বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের পলিসিতেই ঘুরপাক খাচ্ছে বিএনপি

1280-1নিউজ ডেস্ক : সরকারের পলিসিতেই ঘুরপাক খাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। একের পর এক আল্টিমেটাম দিয়েও ঘুরে দাড়াতে পারছে না তারা। আন্দোলনের হুংকার ছাড়লেও বাস্তবে কর্মসূচি দেয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারছে না বিএনপি – জামায়াত। নেতাকর্মীদের জীবন-শঙ্কা ভর করে গেছে। সিনিয়র-জুনিয়র, মধ্যমসারি-তৃনমূল সর্বত্রই গুম, খুন, মামলা, হামলা, গ্রেফতার, রিমান্ড ও কারাগারের ভয় চেপেছে। অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। একসময়ে আন্দোলনের মূল শক্তি হিসেবে বিবেচিত হলেও তারা এখন দলের জন্য বোঝা হয়ে গেছে।

বিরোধী জোটকে মোকাবেলায় সরকার অনেকটা সফল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও সরকারের কৌশলটি রাজনৈতিক ইতিহাসে নেতিবাচকভাবে লেখা হচ্ছে, তবে আপাতত শেখ হাসিনার সরকার সবকিছুতেই যেন সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। বিএনপি জামায়াত ঘরানার সাংবাদিক-পেশাজীবীরাও এখন কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। বন্ধ করে দেয়ার পর আমার দেশ, দিগন্ত টিভি এবং চ্যানেল ওয়ান-এর অনেক সংবাদকর্মী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন।

স্বয়ং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেই নানা মামলা দিয়ে কোনঠাসা করে ফেলেছে সরকার। আর তৃনমূলের পিলার হিসেবে বিবেচিত সক্রিয় নেতাকর্মীদের অনেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, আর অনেকে কারাগারে সীমাহীন যন্ত্রণা ভোগ করছেন। কিছু নেতাকর্মীকে ফেসবুকে সরব দেখা গেলেও দিনের বেলা তাদের দেখা মেলে আদালতের বারান্দায় অসংখ্য মামলার হাজিরা দিতে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সক্রিয় দেখা গেলেও সেখানেই জমায়েতে ভাটা পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ও নিউইয়র্ক সফরের বিরুদ্ধে বরাবরের মতো গত মাসেও বিক্ষোভ প্রদর্শন করেছে তারা। তবে এবার বিএনপি জামায়াতের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল আগের চেয়ে অনেক কম। সূত্র জানিয়েছে, দেশে পরিবারের সদস্যদের হয়রাণির ভয়ে এবার অনেকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেননি।

একইভাবে যুক্তরাজ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীক নেতাকর্মীদেরও অনেকে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বলে সূত্র জানায়। সরকারি দল ও গোয়েন্দা সংস্থার রিপোর্টে একাধিকবার তাদের নাম আসায় গত আট বছরে অনেকে দেশে ফিরতে পারছেন না। এজন্য কৌশলে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন অনেকে। আবার, সরকারি দলের অন্দরমহলে যোগাযোগ রক্ষার মাধ্যমে অনেকে সরকারের হিট লিস্ট থেকে নাম প্রত্যাহারের চেষ্টা-তদবির করছেন বলে সূত্র জানায়।

নেতাকর্মীদের এমন ভীতিকর অভিজ্ঞতা এবং নিষ্ক্রিয়তার কারণে বিএনপি নতুন কোনো কর্মসূচি প্রণয়নের পরিকল্পনা নিতে পারছে না বলে মনে করেন দলের দায়িত্বশীল নেতারা।

একইভাবে ২০ দলীয় জোটের আরেকটি বড় দল জামায়াত ইসলামী যুদ্ধাপরাধ মামলা সামলাতে গিয়ে এখন স্থবির হয়ে পড়েছে। অসংখ্যা নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। শীর্ষ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে। উদ্ভুত পরিস্থিতিতে জামায়াতের পুরো রাজনীতিই এখন সাবেক শিবির নেতা-নির্ভর। কেন্দ্র থেকে সারাদেশে তারাই আত্মগোপনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

রাজপথে ভুমিকা রাখতে গিয়ে বিএনপি-জামায়াতের সাবেক ছাত্রনেতারা ডজন ডজন মামলা নিয়ে কেউ কেউ কারাগারে আছেন। অনেকে মামলা-হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মিথ্যা মামলার ঘানি টানতে টানতে ২০১৫ সালের মে মাসে কারাগারেই জীবনাবসান হয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গত চার বছর ধরে নিখোঁজ। তার লাশও মেলেনি। ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ গুম হলেও আড়াই মাস পর তাকে পাওয়া যায় সীমান্তের ওপারে, ভারতের শিলংয়ে। এখন তার দেশে ফেরার কোনো নিশ্চয়তা নেই।

এছাড়া ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল অসংখ্য কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি নিজেও জানেন না তার নামে কত মামলা আছে। মামলা সংখ্যা হবে শতাধিক। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নামে মামলা আছে ১১০টিরও বেশী।

যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইফুল আলম নিরবের নামে মামলা আছে দেড় শতাধিক। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সফুর নামে মামলা আছে কমপক্ষে ১০৩টি। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে মামলা সংখ্যা ৪০টি।

ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের নামে মামলা আছে ৬০টির অধিক। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেনের নামে মামলা আছে অর্ধশতাধিক। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর বিরুদ্ধে মামলা সংখ্যা কয়েক ডজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিরুল ইসলাম খান আলীমের মামলা সংখ্যা দুই ডজনের অধিক।

একইভাবে রাজনৈতিক মামলা এবং হয়রানির মুখে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা (যুক্তরাষ্ট্র), সাবেক ছাত্রনেতা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল হক মিলন (যুক্তরাষ্ট্র), ঢাকা মহানগর বিএনপির নেতা এমএ কাইয়ুম (মালয়েশিয়া) সাবেক ছাত্রনেতা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির আহমেদ অসীম (যুক্তরাজ্য), সাবেক ছাত্রনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনছারী (যুক্তরাষ্ট্র), সাবেক ছাত্রনতো ও স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক পারভেজ মল্লিক, সাবেক ছাত্রনেতা ও তারেক রহমানের মিডিয়া সেলে কর্মরত আমিনুল ইসলাম ও শরফরাজ আহমেদ শরফু (যুক্তরাজ্য), সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম শিমু, গরীব হোসেন কান্না, আবু তাহের, জুবায়ের আহমেদ (যুক্তরাজ্য) সহ শত শত নেতাকর্মী।

জামায়াত ইসলামীতে অনেক নেতার মামলা সংখ্যা নিজেই জানেন না। এই তালিকায় আছেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল, শিবিরের সাবেক সভাপতি ড. রেজাউল করিম, ড. শফিকুল ইসলাম মাসুদ, সেলিম উদ্দিন, মতিউর রহমান সহ অনেকে।

জীবনের ঝুঁকি থাকায় ইতোমধ্যে দেশ ছেড়েছেন জামায়াতের সহকারি সেকেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি শিশির মনির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাহবুব সালেহী ও নাজিবউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক মাহবুব আলী খানসুর, নূরে আলম বরষণ, ঢাবিসাস-এর ফরিদ উদ্দীন, ঢাকা মহানগরের আরিফ বিল্লাহ, চট্টগ্রামের মনিরুল ইসলাম প্রমুখ।

এ পরিস্থিতির বিষয়ে তৃনমূলের জনপ্রিয় নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ প্রতিবেদককে বলেন, ভিন্নমতকে পুরোপুরি মুছে দিতে সরকার ষড়যন্ত্র করছে। এজন্য সাবেক ছাত্রনেতা এবং রাজপথের সংগঠকদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রাণি করছে। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী কারান্তরীণ। মিথ্যা মামলা দিয়ে এ সরকারের শেষ রক্ষা হবে না বলে তিনি হুশিয়ারি দেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত