্টে ফেলেছেন, এটা যেন অনেকেই মাত্র কদিন আগে আবিষ্কার করল। আজ সেই ইমরুল ১১২ রানের ঝকঝকে ইনিংস খেললেন। সাড়ে ছয় বছর পর ওয়ানডে সেঞ্চুরি। আজ তাঁর নায়ক হওয়ার কথা। কিন্তু কেউ তো মনেই রাখবে না এই সেঞ্চুরি। ইমরুল সতীর্থদের বলতেই পারেন, ‘এমনিতেই আলোতে আসি না। তোরা তো পণই করেছিস, আসতেই দিবি না।’

253160এমনিতে অবশ্য মাঠেও ইমরুলকে আড়ালে পাঠিয়ে দিচ্ছিলেন সাকিব। কখনো কখনো দুর্বোধ্য চরিত্রের হয়ে ওঠা উইকেটেও কী সাবলীল ব্যাটিংটাই না করলেন! ৫৫ বলে ৭৯, ১০টি চার, এক ছক্কা। ইমরুলের অবদানকে একটুও খাটো না করে বলা যায়, সাকিবই বাংলাদেশ আর জয়ের মাঝখানে অনিশ্চয়তার অস্বচ্ছতাকে মুছে দিচ্ছিলেন। এনে দিলেন নিশ্বাস দূরত্বেও। সেই সাকিবই আবার সেটি দূরতম গ্রহে নিয়ে গেলেন। যে ‘ সেই ৯ রানে’র আক্ষেপগাথা হয়ে উঠছে এই ম্যাচ রিপোর্ট, তার ধসের শুরুটা তো সাকিবকে দিয়েই। জ্যাক বলকে পুল করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ।

পরের বলেই প্লেড অন মোসাদ্দেক। পরের ওভারে ফিরলেন মাশরাফি। ৩ রানে ৩ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডই ম্যাচের পাল্লা হেলিয়ে দিল তাদের দিকে, চোখের পলক ফেলতে না ফেলতেই।
ইমরুল তখনো ছিলেন। কিন্তু ক্লান্ত-বিধ্বস্ত ইমরুল আউট হওয়ার ধরনেই বুঝিয়ে দিচ্ছিলেন, শরীর চলছিল আর। একটু নিচে নেমে এসে স্টাম্পিংয়ের ফাঁদে।

২০১১ বিশ্বকাপে শফিউল প্রায় এ রকম কাছাকাছি পরিস্থিতিতে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন। তখন অবশ্য ছিলেন পার্শ্বচরিত্রে। ব্যাটিংয়ে শফিউলদের কাছ থেকে পার্শ্বচরিত্রের ভূমিকাই পাওনা। কিন্তু এবার আর কেউ ‘মাহমুদউল্লাহ’ হয়ে উঠতে পারলেন না।

২১ রানের এই পরাজয় ২১ রানের চেয়েও বড় কিছু। প্রথম ম্যাচে জয় সিরিজেই হয়তো প্রভাব ফেলত। সবচেয়ে বড় কথা, হিরের চেয়েও দামি হয়ে ওঠা দুটি মহামূল্য রেটিং পয়েন্টও হারাল বাংলাদেশ।
সবকিছুরই শুরু সাকিবের ওই পুলের ভুল থেকে। ডমিনো এফেক্টের মতো একে একে পড়ল সবই। ডমিনো এফেক্টেরও শেষ হয় এক সময়। কে জানে, সেটি এই ম্যাচেই শেষ, নাকি এর রেশ থাকবে পরেও?

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ