জঙ্গিদের আত্মসমর্পণ শুরু
নিউজ ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের ফলে বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে শুরু করেছে জঙ্গিরা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদের অপরাধ স্বীকার করে সঠিক পথে ফিরে আসার অঙ্গীকার করে আত্মসমর্পণ করা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি ইতিবাচকভাবে নেওয়া হচ্ছে। যশোরে তিন দফা হিযবুত তাহরীরের সাত সদস্য পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করার পর এবার র্যাবের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে নব্য জেএমবির একাধিক সদস্য। বুধবার বগুড়া শহরের একটি অডিটরিয়ামে জঙ্গিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, উত্তরাঞ্চলের বগুড়া জেলার একাধিক চরাঞ্চলে জঙ্গিরা আস্তানা গেড়ে প্রশিক্ষণ নিয়েছিল। গুলশান ও শোলাকিয়া হামলার সঙ্গে জড়িত একাধিক জঙ্গির বাড়িও বগুড়া জেলার বিভিন্ন এলাকায়। মাদ্রাসা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত তরুণরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়েছিল। র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার কঠোর নজরদারি ও অভিযানের কারণে জঙ্গিরা তাদের কার্যক্রম গুটিয়ে আনতে বাধ্য হয়। এমনকি সামাজিকভাবে জঙ্গিদের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয়। এ কারণে অনেক তরুণ জঙ্গিরা নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি জানান, র্যাব-১২ এর কাছে বগুড়া জেলার বাসিন্দা কয়েকজন জঙ্গি আত্মসমর্পণ করবে বলে জানায়। অন্য জঙ্গিরাও যেন আত্মসমর্পণ করতে আগ্রহী হয় এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, গুটিকয়েক ব্যক্তি সহজ-সরল তরুণদের ইসলাম ও কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে আকৃষ্ট করার চেষ্টা করছে। অনেকেই এসব ভুল ব্যাখায় মোটিভেটেড হয়ে ভুল পথে পা বাড়ায়। পরবর্তী সময়ে যখন নিজেদের ভুল বুঝতে পারে, তখন আর তাদের কিছু করার উপায় থাকে না। যারা জঙ্গি সংগঠন থেকে পালিয়ে বা ছেড়ে আসতে পারে তারা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যই আত্মসমর্পণ করতে চাইছে। বিভিন্ন সময়ে গ্রেফতার জঙ্গিরাও আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, কথিত বড় ভাইদের মাধ্যমে কোরআনের ভুল ব্যাখ্যার কারণে তারা জঙ্গিবাদে জড়িয়ে হয়ে পড়েছিল।
বিভিন্ন সময়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন জঙ্গিরা ঘরে ফিরে এলে তাদের পুলিশ কোনও ডিস্টার্ব করবে না। গত ১০ আগস্ট পুলিশ সদর দফতরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যারা জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে পড়েছে কিন্তু বড় ধরনের কোনও অপরাধে জড়ায়নি, তারা ফিরে আসলে পুলিশ তাদের সবধরনের সহযোগিতা দেবে। এর আগে ২৫ জুলাই আইজিপি কক্সবাজারে এক অনুষ্ঠানে জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা জঙ্গি হয়েছেন তাদের প্রতি অনুরোধ, সঠিক পথে ফিরে আসুন। স্বাভাবিক জীবনে ফিরে এসে পরিবারের অশান্তি দূর করুন। আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে সহযোগিতা দেবে। সরকারও তাদের সাধারণ ক্ষমা করবে।
সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে যারা সাড়া দিচ্ছে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হবে। তাদের কোনও মামলায় হয়রানি বা গ্রেফতার করা হবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের আইনী সহায়তা করা হবে। তবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, জঙ্গিবাদ থেকে ফিরে আসাদের গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হবে।
উল্লেখ্য, গত সোমবার যশোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের তিন জঙ্গি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তারা হলো যশোর শহরের পুরনো কসবা কদমতলার আবদুল আজিজের ছেলে তানজিব ওরফে আশরাফুল, তার ভাই তানজির আহমেদ ও বোন মাছুমা আক্তার। তারা তিনজনই হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য ছিল। এর আগে গত ২১ আগস্ট ফখরুল আলম তুষার নামে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ফখরুল আলম তুষার নামে হিযবুত তাহরীরের এক সদস্য আত্মসমর্পণ করে। এছাড়া গত ১১ আগস্ট যশোর শহরতলির খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল (৩২), শহরতলির ধর্মতলা মোড় এলাকার আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ (২০) ও কদমতলা এলাকার এ কে এম শারাফত মিয়ার ছেলে মেহেদী হাসান পলাশ (২০) পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তারা তিনজনও হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ছিল। বাংলা ট্রিবিউন











